সাভারের রানা প্লাজা ধবংসস্তূপ হতে শাহিনাকে বাঁচাতে পারেনি এজাজউদ্দিন চৌধুরী কায়কোবাদ। এজাজকে বাঁচাতে পারেনি ১৬ কোটি মানুষের বাংলাদেশ। শাহিনাকে বাঁচাতে না পারার যন্ত্রণা যেন এজাজকে নিয়ে গেল না ফেরার দেশে, শাহিনারই কাছে। মরহুম এজাজকে হারিয়ে দিল শাহিনা, আর ১৬ কোটি মানুষ হেরে গেল এজাজের কাছে। হেরে যাওয়ার বেদনাকে আমরা- কে, কিভাবে মেনে নেব বা নিচ্ছি জানি না। শুধু এটুকু জানি, যে শাহিনার জন্য জীবন উত্সর্গ করে দিল এজাজ, সে শাহিনা ব্যস্ত ছিল সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে জীবনের শেষ দিন পর্যন্ত। শাহিনা মহাবিপদের আশঙ্কা জেনেও মানুষ নামক পশুদের লাঠির আঘাতের ভয়ে বা মাস শেষে সামান্য কিছু বেতনের আশায় অথবা চাকরিটা টিকিয়ে রাখার তাগিদে মৃত্যুকূপ-রানা প্লাজায় ঢুকে পড়ল ২৪ এপ্রিল সকাল ৮টায়। ঠিক ৪৫ মিনিট পরই শাহিনার জীবনের সব স্বপ্ন যেন জিম্মি হয়ে গেল নিম্নমানের ইট, বালি, সিমেন্ট, রডের সাথে দুর্নীতির মিশ্রণ আর নরপিশাচ রানা এবং অর্থ পিপাসু গার্মেন্টস মালিকদের কাছে। জীবনযুদ্ধে প্রাণপণ লড়ে গেলেন শাহিনারা, সাথে যোগ দিল এজাজউদ্দিন কায়কোবাদসহ সামরিক-অসামরিক ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের অসংখ্য মানুষ। জীবনের পুঞ্জিভূত সব সাহস ও শক্তি দিয়ে শাহিনা একাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁচে রইল ৪ (২৪ এপ্রিল হতে ২৭ এপ্রিল ২০১৩ পর্যন্ত) দিন।
ইতোমধ্যে রানা প্লাজা’র ধবংসস্তূপ হতে ১০জন গার্মেন্টস কর্মীকে জীবিত উদ্ধারকারী সাহসী সৈনিক এজাজ শাহিনাকে বাঁচানোর যুদ্ধে যোগ দিল ২৮ এপ্রিলে। এজাজের দুঃসাহসিক কণ্ঠের ঘোষণা, ‘‘শাহিনা আপনি সাহস হারাবেন না, আমরা জীবন দিয়ে হলেও আপনাকে জীবিত উদ্ধার করব।” এজাজের দৃঢ় প্রত্যয়ই শাহিনাকে করে তুললো আরো সাহসী, তাঁকে দেখালো বেঁচে থাকার অসম্ভব সুন্দর স্বপ্ন । দেড় বছরের শিশু সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সর্বশেষ ইচ্ছেটুকু যেন পূরণ হতে যাচ্ছিল মা শাহিনার। শাহিনা পারেনি জীবনের সর্বশেষ ইচ্ছেটুকু পূরণ করতে, আর এজাজ পারেনি শাহিনাকে বাঁচাতে। এজাজ নিজেই অগ্নিদগ্ধ অবস্থায় কোনরকমে আপাততঃ ফিরলেন মৃত্যুকূপ থেকে। তাকে ভর্তি করা হলো সাভার সিএমএইচ-এ সেখান থেকে আনা হলো ঢাকা সিএমএইচ-এ। অবস্থার উন্নতি না হওয়ায় ৩০ এপ্রিল ২০১৩ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাত্ক্ষণিকভাবে এয়ার এ্যাম্বুলেন্সযোগে তাকে পাঠানো হলো সিঙ্গাপুরে। তবু তার মৃত্যুর কাছে হেরে গেলাম সবাই!
কিন্তু এজাজতো আর কমিটমেন্ট ভঙ্গ করার মানুষ নয়। তিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন আর্নেস্ট হেমিংওয়ের সে বিখ্যাত উক্তি ‘‘Man can be destroyed not to be defeated.” ভূপেন হাজারিকার বিখ্যাত সে গানের কথা “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য...” কথা দিয়েছিলেন শাহিনাকে বাঁচানোর জন্য জীবন দেবে, এ কমিটমেন্ট থেকে এক পা’ও সরে যাননি তিনি। শাহিনার চলে যাওয়ার ঠিক ৭ দিন পর এজাজও চলে গেলেন- না ফেরার দেশে, হয়তো শাহিনার কাছে কথা রাখতে না পারার দায়ে, ক্ষমা চাইতে।
কিন্তু আমরা যারা বেঁচে আছি- শাহিনা, এজাজ বা নাম না জানা সেসব সাহসী যোদ্ধাদের জন্য কিইবা করতে পারব? হয়তোবা তাদের পরিবারকে কিছু আর্থিক সহযোগিতা দিয়ে টিভি পর্দার দর্শকদের কাছে নিজেকে মহত্ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলব। গণমাধ্যমে প্রচার হবে আমরা অনেক কিছু করেছি ওদের জন্য। এরপর সবাই ফিরে যাব আমরা স্বাভাবিক জীবনে। তারপর হয়তো আবার একটি অস্বাভাবিক দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে রানা বা অন্য নামের কোন নরপিশাচরা। যথারীতি সবার মত আমরাও আবার ব্যস্ত হয়ে পড়ব জীবিত মানুষ বা মৃত লাশের সন্ধানে। ভুলে যাব শাহিনা, এজাজসহ সকলকে। এটাই যেন নিয়ম, এ নিয়মের বাইরে একটি পা’ও ফেলতে পারি না আমরা। গার্মেন্টস কর্মী শাহিনা বা কোন এক প্রতিষ্ঠানের সামান্য কর্মচারী এজাজ অথবা হাজার খানেক সামান্য গার্মেন্টস কর্মীর নামতো আর ইতিহাসে জায়গা পাওয়ার কথা নয়! এমনকি এজাজের নামের আগে শহীদও বলা যাবে না!! কারণ শহীদ হতে হলে নাকি জীবনের চেয়ে আরো বড় কিছু উপহার দিতে হবে!!! মানুষ বাঁচানোর যুদ্ধে মারা গেলে কি শহীদ হয়? তাইতো তার নামের আগে মরহুম বিশেষণ দিয়েই সঠিক (?) দায়িত্ব পালন করছি আমরা!!!!
হয়তো ছোট মুখে অনেক বেশি কথা বলে ফেললাম। সবাই বলবে কাজে না বড় হয়ে, কথায় বড় হয়ে গেছি আমি। ক্ষমা চেয়ে নিলাম বেশি কথা বলার দায়ে। ছোট দুটি দাবি উপস্থাপন করেই লেখাটি শেষ করছি। এজাজউদ্দিন চৌধুরী কায়কোবাদকে রাষ্ট্রীয়ভাবে ‘শহীদ’ ঘোষণা করে তার পরিবারের সকলকে শহীদ পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি দেয়া হোক এবং ‘শহীদ এজাজ পদক’ নামে নতুন একটি জাতীয় পদক চালু করা হোক। যে বা যারা প্রাকৃতিক কিংবা মনুষ্যসৃষ্ট দুর্যোগে অথবা অন্য কোন দুর্ঘটনা কবলিত মানুষ বাঁচানোর যুদ্ধে অসামান্য অবদান রাখবে তাদেরকে জীবিত অথবা মরণোত্তর -এ পদকে ভূষিত করা হবে। এ দাবি আমার রাষ্ট্রের কাছে, ষোল কোটি মানুষের কাছে।
শহীদ এজাজের অবুঝ সন্তানদ্বয় হয়তো আর কোনদিন বাবার কোলে-কাঁধে চড়ে লাফালাফি করতে পারবে না, বায়না ধরতে পারবে না চকলেট এনে দেয়ার। কিন্তু বড় হয়ে যখন বুঝবে তার বাবার মহান আত্মত্যাগের ঘটনা ১৬ কোটি মানুষ শ্রদ্ধাবনত চিত্তে হূদয়ের গভীরতম স্থানে জায়গা দিয়েছে অতি যত্নসহকারে, তখন পিতাহারানোর বেদনাসহ সকল দুঃখ ঘুচে যাবে তাদের, তারা হয়ে উঠবে অসীম সাহসী, জিতে যাবে জীবনের সকল যুদ্ধে।
লেখক :সাবেক শিক্ষিকা, কোডা কলেজ ঢাকা
