এমনিতেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা হারানোর পর খুব একটা স্বস্তিতে ছিল না ম্যানচেস্টার সিটি। এর উপর তাদের হতাশা বাড়ালো উইগান অ্যাথলেটিক। শনিবার রাতে অনুষ্ঠিত এফএ কাপের ফাইনালে এই মৌসুমের সবচেয়ে বড় বিস্ময়ের উপহার দিয়ে ম্যানচেস্টার সিটিকে হারালো ১-০ গোলে। প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের প্রায় সবটুকু সময়ই গোল দেখতে পায়নি ওয়েম্বলি স্টেডিয়াম। তবে শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে গোল করে উইগানকে শিরোপার আনন্দে ভাসান বেন ওয়াটসন। আর ম্যাচ হারার সাথে সাথে একটা ব্যাপার নিশ্চিত হয়া গেল যে এই মৌসুমে কোন শিরোপার দেখা পাচ্ছে না গতবারের ইংলিশ প্রিমিয়ার লিগ বিজয়ীরা। তাই পরাজয়ের পর স্বাভাবিকভাবেই হতাশ দলটির ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি। গণমাধ্যমকে তিনি বলেন,‘আমি খুবই হতাশ। দ্বিতীয়ার্ধের একদম শেষ মুহূর্তে আমাদের গোল হজম করতে হয়েছে। আর সবমিলিয়ে আমরা ভালো ফুটবল খেলতে পারিনি। এরপরেও এই ম্যাচটি হেরে যেতে পারি সেটা আমাদের কল্পনাতেও ছিল না। যাই হোক এটাই ফুটবল।’ পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সুযোগ হারানোকেই দুষছেন এই ইতালিয়ান, ‘শুরুতে আমাদের খেলায় একদমই গতি ছিল না। প্রথমার্ধে আমরা গোল করার দু’টি সহজ সুযোগ পেলেও ব্যর্থ হয়েছি।’
পরাজয়ের ফলে চাকরি হারাতে পারেন মানচিনি। বেশ কিছুদিন ধরেই গুজব, ম্যানচেস্টার সিটি দলে কোচ হয়ে আসছেন আরেক ইতালিয়ান ও স্প্যানিশ ক্লাব মালাগার কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি। আর এই মৌসুমের বাজে পারফরম্যান্সের পর তার কোচিং নিয়েও প্রশ্ন উঠেছে। তবে গুজবে কান দিচ্ছেন না কোচ মানচিনি। তার মতে, এটা বোকাদের কথা ছাড়া অন্য কিছু নয়। ইন্টার মিলানের এই সাবেক কোচ বলেন, ‘আমি এই দলের কোচ। আর আমি চোখ বন্ধ করে বলতে পারি আমি এই তিন বছর দায়িত্বশীলতার সাথে কাজ করেছি। আর আমার চুক্তির মেয়াদে আমার আরও চার বছর বাকি। গুজব যদি সত্য হয় তাহলে আগামী দুই সপ্তাহের মধ্যেই আপনারা সেটার ফল দেখতে পারবেন। আর যদি সেটা না হয় তাহলে আগামী ছয় মাস ধরে আপনারা এসব লিখতে থাকবেন।’
২০০৯ সালে ইংলিশ ক্লাবটির দায়িত্ব পান রবার্তো মানচিনি। তার অধীনেই ২০১০ সালে এফএ কাপ জয় করে ক্লাবটি। আর গত মৌসুমের লিগ শিরোপা তো আছেই। আর তার সাথে সিটি দলের চুক্তির মেয়াদ ২০১৭ সাল পর্যন্ত। নিজেদের পরাজয়ে হতাশা প্রকাশ করলেও উইগানকে অভিনন্দন জানাতে ভুলেননি মানচিনি। সাথে সাথে বিপক্ষে দলের কোচের প্রশংসাও করলেন, ‘ম্যাচ শেষে জয়ী দলের স্থানে উইগান। আমি দলটির এবং তাদের কোচের জন্য অত্যন্ত আনন্দিত। রবার্তো মার্টিনেজ একজন সেরা মানের কোচ। মানুষ হিসেবেও তিনি ভাল।’
