সিদ্ধান্তটি যে ভুল ছিল অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার তিন দিনের মধ্যে তা বুঝতে পারেন মুশফিকুর রহিম। তাই তিনি স্বীকার করলেন, আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্তটি নিয়েছিলেন। তাই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি জিতে সংবাদ সম্মেলনে এসে মুশফিক বললেন, ‘পদত্যাগের ঘোষণা দেয়ার পর আমি বুঝতে পারি বোর্ডের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া উচিত ছিল। কেননা তারাই তো আমাকে অধিনায়ক বানিয়েছিল। এটা ছিল আমার ভুল। বিসিবি থেকে আমাকে বলা হয়েছে আমি দেশে ফিরে যাওয়ার পর এ নিয়ে কথা হবে। আমি তাদের আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি। এখন তাদের সিদ্ধান্ত নেয়ার পালা।’
জাতীয় দল থেকে মুশফিক পদত্যাগের ঘোষণা দিলেও আসলে তিনি তা করতে পারেন কিনা সে নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ বিসিবি তাকে জিম্বাবুয়ে সফর পর্যন্তই অধিনায়কত্ব দিয়েছিল। বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ হবে অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে। সেই সিরিজে নতুন করে অধিনায়ক ও সহ-অধিনায়ক নির্বাচিত করবে বোর্ড। মুশফিক যদি জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজের আগে পদত্যাগ করতেন তাহলে হয়তো এ নিয়ে প্রশ্ন উঠতো না।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র হওয়ার পর ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ দল। পদত্যাগের কারণ হিসেবে ‘টিম ওয়ার্ক’ এর ঘাটতির কথাও বলেছিলেন মুশফিক। যদিও গত রবিবার রাতে সফরের শেষ ম্যাচটি জিতে তা পুরোপুরি অস্বীকার করে বললেন, ‘এটা টিম ওয়ার্কের বিষয় ছিল না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আবেগবশত। আমার দিক থেকে এটা ছিল ভুল সিদ্ধান্ত। ওরকম সময়ে কোন খেলোয়াড়েরই এমনটা করা উচিত নয়। আমার উচিত ছিল সবাইকে অনুপ্রাণিত করা। কিন্তু আমি করেছি ঠিক উল্টোটা। আমি এখন নিজের ভুল বুঝতে পারছি। দলসঙ্গীরা আমাকে সমর্থন দিয়েছে এবং আমি আশা করি ভবিষ্যতেও তাই থাকবে পরিস্থিতি।’
জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়ের প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল মুশফিক বাহিনী। বাস্তবে ঘটেছে উল্টোটি। টেস্ট সিরিজ ড্র করা গেলেও বাজে পারফর্মেন্সের কারণে হারতে হয় ওয়ানডে সিরিজটি। সংশ্লিষ্টরা ধারণা করছেন জিম্বাবুয়ের কাছে এই পরাজয় মেনে নিতে পারেননি বলে অধিনায়ক হিসেবে বিপর্যস্ত ছিলেন মুশফিক। সংবাদ সম্মেলনে সেই সময়গুলোর বর্ণনা দিলেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা আসলে বেশ হতাশ ছিলাম। কারণ যে ফল হয়েছে তারচেয়ে বেশি প্রত্যাশা ছিল আমাদের নিয়ে। কিছু বিষয় আমাদের সঠিকভাবে হয়নি। তাছাড়া আমাদের খেলার মধ্যে বেশ কিছু ভুল ছিল। আমাদের শেষ ওয়ানডেটি জেতার দরকার ছিল। কিন্তু সেই ম্যাচটি আমাদের কেটেছে হতাশায়। মাঠে আমাদের আরো ভালো পারফর্মেন্স করা উচিত ছিল। মাথাও ঠান্ডা রাখতে পারেনি। আসলে এই সফর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’
