টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪

সিলেট স্টেডিয়ামের বিকল্প আছে বিসিবির কাছে

আপডেট : ১২ মে ২০১৩, ২২:১৩
সিলেট স্টেডিয়ামের কাজ সময়মত শেষ না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু হিসেবে বিকল্প ঠিক করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বিসিবির এক কর্মকর্তা এ তথ্য জানান। আইসিসির এক প্রতিনিধি দল গত মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে ২০১৪ সালের মার্চে অনুষ্ঠেয় বিশ্বকাপটির ভেন্যুগুলো পরিদর্শন করেন। জানা গেছে প্রতিনিধি দলটি ফিরে যাওয়ার আগে বিসিবির কাছে ভেন্যু সংস্কার নিয়ে অসন্তোষ প্রকাশ করে। বিশেষ করে সিলেট ও কক্সবাজার স্টেডিয়ামের কাজের ব্যাপারে। কিন্তু বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আইসিসি অসন্তুষ্ট নয়। তারা ভেন্যুর কাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সময়মত কাজ শেষ হবে কিনা সেটি নিয়ে উদ্বেগের কথা বলেছে।’ অনুসন্ধানে জানা গেছে মূলত সময়মতো শুরু না হওয়ায় সিলেট ও কক্সবাজার স্টেডিয়ামের কাজ শেষ হতে বিলম্ব হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজক বাংলাদেশ মূল ভেন্যু হিসেবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট স্টেডিয়ামকে বেছে নেয়। কিন্তু আইসিসির পর্যবেক্ষ দল কাজের অগ্রগতি দেখে অসন্তোষ প্রকাশ করায় বিসিবিকেও এ নিয়ে ভাবতে হচ্ছে। সেজন্যই বিসিবির সিইও’র মুখে শোনা গেল প্ল্যান ‘বি’র কথা, ‘সিলেটের কাজ সময়মত শেষ হবে কিনা তা নির্ভর করছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উপর। আমাদের যেটা মনে হয়, অক্টোবরের মধ্যে সব কাজ শেষ হবে। যদি কোন কারণে কাজ শেষ করা না যায়, তাহলে আমাদের প্ল্যান ‘বি’ আছে, সেটা প্রয়োগ করবো।’ বিসিবি বিকল্প হিসেবে এখন কক্সবাজার স্টেডিয়ামের কথা ভাবছে। আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পেতে হলে ধারে কাছে আন্তর্জাতিক মানের হোটেল এবং বিমানবন্দরও প্রয়োজন। সিলেট ও কক্সবাজার স্টেডিয়াম ছাড়া অন্য কোন ভেন্যুতে এই সুবিধা নেই। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের কথা চিন্তা করেছিল বিসিবি, কিন্তু এই দুই জায়গায় আন্তর্জাতিক মানের হোটেল নেই। বিসিবির সিইও বলেন, ‘খুলনার প্রসংগ আসছিল, কিন্তু সেখানে এক সাথে দুটি টিমের বেশি অবস্থানের সুযোগ নেই। তাই খুলনাকে বাদ দেয়া হয়েছে। সময়মত কাজ শেষ না হলে আমাদের প্ল্যান ‘বি’ প্রয়োগ করতে হবে।’ জানা গেছে আইসিসি প্রতিনিধি দলের ভেন্যু পরিদর্শনের পর বিসিবিকে বলা হয়েছিল, পরবর্তী ১৫ দিনের মধ্যে ভেন্যু সংস্কারের অগ্রগতি এবং ছবি তাদের কাছে ই-মেইল করতে হবে। বিসিবি ইতোমধ্যে কিছু ছবি ও কাজের অগ্রগতির একটা রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। উল্লেখ্য, আইসিসির আরেকটি প্রতিনিধি দল এ বছরের জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে ভেন্যুগুলো পরিদর্শনের জন্য। এরপর অক্টোবরে হবে চূড়ান্ত পরিদর্শন।