যাহা সত্যি, তাহাই বলিলেন তিনি। সত্যি কথাটা বলিবার সত্ সাহসের জন্য তাহাকে ধন্যবাদ না জানাইলে কৃপণতা হইবে। এতদিন যাহারা, তাহার মুখে শুধু ‘রাবিশ’ শব্দটিই শুনিয়া আসিতেছিলেন, তাহারা খানিক ভ্যাবাচ্যাকা খাইয়া গিয়াছেন গত শনিবার। যিনি কোন বাছবিচার ছাড়াই সবকিছুতে ঢালাও মন্তব্য করিয়া থাকেন এবং ‘রাবিশ’ শব্দটি যাহার মুখে বেশিবার ব্যবহূত হইয়াছে দেখিয়া অনেকেরই বিশ্বাস না করিবার যথেষ্ট কারণ রহিয়াছে যে, অবশেষে তিনি নিখাদ সত্যিটাই বলিলেন। তিনি হইলেন আমাদের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলিয়াছেন, চলমান রাজনৈতিক সংকটের কারণে দেশের ব্যবসা-বাণিজ্য বন্ধ হইয়া গিয়াছে। বাংলাদেশি পণ্যের বিদেশি ক্রেতা আসিতেছে না। বাতিল হইয়া যাইতেছে রফতানি আদেশ। উন্নয়ন সহযোগী সংস্থার লোকেরাও আসিতে পারিতেছে না। তাহারা না আসিলে আর্থিক সহায়তা পাইবার বিষয়টিও অনিশ্চিত থাকিয়া যায়। আর এই সময়ে তাহাদের বেশি প্রয়োজন দেখা দিয়াছে। জুনের প্রথম সপ্তাহেই বাজেট ঘোষণা করিতে হইবে। তাহার কাছে পর্যাপ্ত অর্থের অভাব রহিয়াছে তাহাও আমরা বুঝিতেছি। নির্বাচনী বত্সরে জনতুষ্টির বাজেট প্রণয়ন করিতে হইবে, তাহাও সত্যি কথা। কিন্তুু সেই রকম আর্থিক সঙ্গতি এই মুহূর্তে নাই। রাজস্ব আদায়ও লক্ষ্যমাত্রার তুলনায় পিছাইয়া পড়িয়াছে। এইসব সংকটের মধ্যেই বাজেটের হিসাব-নিকাশ মিলাইতে গিয়া আসল সত্যিটা তাহার কাছে ধরা পড়িয়াছে। সেই কারণেই তাহার মুখ ফসকাইয়া আর্থিক দুরবস্থার নিরেট খাঁটি কথাটি বাহির হইয়া গিয়াছে। দীর্ঘ চার বত্সর পর অর্থনীতি নিয়া হতাশ হইলেও ইহার দায়ভার তিনি এড়াইতে পারেন না। কারণ, শুধু রাজনৈতিক সংকটই অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করিতেছে না, বরং বেশকিছু নীতির কারণেও শিল্প-ব্যবসার চাকা মন্থর হইয়া গিয়াছে। গ্যাস-বিদ্যুত্ সংকটের পাশাপাশি অনুপযোগী ঐসব নীতিমালা বাস্তবায়ন করিতে গিয়াও ক্ষতি হইয়াছে অর্থনীতির। অর্থনীতির প্রাণপ্রবাহ শেয়ার বাজারকেও তলানিতে নিয়া ঠেকাইবার আগে বেশকিছু নিয়মকানুন করা হইয়াছিল। প্রকারান্তরে ঐসব নিয়ম সুবিধাভোগীদের জন্যই সহায়ক হইয়াছিল। দিনে ১৮বার সিদ্ধান্ত বদলাইবার বিষয়টিও আমরা ভুলিয়া যাই নাই। সেই সবকিছুর দায়ভারও অর্থমন্ত্রীর। তাহার দফতরের নির্দেশনা ছাড়া এমনটি করা সম্ভবপর ছিল না।
বলা বাহুল্য যে, বাংলাদেশের অর্থনীতির বিশাল অংশ এখনো অসংগঠিত রহিয়া গিয়াছে। এই অসংগঠিত খাতের মধ্যে দিনমজুর হইতে শুরু করিয়া ব্যক্তি-উদ্যোগে কোনকিছু করিয়া ন্যূনতম জীবনধারণকারীরাও রহিয়াছেন। তাহাদের সুবিধাদির কথাতো দূরেই থাক, বরং এদেশে শিল্প-বাণিজ্যের জন্য সহায়ক নীতি প্রণয়নেও খুব বিচক্ষণতার প্রমাণ আমরা পাই নাই। বিগত বত্সরগুলোতে সংকোচনমূলক মুদ্রানীতি করিয়া বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমাইয়া দেওয়া হইয়াছিল। বলা হইয়াছে, মূল্যস্ফীতি কমাইতে এমন নীতির দরকার। আসলে সরকার তাহার ব্যয় মিটাইতে ব্যাংক ব্যবস্থা হইতে প্রচুর পরিমাণে ঋণ লইয়াছিল। যাহার ফলে সরকারি ব্যয় বাড়িয়া বরং মূল্যস্ফীতিকেও বাড়াইয়াছে। প্রসঙ্গক্রমে খেলাপি ঋণের বিষয়টিও উদ্ধৃত করা যায়। ঋণের শ্রেণীবিন্যাসের যেই নীতি করা হইয়াছে তাহাও যথাযথ হয় নাই। ইহা লইয়া ব্যাংকারদের মহলেও আলোচনা প্রচুর। যেখানে সরকার গ্যাস-বিদ্যুত্ সুবিধা দিতে পারে নাই, কলের চাকা ঘুরে নাই এবং উদ্যোক্তার পকেটে টাকা আসে নাই, সেখানে সুদাসলে ঋণের কিস্তি শোধের কঠোর নিয়ম হিতে বিপরীত হইয়াছে। গত এক বত্সরে দ্বিগুণেরও বেশি বাড়িয়াছে খেলাপি ঋণ। একই ভাবে পণ্য আমদানি করিয়া বন্দর হইতে খালাস করিতে এবং তাহা বিক্রি করিয়া ব্যাংকের অর্থ ফেরত দিতে ষাট দিন সময় কি যথেষ্ট? কিন্তুু সেই নিয়মই করা হইয়াছে। না হইলে তাহা স্পেশাল মেনশন এ্যাকাউন্টভুক্ত (এসএমএ) করা হইতেছে। কোন রকম বাস্তবতা বিবেচনায় না রাখিয়া এই ধরনের নিয়ম করিলে ব্যবসা-বাণিজ্য বন্ধ হইবে এমনটাইতো স্বাভাবিক? ইহার দায়ও অর্থমন্ত্রীকেই নিতে হইবে। কেবল রাজনৈতিক অস্থিরতার কথা বলিয়া অর্থমন্ত্রী দায় এড়াইতে পারেন না।
