অবসরে পল স্কোলস!

আপডেট : ১২ মে ২০১৩, ২২:১৪
একের পর এক বিস্ময় উপহার দিয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রায় ২৭ বছর দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করার পর অবসর নিলেন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। অবসর নেয়ার এই মিছিলে যুক্ত হলো আরও একটি নাম। তিনি পল স্কোলস। ইংলিশ এই তারকা জানিয়ে দিলেন এই মৌসুমের পরই জার্সি-বুট তুলে রাখতে যাচ্ছেন তিনি। ৩৮ বছর বয়সী স্কোলস ২০১০-১১ মৌসুমে বিদায় নিয়েও আবার ফিরে এসেছিলেন ২০১২ সালে। তবে ইনজুরির কারণে এই মৌসুমে খুব বেশি মাঠে নামা হয়নি তার। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে স্কোলস বলেন, ‘আমি সারাজীবন ফুটবল খেলতে চেয়েছি। আর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আমার গর্ব করার মতো একটা ক্যারিয়ার আছে। এখন ক্লাবটি অনেক ব্যালান্সড। আশা করি নতুন কোচ ডেভিড মোয়েসের অধীনে ইউনাইটেড আরও সামনে এগিয়ে যাবে।’