গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ব্যক্তি কিংবা সংগঠন যে কোন বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করতে পারেন, ন্যায্য দাবি-দাওয়া নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন করতে পারেন। এটি ব্যক্তি কিংবা সংগঠনকে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত গণতান্ত্রিক অধিকার। এই অধিকার সরকার হরণ করতে পারে না। গুলি করে মানুষের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে চাইলে সরকার স্বৈরাচারী সরকার হিসেবে মানুষের মাঝে পরিচিতি লাভ করে। জনসমর্থন কমে যায়। যারা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিল তারা আর ভোট দিতে চায় না। উপমহাদেশের রাজনীতির একটি চরম বাস্তবতা হলো এখানে মানুষকে আন্দোলনের ক্ষেত্রে দমিয়ে রাখা যায়নি। কোনভাবেই না। রক্ত ঝরেছে, রাজপথ রক্তের বন্যায় ভেসে গেছে, তারপরও আন্দোলনকে স্তব্ধ করা যায়নি। ভবিষ্যতেও যাবে বলে মনে হয় না।
গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা-বিরোধী অপরাধের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পর তার বিরোধিতা করে ফাঁসির দাবিতে শাহবাগে ব্লগারদের যে সংগঠনটি আন্দোলন শুরু করেছিল তার বিরুদ্ধে প্রথমদিকে তেমন কোন কথা শোনা যায়নি। কিন্তু এই অরাজনৈতিক সংগঠনটির আন্দোলন যখন সম্পূর্ণ রাজনৈতিক সংগঠনের আন্দোলনে রূপ লাভ করে তখনই জনগণের মাঝে বিপত্তি দেখা দেয়। সবচেয়ে বিপজ্জনক ও আত্মঘাতী হয় তখন যখন দেখা যায় এই আন্দোলনের নেতৃত্বদানকারীদের একটি অংশ রাসূল (সা.)-এর বিরুদ্ধে কুত্সা রটানোর কাজে লিপ্ত। ফুঁসে ওঠে এ দেশের ধর্মপ্রাণ তৌহিদী জনতা। হেফাজতে ইসলাম দেশের তৌহিদী জনতার এই সেন্টিমেন্ট দেখে এই আন্দোলনের একক নেতৃত্ব দেয়া শুরু করে। আন্দোলনের শুরুতে যদি সরকার তাদের সাথে বসে সমঝোতায় আসত তাহলে অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়াত না।
হেফাজতে ইসলাম প্রথমদিকে যে দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিল তার যৌক্তিকতা ছিল। সংখ্যাগরিসম মুসলমানের দেশে মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুত্সা রটানো হলে এর প্রতিবাদ হবে এটি খুবই স্বাভাবিক। শাহবাগের আন্দোলনকারীরা যেমন যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করা নিয়ে আন্দোলন শুরু করার পর রাজনৈতিক দল নিষিদ্ধসহ বিভিন্ন মিডিয়া, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধের দাবিতে আন্দোলন বেগবান করে, তেমনি হেফাজতে ইসলামের কর্মসূচিও শুধু কুত্সা রটনাকারী ব্লগারদের শাস্তি নিশ্চিত করানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে ১৩ দফার রূপ নেয়। শাহবাগের আন্দোলন পায় সরকারের আর হেফাজতের আন্দোলনে তুষ দেয় বিরোধী দল। পিছনে থেকে উভয় দল প্রভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়। হেফাজতে ইসলাম যে ১৩ দফা নিয়ে আন্দোলন করছে তা রাতারাতি কোন সরকার মেনে নিবে এমনটি প্রত্যাশা কর ঠিক হবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচিত যে কোন সরকারের নানারকম বাধা-বিপত্তি থাকে এবং সেসব বাধা-বিপত্তি উপেক্ষা করেই সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হয়। তবে হেফাজতে ইসলামের সব দাবি রাতারাতি মেনে না নিতে পারলেও কিছু দাবি সরকার ইচ্ছে করলেই মেনে নিতে পারত। যেমন— যে সকল ব্লগার রাসূল (সা.)-কে কটুক্তি করে ব্লগে লেখা-লেখি করেছে তাদের ব্লগ বন্ধ করে দিতে পারতো। পুঁজিবাদী এই বিশ্বে, যেখানে প্রতিনিয়ত মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন ঘটছে, সেখানে ইসলামী কোন আইন প্রবর্তন করা কিংবা সরকারকে ইসলামী কোন দাবি মানতে বাধ্য করার জন্য আলটিমেটাম দেয়া কতটুকু যুক্তিযুক্ত তা হেফাজতে ইসলামের সাম্প্রতিক কর্মকাণ্ডে এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দাবিগুলো মেনে নেয়ার জন্য হেফাজতে ইসলাম যদি রাজপথে আন্দোলন করার পাশাপাশি বিভিন্নভাবে এর পক্ষে জনমত গঠনের কাজ করে যেতো তাহলে সরকারের পক্ষে তা যেমন মেনে নেয়া সহজ হতো তেমনি হেফাজতে ইসলামের আন্দোলনও লাভবান হওয়ার সম্ভাবনা থাকত। কিন্তু হেফাজতে ইসলাম তা না করে কঠিন পথে পা বাড়াল কেন? এটি করে কি লাভ হল তাদের? তারা কি শাপলা চত্বরে অবস্থান করতে পেরেছে? তাদের কি এই হুঁশ নেই যে, রাষ্ট্র শক্তির কাছে তাদের সাংগঠনিক শক্তি নিতান্তই দুর্বল? রাষ্ট্র যন্ত্রকে অচল করতে দেয়ার মত অবস্থানে যে তারা আসতে পারেনি এটি কি আগে তাদের বোধোদয় হয়নি? একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পতনের জন্য শাপলা চত্বরে তাদের অবস্থান কি সঠিক ছিল?
হেফাজতে ইসলামের কর্মসূচিতে যারা এসেছিল তাদের অধিকাংশই কওমী মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। যে সকল শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছে তাদের এই ১৩ দফা সম্পর্কে কতটুকু জানা আছে তা আল্লাহই ভাল জানেন। তবে তারা যে তাদের শিক্ষকদের নির্দেশে এখানে আসতে বাধ্য হয়েছিলেন তাতে কোন সন্দেহ নেই। সরকার এই নিরীহ ছাত্রদের ওপর গুলি চালিয়েছে। নিহত হয়েছে তাদের অনেকে। সরকার এটি না করে যদি হেফাজত নেতাদের আলোচনার টেবিলে বসানোর ব্যবস্থা করত তাহলে আর ছাত্রদের জীবন দিতে হত না। হেফাজত নেতাদের কিছু হয়নি। সরকারেরও তেমন কিছু হয়নি। জীবন গেছে নিরীহ মানুষের। রাজনীতির নামে এমন হত্যাকাণ্ড কখনোই মেনে নেয়া যায় না। আমরা এর অবসান চাই। কোন প্রকার অস্থিরতা নয়, শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা চাই।
লেখক: স্নাতক শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
