বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পোশাক শিল্পের ভূমিকা অসামান্য। দেশের মোট রপ্তানি আয়ের ৭৮ শতাংশই আসছে এ খাত থেকে। এ শিল্পে প্রায় চল্লিশ লাখ শ্রমজীবী লোক কাজ করছে। অর্থনীতির চাকাকে সচল রেখেছে এই শ্রমজীবী মানুষ। তাই তাদের কাজের নিশ্চয়তা বিধান, উপযুক্ত পারিশ্রমিক এবং সঠিক কর্মপরিবেশ ও আনুষঙ্গিক সুবিধা ইত্যাদির ক্ষেত্রে তাদের অধিকারের প্রতি সুদৃষ্টি দেয়া অবশ্যই দরকার। লক্ষ্য রাখতে হবে সাভার ট্রাজেডির মত এমন নির্মম ঘটনা যেন আর না ঘটে। আর যেন একটি প্রাণও অকাল মৃত্যুর কোলে ঢলে না পড়ে। এই যেন হয় আমাদের অঙ্গীকার।
২৪ এপ্রিল ২০১৩। জাতীয় জীবনে এক ভয়াবহ দুর্যোগপূর্ণ দিন। সর্বশেষ খবর অনুযায়ী সাভারে রানা প্লাজা ধসে পড়ে এগার শতাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং প্রায় তিন হাজার শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ২৩ এপ্রিল অর্থাত্ দুর্ঘটনার আগের দিন রানা প্লাজায় বড় ধরনের ফাটল দেখা দেয়। ফলে ঐ ভবনে অবস্থিত ব্র্যাক ব্যাংক তাদের সকল কর্মকাণ্ড বন্ধ করে দেয়। কিন্তু রানা প্লাজার গার্মেন্টস মালিকরা তা গুরুত্ব না দিয়ে শ্রমিকদের কাজে যেতে বাধ্য করেন। শ্রমিকরা ভবনে ঢুকতে না চাইলেও চাকরি হারানো আর বেতন না দেয়ার ভয়ে তারা কাজে যোগদানে বাধ্য হয়। হায়রে ভাগ্যের নির্মম পরিহাস। যমদূতই যেন তাদেরকে সেদিন ডেকে নিয়ে গিয়েছিল রানা প্লাজার সেই মৃত্যুগহ্বরে। রানা প্লাজা ধসের ভয়াবহ এ শোক কখনো ভুলার নয়। সেই অব্যক্ত, হূদয়বিদারক দৃশ্য থেকে দুটি মর্মস্পশী ঘটনা উল্লেখ করবো, যা সারাক্ষণ মনকে অনেক কষ্ট দিচ্ছে। হতভাগ্য আলতাফ হোসেন, বয়স ২৫/৩০ হবে হয়তো। রানা প্লাজা ধসে পড়লে একটি পিলার তাকে চাপা দেয়। পিলারটি এমনভাবেই তার উপর পড়েছিল যা সরানোটা ছিল দুরূহ ব্যাপার। ফলে উদ্ধারকারীদের করার কিছুই ছিল না। প্রচণ্ড ব্যাথায় তার ঠোঁট-মুখ শুকিয়ে গিয়েছিল, কথা বলতে পারছিল না, বহুকষ্টে বলছিল ‘আমাকে বাঁচান, কষ্ট আর সহ্য হচ্ছে না’। টেলিভিশনে তাকে চাপাপড়া অবস্থায় কথা বলতে দেখেছি। দেখেছি অন্ধকার কূপে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুর সাথে কিভাবে পাঞ্জা লড়ছে। তার করুণ মুখখানি আজও বার বার স্মৃতিপটে ভেসে উঠে। সবার অলক্ষ্যে মনটা খারাপ হয়ে যায়। হায়রে ভাগ্যের লিখন। কেন এভাবে মৃত্যু? এর জন্য কে দায়ী? কে দেবে এর উত্তর। পরের দিন অর্থাত্ ২৭ এপ্রিল শুক্রবার, খবরে জানা যায় হতভাগ্য আলতাফ আর বেঁচে নেই। চলে গেছে সে না ফেরার দেশে।
আরেক হতভাগী নাম শাহীনা। নিজেকে ধ্বংসস্তূপ হতে উদ্ধারের জন্য প্রচুর আকুতি মিনতি জানিয়েছিল। উদ্ধারকর্মীদের উদ্ধার চেষ্টায় এতটুকু কমতি ছিল না, তবুও তাকে বাঁচানো যায়নি। ধসে পড়া ভবনের নিচে ১০০ ঘন্টা বেঁচে থাকার লড়াই করেছে শাহীনা। শাহীনার সাথে যারা কথা বলেছে তারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে কান্নায় ভেঙ্গে পড়েন। কান্নায় ভেঙ্গে পড়েন লেফটেন্যান্ট আশরাফ ও ফায়ার সার্ভিসের আবুল খায়ের। রড কাটার সময় আগুন লেগে সে আগুন ছড়িয়ে পড়ার কারণে হতভাগী শাহীনাকে উদ্ধার করা সম্ভব হয়নি। শাহীনাকে বাঁচাতে গিয়ে স্বেচ্ছাসেবক মো. এজাজউদ্দিন কায়কোবাদ এর শরীর প্রায় ৫৫ শতাংশই পুড়ে যায়। এতে সব চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে ধ্বংসস্তূপ হতে শাহীনার মরদেহ বের করে আনা হয়। অনেক আক্ষেপ করে একজন উদ্ধারকর্মী বললেন, আটকেপড়া মানুষগুলো এত কাছে তবুও যেন কত দূরে যে তাদের তিন/চার দিনেও উদ্ধার করা যায়নি।
বলতে হবে, সাভার ট্রাজেডির উদ্ধার কর্মীরা জাতির অহংকার। তাদের মধ্যে ছিল অদম্য মনোভাব। কোন বাধা না মেনে, জীবনের ঝুঁকি নিয়ে তারা অক্লান্ত পরিশ্রম করে উদ্ধার কাজ করেছেন। উদ্ধার কার্যক্রম দেখে মনে হয়েছে এত শোকের মধ্যে এক একটি প্রাণ উদ্ধার করে তারা যেন মহানন্দ খুঁজে পেয়েছেন। সেনাবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস, এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ, চিকিত্সক যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন তা রীতিমত বিস্ময়কর। তাদের এই মহানুভবতা ও দায়িত্ববোধ জাতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সবশেষে ভারাক্রান্ত হূদয়ে বলতে চাই, কেন এমন দুঘটনা ঘটে? কেন জাতীয় জীবনে নেমে আসে এই ঝড়ঝঞ্ঝা আর বিশৃঙ্খলা? লোভ, লালসা আর দুর্নীতি কি এর প্রধান কারণ? দুর্নীতি সমাজের মেহনতী মানুষের রক্ত শোষণ করে চলেছে। এই দুর্নীতি বাংলাদেশের সমাজ জীবনকে কুরে কুরে খাচ্ছে। আজকে পোশাক শিল্পে বিশৃঙ্খলা দেখা দিলে আমরা তথা দেশ জাতি সকলেই ক্ষতিগ্রস্ত হবে। কারণ মোট রপ্তানি আয়ের ৭৮ শতাংশই আসে এ শিল্প হতে। বিষয়টি ব্যবসায়ী, রাজনীতিক, গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের নেতা সকলকেই ভেবে দেখতে হবে। তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে দুর্নীতিমুক্ত, উচ্ছৃংখলতামুক্ত, সুষ্ঠু ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে। শোক-দুঃখ ব্যথা-বেদনা ভুলে গিয়ে আবার জীবনযুদ্ধে পথ চলতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। গড়তে হবে সুখী সমৃদ্ধ কল্যাণমূলক রাষ্ট্র।
লেখক: ব্যাংকার
