সাভার ট্র্যাজেডি : সজাগ হওয়ার এখনই সময়

আপডেট : ১২ মে ২০১৩, ২১:২৭
আমি আইনের ছাত্র নই। বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে পড়াশোনা করেছি। আইনের ধারা, ফাঁক-ফোকর সম্পর্কে আমার কোনো ধারণাও নেই। সমাজে বসবাসকারী অন্য দশজন সচেতন মানুষের মতো সামাজিক অপরাধ এবং অপরাধের ধরন বিষয়ে আমার ভেতর সম্যক ধারণা আছে। এ ধারণা থেকেই সাভারে রানা প্লাজা হত্যাকাণ্ড নিয়ে লিখতে বসেছি। কেননা সাভারের এ ‘হত্যাকাণ্ড’ নিয়ে জনমনে এবং প্রশাসনে বুঝে বা না বুঝে কিছু বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে। সাম্প্রতিককালে সাভারে বেশ কয়েকটি বৃহত্ শপিংমল চালু হয়েছে। সিটি সেন্টার, নিউ মার্কেট, রাজ্জাক প্লাজা, কুরাইশি সুপার মার্কেট, উত্সব প্লাজা প্রভৃতি শপিংমলগুলো গত ১ মে পর্যন্ত বন্ধ থাকে। শুনেছি ২৪ এপ্রিল ২০১৩ তারিখে রানা প্লাজা হত্যাকাণ্ড ঘটনার পর নির্বিঘ্নে উদ্ধার তত্পরতা চালানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে এসব শপিংমল বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়। রানা প্লাজা হত্যাকাণ্ডের পর সপ্তম দিনে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে রাস্তার এক পাশ দিয়ে গাড়ি চলাচলের অনুমতি দেয়া হয়। এ দিন বিকালে আমি সাভার যাই। লক্ষ্য করি, এসব শপিংমলগুলোর সামনে কালো কাপড়ে একাধিক ব্যানার ঝুলছে। তাতে লেখা রয়েছে ‘রানা প্লাজার মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে মার্কেট বন্ধ \ আমরা গভীরভাবে শোকাহত’। ধারণা করছি, আমরা অনেকেই বুঝে, না বুঝে রানা প্লাজার হতাহতের ঘটনাকে দুর্ঘটনা বলছি। আসলে এখানে বড় ধরনের ভুল হচ্ছে। এই ভুলের কারণে যারা হতাহত হয়েছেন, তাদের ক্ষতি হতে পারে। রানা প্লাজায় স্পষ্টতই হত্যাকাণ্ডর ঘটনা ঘটেছে। সাভারের বিভিন্ন শপিংমলের ব্যবসায়িগণ সবাই নিশ্চয় উচ্চ শিক্ষিত নয়। সমাজে প্রগতিশীল ব্যক্তি হিসেবে তাদের কারো কারো পরিচিতি রয়েছে, এমনটিও জানা নেই। তারা হয়তো পুরো ঘটনার বিচার-বিশ্লেষণ না করেই রানা প্লাজার হত্যাকাণ্ড ঘটনাকে দুর্ঘটনা বলছেন। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ রানা প্লাজায় শত শত প্রাণহানির ঘটনাকে দুর্ঘটনা বলে উল্লেখ করছেন। এটি ঠিক যে, রানা প্লাজা ধসে পড়েছে। কিন্তু এটি তো সাভারের বাইপাইলের স্পেকটার্ম ভবনের মতো হঠাত্ করে ধসে পড়েনি। আমরা মনে করি, এ ভবনটি কোনো প্রাণহানি চায়নি বলেই ধসে পড়তে পারে বলে আগাম জানান দিয়েছিলো। ২৪ এপ্রিল ২০১৩ তারিখ সকালে ধসে পড়ার অন্তত একদিন আগে এ ভবন জানিয়ে দেয় যে, সে যে কোনো সময় ধসে পড়তে পারে। এতো ভার তার সহ্য হচ্ছে না। তার ভিত এতো শক্তিশালী নয়। তার এ জানান দেয়ার ঘটনায় নীচ তলা এবং দোতলার বিপণি-বিতান এবং ব্যাংকের লোকজন বের হয়ে যায়। তারা আর ফিরে আসেনি। এ ভবনের গার্মেন্টসগুলোতে যারা কাজ করছিলেন তাদেরও ভবন ধসে পড়ার আগের দিন ছুটি দিয়ে গার্মেন্টস বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু রাতে এ সিদ্ধান্ত পরিবর্তন করে পরের দিন অর্থাত্ যেদিন ভবন ধসে পড়ে সেদিন সকল গার্মেন্টস্ শ্রমিককে যথারীতি গার্মেন্টসে আসতে বাধ্য করা হয়। মৃত্যু যেখানে অপেক্ষমাণ এবং এটা যখন সবাই জানে, তা সত্ত্বেও এমন একটি ভবনে এ শ্রমিকদের আসতে বাধ্য করা ‘হত্যাকাণ্ড’ ছাড়া আর কিছু নয়। আমরা লক্ষ্য করেছি যে, সরকারের কয়েকজন মন্ত্রীও এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন। তারা যথার্থই বলেছেন। একজন মানুষ হত্যার দায়ে যেখানে মৃত্যুদণ্ড হতে পারে, সেখানে শত শত মানুষ হত্যার দায়ে হত্যাকাণ্ড না হয়ে যাবজ্জীবন কারাদণ্ড, এটি কিছুতেই মেনে নেয়া যায় না। আমরা জানি যে, বর্তমান আওয়ামী লীগ সরকার ইচ্ছে করলেই যে কোনো আইন প্রণয়ন করতে পারে। সংসদে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এতদসত্ত্বেও আমরা বলতে চাই, রানা প্লাজা হত্যাকাণ্ড ঘটনায় অপরাধীদের হত্যাকাণ্ড দেয়ার জন্য নতুন আইন প্রণয়ন করতেই হবে, এমন প্রয়োজনীয়তা নেই। আমরা বুঝতে পারছি যে, এ হত্যাকাণ্ড ঘটনায় যে মামলা দায়ের করা হয়েছে, তা কোনো পক্ষই হত্যা মামলা দায়ের করেনি। এ জন্যই সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে সীমাবদ্ধতার কথা বলা হচ্ছে। আমরা নিহতদের পরিবার, আইনজীবী, মানবাধিকার কর্মী, যে কাউকে হত্যা মামলা দায়ের করতে এগিয়ে আসার আহবান জানাই। আমরা ‘হত্যাকাণ্ড’কে হত্যাকাণ্ডই বলতে চাই। হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলা অন্যায়। হত্যাকাণ্ডকে যারা দুর্ঘটনা বলেন তারা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। এতে অপরাধীরা লঘু শাস্তি পাবে। বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে, রানা প্লাজা হত্যাকাণ্ড ঘটনায় দেড় হাজারের মতো শ্রমিকের প্রাণহানি ঘটেছে। এ ব্যাপক সংখ্যক মানুষ হত্যায় সারাদেশে শোকের মাতম শুরু হয়েছে। ক্ষুব্ধ দেশবাসী অপরাধীদের মৃত্যুদণ্ড দেখতে চায়। সারাদেশে আরো সোহেল রানা আছে, আরো আছে গার্মেন্টস্ মালিক, তখন তারাও সাবধান হবে, সচেতন হবে। রানা প্লাজা হত্যাকাণ্ড ঘটনাকে যারা ‘দুর্ঘটনা’ লিখে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড তৈরি করে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং করবেন তাদের ‘রানা প্লাজা হত্যাকাণ্ড’ লেখার আহবান জানাই। লেখক:স্থানীয় পর্যায়ের উন্নয়ন গবেষক Email: [email protected]