বিদ্যুতের দাম আপাতত আর বাড়ছে না। বিতরণ কোম্পানিগুলো বিইআরসির কাছে আবেদনের পর নির্দিষ্ট সময় পার হবে আগামীকাল মঙ্গলবার। তবে এখনই আর বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিতরণ কোম্পানিগুলোর আবেদনের পর ৯০ দিনের মধ্যে রায় দেয়ার নিয়ম আছে। সে হিসেবে আগামীকাল ১৪ মে ৯০ দিন শেষ হবে। কিন্তু এর মধ্যে রায় না দিলেও আইনি কোন বাধ্যবাধকতা তৈরি হবে না বলে বিইআরসি সূত্র জানিয়েছে। কারণ বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব পর্যালোচনা করতে আরো কিছু তথ্য-উপাত্ত চেয়েছে বিইআরসি। সেসব তথ্য পাওয়ার পর নতুন করে সময় শুরু হবে। তবে তথ্য পাওয়ার পর দ্রুত সময়ে রায় দেয়া হবে বলে জানা গেছে। সেক্ষেত্রে বিদ্যুতের দাম না বাড়িয়ে কোম্পানিগুলোকে ভর্তুকি দেয়ার সুপারিশ করতে পারে বিইআরসি।
বিতরণ কোম্পানিগুলো বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয়ার পর বিইআরসি তাদের আয়-ব্যয়ের হিসেব পর্যালোচনা করে। সেখানে বলা হয় গড়ে সাড়ে তিন থেকে চার শতাংশ বিদ্যুতের দাম বাড়ালে ‘লাভ নয় লোকসান নয়’ পর্যায়ে আসবে কোম্পানিগুলো। সেক্ষেত্রে পিডিবির দাম বর্তমান দাম থেকে প্রতি ইউনিট বাড়ানোর প্রয়োজন চার দশমিক ৮৪ শতাংশ বা ২৫৪ কোটি ৭২ লাখ টাকা, আরইবির তিন দশমিক ৫০ শতাংশ বা ২৬০ কোটি টাকা, ডিপিডিসি তিন দশমিক ৬৫ শতাংশ বা ১৬১ কোটি ৮৬ লাখ টাকা, ডেসকো তিন দশমিক ৩০ শতাংশ বা আশি কোটি ৪৬ লাখ টাকা এবং ওজোপাডিকো চার দশমিক ১৫ শতাংশ বা একান্ন কোটি ৭৩ লাখ টাকা।
