বাংলাদেশকে নিয়ে নতুনভাবে হিসেব-নিকেশ করতে শুরু করেছে বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে নিয়োজিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমদানিকারকগণ। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এক সময়ের তলাহীন ঝুড়ির কলঙ্কের কালিমা মুছে যখন দেশটি একটি উদীয়মান ও সম্ভাবনাময় দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে বিভিন্ন ক্ষেত্রে স্বর্নিভর ও আত্মপ্রত্যয়ের দৃপ্ত পদক্ষেপে অগ্রসরমান হচ্ছিল তখন আবার নতুনভাবে দেশটির উপরে শনির বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। রাজনীতির ছত্রচ্ছায়ায় বাংলাদেশ বিরোধী ভাবাপন্ন দেশি ও বিদেশি শক্তিগুলো আবার ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে পুরো দেশটাকে অস্থির ও অস্থিতিশীল করে তোলার অপচেষ্টায় ব্যাপকভাবে লিপ্ত রয়েছে। সাম্প্রতিককালে মারাত্মক নাশকতা ও সহিংস রাজনীতির তাণ্ডব চোখে আঙ্গুল দিয়ে তা আমাদের দেখিয়ে দিচ্ছে। আসলে এসব কার্যক্রমকে রাজনীতির কোন সংজ্ঞায় ফেলা যায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিনিয়ত যেভাবে একের পর এক হরতাল ও সহিংস রাজনীতিকে উস্কানি দিয়ে ভাংচুর, হত্যা ইত্যাদি চালানো হচ্ছে তা দেশের মানুষের মধ্যে ব্যাপক শঙ্কা ও আতংক সৃষ্টি করছে। বিশেষ করে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ফটিকছড়িতে যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও তাণ্ডব সৃষ্টি করা হয়েছিল যাতে শতাধিক মটর সাইকেল ও গাড়িতে আগুন দিয়ে পুরো এলাকাকে ভস্মীভূত করা হয়। খবরে প্রকাশ যে, এই ধ্বংস ও তাণ্ডবের মূল হোতা হিসেবে নেতৃত্বে ছিল বিএনপি জামায়াত-শিবির চক্র। যার ফলস্বরূপ তিনজন লোক নিহত হয়। ঘটনা এখানেই শেষ হয়নি। এর কিছুদিন পর ঢাকায় এক সমাবেশে সাবেক মেয়র সাদেক হোসেন খোকা দম্ভ করে বলেছিলেন— তাদের দাবি আদায় করতে প্রয়োজনে ফটিকছড়ির মত সর্বাত্মক হামলা চালানো হবে। এর কিছুদিন পর বিএনপির কেন্দ্রীয় নেতা এম. কে. আনোয়ার ঘোষণা দিলেন, তত্ত্বাবধায়ক সরকার না মানলে ফটিকছড়ির মত প্রতিরোধ গড়ে তোলা হবে। আসলে এগুলো কিসের ইঙ্গিত বহন করে? আমরা মনে করি রাজনীতি হওয়া উচিত ‘ওয়ার অব উইটস’। প্রতিনিয়ত দায়িত্বশীল মহল থেকে যুদ্ধাংদেহী মনোভাব কখনও কাঙ্ক্ষিত নয়।
হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলাদেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সকলের সমন্বিত প্রয়াস ও ধ্যান-ধারণায় সমৃদ্ধ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। কিন্তু গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, সেই ঐতিহ্যবাহী সংস্কৃতির মূলে কুঠারাঘাত করে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প সর্বত্র ছড়ানো হচ্ছে, যার কিছু কিছু খবর পত্রিকায় প্রকাশ পাচ্ছে। ডেইলি স্টার উল্লেখ করেছে: মার্চ মাসে ৯৪টি হিন্দু মন্দিরে আক্রমণ করা হয়েছে। প্রথম আলো লিখেছে: রাজৈর কালীমন্দিরে গভীর রাতে আগুন লাগাতে গিয়ে বিএনপি নেতা আটক। একইভাবে ২৩-০৪-২০১৩ ডেইলি স্টার উল্লেখ করেছে চট্টগ্রামে বোয়ালখালী সঙ্খমুনী প্যাগোডায় দু’টি বৌদ্ধ মূর্তি আক্রান্ত হয়। এসবই পরিকল্পিতভাবে করা হচ্ছে অভ্যন্তরীণ শান্তি বিনষ্ট করতে। বিশেষ করে হিন্দু-বৌদ্ধ প্রভৃতি সম্প্রদায়ের মধ্যে ভীতি ও আস্থাহীনতা সৃষ্টি করে অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করে ফেলা। ২১-০৪-২০১৩ দৈনিক ইত্তেফাকের এক খবরে বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূতের একটি অভিব্যক্তি উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন: ‘আমি হতাশ, ভয়ে বিনিয়োগকারীরা চলে যাচ্ছে’।
গত মাসের শেষ সপ্তাহে ৩৬ ঘণ্টা যে লাগাতার হরতাল দেয়া হয় তার আগের দিন রাজধানীতে আটটি গাড়িতে আগুন লাগিয়ে জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি করা হয়। উল্লেখ্য যে, ৩৬ ঘণ্টার এই হরতালের পূর্বে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের টানা ষোলদিন হরতাল অব্যাহত ছিল। বড় জাহাজ থেকে ছোট জাহাজে (লাইটার ভেসেলে) মাল উঠানো ও নামানো সংক্রান্ত কাজে নিয়োজিত এইসব শ্রমিকের মাধ্যমেই দেশে মালামাল সরবরাহ অটুট রাখা হয়। কিন্তু লক্ষ্য করা গেল যে, ষোল দিনের হরতাল অবসানের পর পরই আঠারো দলের ৩৬ ঘণ্টা লাগাতার হরতাল ছিল অনেকটা উদ্দেশ্যপ্রণোদিত, যাতে দেশের পণ্যের সাপ্লাই চেইন মারাত্মকভাবে বিঘ্নিত হয়।
এক হিসেবে দেখা গেছে যে, প্রতিদিনের হরতালের ক্ষতির পরিমাণ প্রায় দু’শ’ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ষোলশো কোটি টাকা। যেহারে হরতাল হচ্ছে তাতে আগামী জুন পর্যন্ত প্রায় পঞ্চাশ দিন হরতাল হতে পারে। হরতালের ভুবনে নতুন সংযোজন হেফাজতে ইসলাম। তারাও গত ১২ এপ্রিল সকাল সন্ধ্যা-হরতালের ডাক দিয়েছিল। সুতরাং আঠারো দলীয় জোটে বিএনপি-জামায়াত ছাড়াও হেফাজতে ইসলামের সংযোজন হরতালের মাত্রা বাড়াবে বৈকি। এই যদি অবস্থা হয় তাহলে বায়ান্ন সপ্তাহের বছরে শুক্র ও শনি দু’দিন নিয়মিত সরকারি ছুটির সাথে সরকার ঘোষিত অন্যান্য ছুটি আরও প্রায় পঁচিশ দিন। এর সাথে হরতালজনিত কারণে অঘোষিত ছুটি আরও প্রায় পঞ্চাশ দিন। এছাড়াও বিভিন্ন জেলা ও এলাকায় খণ্ডকালীন ও বিক্ষিপ্ত ধর্মঘট, অবরোধ ইত্যাদিতো রয়েই গেছে। সবমিলিয়ে বছরের অর্ধেকের বেশি অর্থাত্ পঞ্চাশ শতাংশের অর্ধেক কর্মদিবস নষ্ট হচ্ছে। যার হিসেব করলে অবস্থা দাঁড়ায় এই রকম, (৫২+৫২+২৫+৫০=১৭৯+অন্যান্য) এর আর্থিক ক্ষতির হিসাব কি আমরা কখনও দেখার চেষ্টা করেছি?
সম্প্রতি রানা প্লাজার নয়তলা ভবনের ধস এক এবং এর সাথে হাজারের কাছাকাছি শ্রমিকের মৃত্যু, জীবিত, পঙ্গু ও গুরুতর আহত অবস্থায় ২৪৩৭ জন শ্রমিক উদ্ধার। এই শিল্পের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। ইতিপূর্বে নভেম্বর ২০১২ সালে তাজরীন গার্মেন্টস ফ্যাক্টরীতে মারাত্মক অগ্নিকাণ্ডে মারা যায় ১১২ জন গার্মেন্ট কর্মী। এর আগে স্পেক্ট্রাম গার্মেন্টস, চৌধুরী গার্মেন্টস ইত্যাদিতে আগুন লেগে শ্রমিক মৃত্যুর ঘটনা অনেকেরই জানা। আমেরিকার টুইন টাওয়ারের দুর্ঘটনার পর ভবন ধসে মৃত্যুর হারে রানা প্লাজার অবস্থান পৃথিবীতে দ্বিতীয়। ভ্যাটিকানের পোপ পল এই দুর্ঘটনায় ব্যাপক নিন্দা জানিয়েছেন এবং গার্মেন্টস শ্রমিকদের ‘কৃতদাসের’ সাথে তুলনা করেছেন। বলার অপেক্ষা রাখে না যে, এটা বাংলাদেশের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা। এমনিতেই রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে দেশের ভাবমূর্তি তলানীতে চলে গেছে। তার উপর আবার এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা খুবই অনভিপ্রেত। গার্মেন্টস শিল্প নিয়ে বহুদিন ধরেই দেশি-বিদেশি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত। গত ত্রিশ বছরে প্রায় শূন্য থেকে বেড়ে ওঠা এই শিল্প বর্তমানে আঠারো বিলিয়ন মার্কিন ডলারের শিল্প। এই শিল্পপণ্যের প্রধান ভোক্তা ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি দেশ, যারা এই শিল্পের উত্পাদিত পণ্যের ষাট শতাংশ ব্যবহার করে থাকেন। এই শিল্পে নিয়োজিত রয়েছে প্রায় ৩৫ লক্ষ পোশাক শ্রমিক, যার নব্বই শতাংশ মহিলা। যারা পাঁচ হাজার গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। গার্মেন্টস শিল্পে ‘মেইড ইন বাংলাদেশ’ একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড হিসাবে সুখ্যাতি অর্জন করেছে। রানা প্লাজার সাথে ইতিপূর্বে ঘটিত দুর্ঘটনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমদানিকারকসহ বিভিন্ন মহল থেকে বাংলাদেশকে প্রদেয় জিএসপি সুবিধা বাতিলের জন্য ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের রফতানিকারকদের ১২.৫০% হারে অতিরিক্ত শুল্ক প্রদান করতে হবে, যা এই শিল্পের সমূহ সম্ভাবনাকে মুখ থুবড়ে ফেলে দিতে পারে। খবরে প্রকাশ যে, ইতিমধ্যে ৪০ শতাংশ অর্ডার অন্যত্র চলে গেছে। অবস্থা যদি এই রকম চলতে থাকে তাহলে কয়েক লক্ষ শ্রমিক বেকার হওয়াসহ ব্যাপকমাত্রায় বৈদেশিক মুদ্রা হ্রাস ও ব্যাংক ঋণ অনাদায়ী থেকে অর্থনীতির উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।
সর্বশেষে গত ৫ ও ৬ মে সংঘটিত অবরোধ এবং এর সাথে যে সহিংসতা ও নাশকতা সংঘটিত হয়েছে তার আর্থিক ক্ষতির পরিমাণ হিসাব করলে যে কোন বিবেকবান মানুষকে উদ্বিগ্ন করে তুলবে। সহিংসতা ও নাশকতার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান কারো কাম্য হতে পারে না। এই প্রসঙ্গে ২০০০ সালে ইন্দ্রোনেশিয়ার রাজনৈতিক অঙ্গনে একটি ঘটনার নজির উল্লেখ করে আমার বক্তব্য শেষ করতে চাই। উল্লেখ্য যে, ইন্দোনেশিয়ার লৌহমানব সুহার্তোর পতনের পর ১৯৯৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনে আব্দুর রহমান ওয়াহেদ ৩৭৩টি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং মেঘবতী সুকার্ণপুত্রী পেয়েছিলেন ৩১৩টি ভোট। যদিও পার্লামেন্টের নির্বাচনে মেঘবতী পেয়েছিলেন শতকরা ৩৪ শতাংশ ভোট এবং আব্দুর রহমান ওয়াহেদ পেয়েছিলেন মাত্র ১০ শতাংশ ভোট। সুতরাং এটি প্রায় নিশ্চিত ছিল দেশের ভাবী প্রেসিডেন্ট হচ্ছেন মেঘবতী। তাই প্রেসিডেন্টের এই নির্বাচনী ফলাফলকে দেশের মানুষ সহজে মেনে নিতে পারেনি।
তাদের রায় ছিল মেঘবতীর পক্ষে। ফলে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণায় সমগ্র ইন্দোনেশিয়ায় আগুন জ্বলে উঠেছিল দাউদাউ করে। কী সর্বনাশা কাণ্ড? দেশপ্রেম ও বিবেকের তাড়নায় ওয়াহেদ ছুটে গেলেন মেঘবতীর কাছে। আর কোন কথা নেই। এ রক্তক্ষয় ও হানাহানি বন্ধ করতে হবে। ভাইস প্রেসিডেন্টের পদ অফার করলেন মেঘবতীকে। “সূক্ষ্ম কারচুপি” বা “বিজয় ছিনতাই”-এর অভিযোগ এনে তারা দেশকে রক্তপাতের দিকে টেলে দেননি। একেই বলে রাজনৈতিক প্রজ্ঞা।
“Politics is the art of the possible”.আমরা আশা করবো দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে রাজনৈতিক সমঝোতা ও আলাপ-আলোচনার মাধ্যমে সংকট উত্তরণে তারা এগিয়ে আসবেন। প্রধানমন্ত্রীর প্রদত্ত প্রস্তাবে আলাপ-আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন অনুষ্ঠিত করে বহু রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই মাতৃভূমিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন। আবারও বলছি, ৪৮ ঘণ্টার “আলটিমেটাম” বা “অবরোধ” সমস্যা সমাধানের কোন পথ হতে পারে না। দেশের বর্তমান সংকটময় অবস্থা ও ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনার কথা মাথায় রেখেই দুই নেত্রীকে প্রয়োজনীয় ছাড় দিয়ে খোলা মন নিয়ে আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধানের পথ বের করা উচিত।
লেখক :ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক
email:[email protected]
