বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার জাতিসংঘ

আপডেট : ১২ মে ২০১৩, ২২:০৭
বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ও জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত্ করেন। বিশেষ দূত ফার্নান্দেজ বলেন, জাতিসংঘ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কতিপয় ক্ষেত্রে বাংলাদেশ অনুসরণীয় সাফল্য অর্জন করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ সাফল্যের প্রতীক। বাংলাদেশের বন্ধু হিসাবে জাতিসংঘ বাংলাদেশের অব্যাহত অগ্রগতি অর্জনে সহায়তা প্রদানে আগ্রহী। তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশের সাথে অংশীদারিত্বকে খুবই গুরুত্ব দেয়। ফার্নান্দেজ আশা প্রকাশ করেন যে, সরকার ও বিরোধী দল সফল আলোচনার মাধ্যমে স্বচ্ছ ও সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে সক্ষম হবে। উন্নয়নের জন্য গণতন্ত্রের বিকল্প নেই এবং বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করতে আগামী সংসদ নির্বাচনের পূর্বেই একটি সুস্থ পরিবেশ সৃষ্টি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্পিকার বলেন, আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ইতিমধ্যে সরকারি ও বিরোধী দলের মধ্যে আলোচনার একটি আবহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছেন। বিরোধী দলের সিনিয়র নেতারা এ লক্ষ্যে নিজেদের মধ্যে আলোচনা করছেন। অতীতে আলাপ আলোচনার মাধ্যমে অনেক রাজনৈতিক মতপার্থক্য দূর হয়েছে। এবারও আলোচনার মাধ্যমে সরকার ও বিরোধী দল একটি সুষ্ঠু সমাধানে পৌঁছাতে সক্ষম হবে। তিনি বলেন, সামনেই বাজেট অধিবেশন। এ অধিবেশনে সকল সদস্যই আলোচনার সুযোগ পাবেন। আগামী সংসদ নির্বাচন নিয়ে সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা অনুষ্ঠানে স্পিকার হিসাবে সংবিধান ও কার্যপ্রণালী বিধির আওতায় আমি সাধ্যতম চেষ্টা করব। বাজেট পাসের পর তা হতে পারে এবং জাতীয় সংসদ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। বিরোধী দলের সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা নিয়ে আলোচনা করা যেতে পারে। বিরোধী দল যদি সংসদে যোগদান না করার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেন তবে তা নিরসনেও উদ্যোগ নেয়া হবে।