১৯৪৭ সনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নিগড় হতে স্বাধীনতা লাভের পর প্রায় পৌনে এক শতাব্দী অতিবাহিত হলেও পাকিস্তানে গণতন্ত্রের কোন স্মরণীয় অধ্যায় রচিত হয়নি। কেয়ারটেকার সরকারের অধীনে গত ১১মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার পারমাণবিক ক্ষমতাধর দেশটিতে গণতন্ত্রের অরুণোদয় হতে চলেছে।
স্বৈরতন্ত্র, স্বেচ্ছাতন্ত্র, সেনাতন্ত্রই পাকিস্তানের রাজনীতির ঐতিহাসিক বৈশিষ্ট্য। গত দেড় যুগ ধরে বিশেষতঃ ৯/১১-এর পর বিশ্ব রাজনীতির পরিবর্তিত বাস্তবতায় পাকিস্তানের জনগণ কখনো সামরিক একনায়ক, কখনো বা ছদ্ম সামরিক স্বৈরশাসনে নির্যাতিত ও নিষ্পেষিত হয়েছে। সেই দুর্বল, ভীরু ও অগণতান্ত্রিক শাসকবৃন্দের যোগসাজশে বিশ্ব রাজনীতির মোড়ল শক্তিসমূহ জাত্যাভিমানী, আঞ্চলিক পরাশক্তির গৌরবাধিকারী, পাকিস্তানকে বিশ্বসভায় নতজানু, হতাশাচ্ছন্ন ও ব্যর্থ রাষ্ট্রের অভিসম্পাতে বৈশিষ্ট্যমন্ডিত করেছে। পাকিস্তানে গণতান্ত্রিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাত্পর্য হলো গণমানুষের গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের উন্মেষ মুহূর্তের হাতছানি, গণমানুষের মনোকাঠামোয় গণতান্ত্রিক প্রতিফলনের নবনির্মিত মনোজগত্। উদাহরণস্বরূপ, সাবেক ক্রিকেটতারকা এবং সদ্যসমাপ্ত নির্বাচনী রঙ্গমঞ্চে দ্বিতীয় স্থানাধিকারী ইমরান খান হতাশাক্লিষ্ট ও ভোটদানে অনিচ্ছুক নারী শ্রেণীর স্বতঃস্ফূর্ত ভোট দানের চমত্কার চিত্র বর্ণনা করেছেন। এ দু’শ্রেণী এতদিন পাকিস্তানের কোন নির্বাচনে অংশ নিতে চায়নি। কিন্তু এবারকার নির্বাচনে সেই অনিচ্ছুক, হতাশাক্রান্ত পুরুষ ভোটাররা উপলব্ধি করেছে যে, তাদের ভাগ্য তাদের হাতেই রচিত হবে, অন্যদের দ্বারা নয়। পাকিস্তানি নারীরা অতীতে কখনো এত বিপুলসংখ্যায় স্বতঃস্ফূর্ত ভোট দান করেনি। এবার কিন্তু তারা দলে দলে প্রবল আস্থা, বিশ্বাস ও প্রত্যয় নিয়ে একটি ‘নতুন পাকিস্তানের’ গণতান্ত্রিক যাত্রায় পূর্ণমাত্রায় অংশগ্রহণ করেছে।
দ্বিতীয়ত, পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠানের অতীত রীতি এবং রাজনৈতিক সংস্কৃতির ঐতিহাসিক ঐতিহ্য থেকে কাঠামোগত ও সংস্কৃতিগত পার্থক্য নিয়ে সদ্যসমাপ্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্বৈরশাসক ও সেনাশাসকের ঐতিহাসিকতা ডিঙিয়ে কেয়ারটেকার সরকারের অধীনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়ে বিশ্বদরবারে দক্ষিণ এশিয়ার প্রথম কেয়ারটেকার ব্যবস্থার সূতিকাগার বাংলাদেশের পর পাকিস্তান কেয়ারটেকার ব্যবস্থার অনুসারী দ্বিতীয় গণতান্ত্রিক দেশের মর্যাদায় অভিষিক্ত হয়েছে। সাধারণত সেনাবাহিনীর শক্তিমদমত্ততায় আইনের বৈধকরণের ছত্রছায়ায় পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। সেই চিরায়ত সংস্কৃতির পরিবর্তন করে কেয়ারটেকার ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে পাকিস্তানে গণতন্ত্রের এক স্বর্ণযুগে প্রবেশ করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রাক নির্বাচনী অঙ্গীকারসমূহের উপস্থাপনা এবং নির্বাচনী ইস্যুসমূহের বিশ্লেষণ করলেও আমরা পাকিস্তানের গণতন্ত্রায়নের প্রভাতরশ্মি দেখতে পাই। পাকিস্তানের মূল সমস্যাগুলো হলো সর্ববিস্তৃত দুর্নীতি, ভঙ্গুর অর্থনীতি, বিদ্যুত্ ঘাটতি, ক্ষয়িষ্ণু আর্থসামাজিক অবকাঠামো, নতজানু, দুর্বল ও ভীরু পররাষ্ট্র নীতি এবং সর্বোপরি বিপর্যস্ত রাজনৈতিক সংস্কৃতি। পাকিস্তান মুসলিম লীগ নেওয়াজ (পিএমএল-এন) সমর্থিত ও নির্বাচনে বিপুল বিজয়ের অধিকারী সম্ভাব্য সরকার প্রধান নেওয়াজ শরীফ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তান তেহরীক-ই-ইনসাফ (পিটিআই) এর কর্ণধার ইমরান খান এ জাতীয় ইস্যুসমূহের সমাধানের সময়োচিত পদক্ষেপ গ্রহণের যে অঙ্গীকার তাদের নির্বাচনী ইশতেহারে পেশ করেছেন, তা সাধারণ জনগণের হূদয়কে এতই স্পর্শ করেছে যে, তারা জনগণের সমর্থন পেয়ে পাকিস্তানে গণতন্ত্রায়নের নতুন অধ্যায় সংযোজিত করতে যাচ্ছেন।
৯/১১-এর পর পরিবর্তিত পরিস্থিতিতে পৃথিবীর অন্যান্য এলাকার ন্যায় দক্ষিণ এশিয়ার অন্যতম আঞ্চলিক পরাশক্তি পাকিস্তানের আভ্যন্তরীণ আর্থসামাজিক রাজনৈতিক সমস্যাসমূহ দেশটির বহিঃরাষ্ট্র সম্পর্কজাত উত্স হতে সৃজিত। পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতিতে তালেবানসহ অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর যে হুমকি এবং সেই হুমকি নিরসনে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের পররাষ্ট্রিক সম্পর্কের যে কাঠামোগত তালাবদ্ধতা (structural interlocking), তাই-ই পাকিস্তানে আভ্যন্তরীণ রাজনীতিতে শত জঞ্জাল বিছিয়ে দিয়েছে। সেই নিরাপত্তা হুমকি নিরসনে পাকিস্তানের গণবিচ্ছিন্ন সরকার যুক্তরাষ্ট্র তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধের’ রণাঙ্গন হিসেবে পাকিস্তানের ভূমি ব্যবহারের অনুমতি দিয়ে এবং পরবর্তীতে ড্রোন হামলার মত ভীরু ও কাপুরুষোচিত রণকৌশলের সমর্থন দিয়ে পাকিস্তানে আভ্যন্তরীণ রাজনীতি যে বিপর্যয় ডেকে আনে, সেই বিপর্যয় থেকে নির্বাচিত প্রার্থীদ্বয় পাকিস্তানকে রক্ষার দৃপ্ত ঘোষণা দিয়ে জনমনে স্থায়ী আস্থার আসন অলঙ্কৃত করতে সক্ষম হয়েছেন। নেওয়াজ শরীফ তালেবানদের সাথে শান্তিপূর্ণ আলোচনার প্রস্তাব দিয়ে এবং ইমরান খান ড্রোন হামলা বন্ধের অঙ্গীকার দিয়ে সাধারণ পাকিস্তানিদের হতাশা ও যন্ত্রণা দূর করে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত পূরণ করেছেন। সদ্য সমাপ্ত নির্বাচনের মাধ্যমে পাকিস্তানে গণতন্ত্র বিকাশের অপর একটি শক্তিশালী নির্ধারক হলো জনবিচ্ছিন্ন রাজ-ক্ষমতার সমূহ সর্বনাশ এবং জনবান্ধব গণতান্ত্রিক নেতৃত্বের ক্ষমতাধিবাস। সেকুলার গণতন্ত্রের প্রতিশ্রুতি নিয়ে পাকিস্তান পিপলস্ পার্টি (পিপিপি) পাকিস্তানের রাজনীতিকে দীর্ঘ স্বৈরশাসন, নির্যাতন, নিপীড়নের স্বাক্ষর রেখেছে। সর্বশেষ গত ২০০৮ সাল হতে অদ্যাবধি পিপিপি’র নেতৃবৃন্দের সীমাহীন দুর্নীতি, অপশাসন, স্বজনপ্রীতি, দলন-পীড়ন, দুর্বল পররাষ্ট্র নীতি পাকিস্তানিদের মধ্যে যে ঘৃণার জন্ম দেয় তার প্রকাশ ঘটে সাম্প্রতিক নির্বাচনে পিপিপিকে প্রত্যাখ্যান করার মধ্যে। সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির দুই পুত্র আলী মুসা গিলানি ও আব্দুল কাদির গিলানিসহ কিছুদিন আগের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ শোচনীয়ভাবে পরাজিত হয়। ইতিপূর্বে আদালত ইউসুফ রাজা গিলানিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা করে। পিপিপি’র বিজয়াসন কেবল সিন্ধু প্রদেশেই সীমাবদ্ধ থাকে। পিপিপি’র পরাজয়ের তালিকা থেকে সাবেক তথ্যমন্ত্রী কামার জামান কায়রাসহ অন্য সম্মুখসারির নেতৃবৃন্দও বাদ পড়েননি।
পাকিস্তানে উদীয়মান গণতন্ত্রের যাত্রাকালে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভেঙে পড়া জাতীয় ঐক্যের পুনর্গঠন প্রক্রিয়া। রাজনৈতিক দূরদর্শিতার আলোকে তা অবলোকন করেই হয়ত ইতিমধ্যেই নওয়াজ শরীফ সর্বদলের ঐক্যের (unity of all parties) ডাক দিয়েছেন। অচিরেই এ সর্বদল ঐক্যকে জাতীয় ঐক্যে রূপান্তর ঘটাতে হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের নৃতাত্ত্বিক বিশ্লেষণে পাকিস্তানের জনগণের ঐকতান বিকশিত করার পরিবর্তে জনগণকে যে দুঃশাসকরা এতদিন ছিন্নভিন্ন করেছে, তা অচিরেই পুনঃনির্মাণ করতে হবে। সংস্কৃতির এক ও একক বিন্দু হতে উত্সারিত এক পাকিস্তানি (homogeneous)কে বহুধাবিভক্ত (heterogenous) করে যে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করা হয়েছে, অচিরেই তা নিরোধ করে একতাবদ্ধ, শক্তিশালী ও গতিশীল জাতিসত্তার পুন:বিকাশ ঘটাতে হবে।
গণতন্ত্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো তালেবানসহ অন্য ধর্মীয় গোষ্ঠীগুলোর সাথে শান্তিপূর্ণ সংলাপ করা। আফগানিস্তানের সরকার এবং আফগান দখলকারী বৈশ্বিক সাম্রাজ্যবাদী শক্তি দীর্ঘ প্রায় একযুগ যুদ্ধ করেও তালেবানী শক্তিকে বিনাশ করতে সক্ষম হয়নি। শেষ পর্যন্ত তারা কাতারসহ বিশ্বের অন্যান্য জায়গায় এবং আফগানিস্তানের মাটিতে তালেবানের সাথে শান্তি আলোচনায় বসছেন। নতুন পাকিস্তানের নেতৃবৃন্দের আত্মবিস্মৃত হলে চলবে না। তালেবানরা পাকিস্তানের তৃণমূলের জনগণের সাথে মিশ্রিত, অন্যান্য ইসলামী গোষ্ঠী ও পাকিস্তানের সমাজ ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অনুপ্রবিষ্ট। তাদেরকে জোর করে নির্যাতন করে সেখান থেকে চ্যুত করা সম্ভব নয়। বরং তাদের দাবি-দাওয়া শ্রবণ করে গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ উপায়ে তা সমাধানের দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করতে হবে।
পাক-গণতন্ত্রায়নের তৃতীয় শক্তিশালী চ্যালেঞ্জ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পররাষ্ট্রিক সম্পর্কের নববিন্যাসকরণ। নেওয়াজ শরীফ ইতিমধ্যেই ড্রোন হামলা নিয়ে তেমন প্রাক-নির্বাচনী বক্তব্য না দিয়ে যুক্তরাষ্ট্রকে আস্থায় নিয়েছেন। পাকিস্তানের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের মত দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু ও পররাষ্ট্রিক পার্টনারকে সম্পূর্ণ অগ্রাহ্য না করে তার সহযোগিতা ও অংশগ্রহণের নতুন কৌশল গ্রহণ করতে হবে। পাকিস্তানের নবশিক্ষিত নব প্রজন্ম পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যুগান্তকারী অধ্যায় রচনা করতে সক্ষম হলেই সে চ্যালেঞ্জ দূর করা সম্ভব।
সর্বোপরি, পাক জনগণের কাছে দুর্নীতি, অর্থনৈতিক অসম্প্রসরতা, আর্থসামাজিক অবকাঠামোগত দুর্দশা দূর করার যে প্রাক-নির্বাচনী অঙ্গীকার নওয়াজ শরীফ, ইমরানখানসহ অন্য রাজনীতিবিদগণ প্রদান করেছেন, তার আশু বাস্তবায়ন ঘটাতে হবে। নতুন গণতান্ত্রিক সরকারের যাত্রাপথ কুসুমাস্তীর্ণ নয়,এ পথ কণ্টকাকীর্ণ। কেবল সুষ্ঠু পরিকল্পনা, দেশহিতৈশী চেতনা, তীক্ষ দূরদৃষ্টিসম্পন্ন রাজনৈতিক নীতি-কৌশল, স্বচ্ছ, গতিময় ও প্রাজ্ঞ পররাষ্ট্রনীতি দ্বিধাবিভক্ত পাকিস্তানের সমাজ ও গণমানসকে একত্রিত করে উন্নত, প্রাগ্রসর, গণতান্ত্রিক পাকিস্তানের স্থাপনা নির্মাণ করতে পারে।
লেখক : সহযোগী অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
[email protected]
