দেশে শান্তিপূর্ণ নির্বাচন হবে কি হবে না তা বলা কঠিন
গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি হল নির্বাচন। নির্বাচনে ভোট প্রদান করে দেশের নাগরিকরা নিশ্চিত করেন তাদের নাগরিক অধিকার। নির্বাচিত হন প্রকৃত যোগ্য নেতৃত্ব। যোগ্য নেতৃত্বে দেশ পরিচালিত হয়, অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে, জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, দেশে সামগ্রিক সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করে। সর্বোপরি গণতন্ত্রের ভিত্তি মজবুত হয়। কিন্তু এটা খুবই পরিতাপের বিষয় যে, স্বাধীনতার ৪২ বছরে এসেও আমাদের এখনও শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা এ বিষয়ে চিন্তা-ভাবনা করতে হয়। বিভিন্ন হিসাব-নিকাশ কষতে হয়। অথচ যে সময় আমাদের দেশের উন্নয়নের কথা চিন্তা করে সময় পার করার কথা- সে সময় আমাদের পার করতে হয় উদ্বেগ আর উত্কণ্ঠায়। নির্বাচনে আর খুব বেশি দেরি নেই, তাই দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ আর আলোচনা-পর্যালোচনা। এসব আলোচনা-পর্যালোচনা থেকে পিছিয়ে নেই দেশের চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ জনগণও। আমাদের দেশে এখন যে রাজনৈতিক সংকট এবং সহিংসতা চলছে সে কারণে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা দেশের সচেতন নাগরিক মাত্রই উদ্বিগ্ন। তবে দেশের গণতন্ত্রের ভিত্তি শক্ত করার জন্য, দেশের রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতার জন্য এবং সর্বোপরি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করি। দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে, যোগ্য নেতৃত্ব ক্ষমতায় আসবে, রাজনৈতিক সংহতি স্থিতিশীল হবে, দেশে শিল্প-কারখানার দ্রুত বিকাশ ঘটবে, বেকারত্ব দূর হবে, পোশাক শিল্পের শ্রমিকদের জীবনের নিরাপত্তা বৃদ্ধি পাবে, আর কোন শ্রমিকের প্রাণহানি ঘটবে না এবং সর্বোপরি দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে প্রত্যাশা করি।
পুলক চাকমা
৩য় বর্ষ, ১ম সেমিস্টার, নৃবিজ্ঞান বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
০০০০০০০০০০
বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়
বাংলাদেশ একটি স্বাধীন দেশ, ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ। বাংলার মানুষ সবসময় একটি স্বপ্ন দেখে এদেশ হবে সোনার বাংলা। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা বিশেষ করে রাজনৈতিক অবস্থার কথা চিন্তা করলে মনে হয় সোনার বাংলা থাক দূরের কথা, সোনার মানুষগুলো দু’বেলা দু’মুঠো খেয়ে-পরে জীবন কাটানোটাই হলো কষ্টসাধ্য, এরই সূত্র ধরে বলতে হয়, বর্তমান এই সহিংসতার মূল কারণ হচ্ছে রাজনৈতিক পে ক্ষাপট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই বিশৃংখলা সৃষ্টি হচ্ছে। এই অরাজকতা দূর করতে হলে সবার আগে গুরুত্ব দিতে হবে জনমতকে। আমরা সবাই বিশ্বাস করি, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। কিন্তু দেশের বর্তমান অবস্থা বলে দিচ্ছে বাংলাদেশ হচ্ছে একনায়কতন্ত্র দেশ। এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গণতন্ত্রে বিশ্বাস করতে হবে। জনমতকে গুরুত্ব দিতে হবে। আমাদের সবার একটাই প্রাণের দাবি— আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হোক। কিন্তু কে শুনে কার কথা। সরকার চায় ক্ষমতায় টিকে থাকতে এবং বিরোধী দলও চায় ক্ষমতা ফিরে পেতে। এই অবস্থা আর কতদিন চলবে। বাংলার মানুষগুলোকে নিয়ে ভাবুন। মাতৃভূমিকে নিয়ে চিন্তা করুন। আমরা চাই না এই সহিংসতা ও ধ্বংসের রাজনীতি, আমরা শুধু চাই সুষ্ঠু ও সুন্দর পরিবেশ। এই অবস্থা যদি ফিরিয়ে আনতে হয় তাহলে সবচেয়ে বড় অবদান রাখতে হবে দু’টি বড় রাজনৈতিক দলকে। তারা যদি নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করে সমঝোতায় ফিরে আসে তাহলে হয়তবা সম্ভব হতে পারে।
ইলিয়াছ হোসেন (সাগর)
ইসলামের ইতিহাস, দ্বিতীয় বর্ষ
ঢাকা কলেজ, ঢাকা
০০০০০০০০০০০০০০
সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নিলে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়
বাংলাদেশ একটি সংবিধান পরিচালিত গণতান্ত্রিক দেশ। একটি গণতান্ত্রিক দেশে সঠিক নিয়মে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই স্বাভাবিক। বর্তমানে আমাদের দেশে নির্বাচন এমনটি চাওয়া হচ্ছে যে- তেঁতুল খাব কিন্তু তেঁতুল তলায় যাওয়া চলবে না। তাছাড়া বর্তমানে গণতন্ত্রের প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি। আর দুর্নীতি দ্বারা আক্রান্ত গণতন্ত্র দ্বারা কখনো শান্তিপূর্ণ নির্বাচন আশা করা যায় না। তবে এই দেশে অনেক রাজনীতিবিদের ভিতরে নিন্দুকের পরিচয় মেলে। দুই নেত্রী যদি বর্তমান পরিস্থতি নিয়ে একসাথে এক টেবিলে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নেন, তাহলে আশা করা যায় শান্তিপূর্ণ নির্বাচনের আশা করা যায়। এটাই হতে পারে বর্তমান রাজনীতির সঙ্কট দূরীকরণের একমাত্র সাবলীল পন্থা।
তারিকুল ইসলাম (প্রিন্স)
বামনা সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজ
কলাগাছিয়া, বামনা, বরগুনা
০০০০০০০০০০
রাজনীতির ক্যান্সার অপসারিত হলেই সুষ্ঠু নির্বাচন হবে
অপরাধী ব্যক্তির বিচারকার্য পরিচালনার জন্য যেমন নিরপেক্ষ বিচারক শ্রেয়, তেমনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্দলীয় সরকার ও প্রধান-অপ্রধান দলগুলোর মীমাংসিত পথই সর্বোত্তম। বিভীষিকাময় রাজনীতি, ধ্বংসযজ্ঞ রাজনীতি, আশীবিষের মত রাজনীতি, কোন্দলযুক্ত রাজনীতি বিরাজমান থাকলে শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে না। রাজনীতির ক্যান্সার অপসারিত হলেই সুষ্ঠু নির্বাচন হবে। দেশে বর্তমানে হরতাল পালিত হচ্ছে হাঁড়ির ভাতের মত। কোন দল তার দাবি আদায় বা পূরণ হওয়ার জন্য হরতাল করে কিন্তু গভীর যাতনার বিষয় যে, হরতালে বেশি ভোগান্তির কবলে পড়ে আমার মতই সাধারণ মানুষ, সাধারণ জনগণ। যারা প্রতিদিন রোজগার না করলে একমুঠো অন্ন পেটে পুরতে পারে না, যারা একদিন আয় করতে না পারলে সংসারের প্রয়োজনীয় খরচাদি জোগাতে পারে না, যারা হরতালের কারণে বা অস্থিতিশীল রাজনীতির জন্যে অভাবে উপোষ থাকে, যারা লেখাপড়া করে কিন্তু শান্তিপূর্ণ প্রিপারেশন অনুযায়ী পরীক্ষা দিতে পারে না, যারা নিকটতম স্বজন হারালেও দূরের পথ পাড়ি দিতে পারে না, যাদের একমাত্র সম্বল প্রাইভেট কার বিনাশ করা হয়, যাদের পিটিয়ে বা গুলি করে হত্যা করা হয়, যারা সংঘাতময় অস্থিতিশীল রাজনীতিতে আক্রান্ত হয়ে প্রাণ হারায়— তাদের প্রতি চোখ তুলে তাকাবে কে? কে তাদের ক্ষতিপূরণ দেবে? কে তাদের পাশে দাঁড়াবে? ঘৃণা হয় স্বদেশে, সোনার বাংলায় আমাদের মত মানুষই অসভ্যতা করি সভ্যতাকে। জনগণ কাদের পক্ষে? যারা এ সমস্যার সমাধান করবে? না যারা সমস্যা সৃজন করবে? অবশ্যই জনগণ চায় শান্তিপূর্ণ নির্বাচন আর তা সম্ভব এসব সমস্যা সমাধানে।
মো. পলাশ হোসেন
নৃবিজ্ঞান বিভাগ, ১ম বর্ষ,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
