ঢাবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ১২ মে ২০১৩, ২২:০৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে আধিপত্য বিস্তারকে কেন্দ করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। উভয় গ্রুপই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফের নিয়ন্ত্রিত। ঘটনা সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই ছাত্রলীগের হল সাধারণ সম্পাদক ইয়াজ আল রিয়াদের সাথে তার গ্রুপের সিনিয়র নেতা শ্যামলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ করে উত্তেজনা চলে আসছিল। গতকাল মধুর ক্যান্টিনে এ নিয়ে ইয়াজ শ্যামলকে মারধর করে। এ ঘটনা হলে জানাজানি হলে শ্যামল গ্রুপের সমর্থকরা এর প্রতিবাদ করে। এ সময় ইয়াজ গ্রুপের ৩০/৩৫ জনের কর্মী লাঠি-সোঁটা নিয়ে শ্যামল গ্রুপের সমর্থকদের ধাওয়া করে হলের বাইরে নিয়ে যায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ করে দুই গ্রুপের মধ্যে একটু ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে এখন সবকিছু ঠিক হয়ে গেছে।