ওল্ড ট্র্যাফোর্ডে আরেকটি সন্ধ্যা কাটালেন পরিবারের সদস্য নিয়ে। এক পরিবার ছেড়ে আরেক পরিবারের প্রতি মনোযোগী হতে যাচ্ছেন। এভাবেই সমাপ্তি ঘটলো ২৭ বছরের এক সম্পর্কের। ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে শেষবারের মতো ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের কোচ হিসেবে দেখা গেল স্যার অ্যালেক্স ফার্গুসনকে। শেষ ম্যাচেও জিতলেন; দল ২-১ গোলে হারালো সোয়ানসি সিটিকে। ৩৮টি ট্রফি জয়ের পর প্রিয় স্টেডিয়াম আর সমর্থকদের বিদায় বললেন ফার্গি।
চিরচেনা এক দৃশ্য, ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নের ট্রফি উঁচু করে হাস্যোজ্জ্বল স্যার অ্যালেক্স ফার্গুসন। গত রবিবার রাতে শেষবারের মতো এই ট্রফিকে উঁচু করে ধরলেন। এর আগেও ১২ বার এই শিরোপার দেখা পেয়েছেন ফার্গি। তবে এসবই এখন ইতিহাস।
পরিবারের জন্যই ফার্গুসনের এই সিদ্ধান্ত। তিনি জানান, স্ত্রী ক্যাথিকে সময় দিতেই প্রিয় ক্লাব ছাড়ছেন তিনি। বর্তমানে ৭১ বছর বয়সী এই স্কটিশ কোচের আবেগঘন বিদায় হয়েছে রবিবার। যদিও তিনি সমর্থক, খেলোয়াড় এবং কোচিং স্টাফদের শুভেচ্ছাও উপভোগ করেছেন। ওল্ড ট্র্যাফোর্ডে শেষ ম্যাচ ছিল তার। এই মাঠে রেড ডেভিলদের নেতৃত্ব দিতে আর নামবেন না তিনি। পুরো ফুটবল বিশ্বকে হতবাক করে দিয়ে গত বুধবার ফার্গুসন জানান, অবসরে যাওয়ার সঠিক সময় চলে এসেছে তার। চলতি মৌসুমের শেষেই তিনি ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে যাবেন। পরের দিন বৃহস্পতিবার ডেভিড মোয়েসকে ইউনাইটেডের কোচ হিসেবে নির্বাচিত করা হয়। মোয়েসও একই দিনে গুডিসন পার্কে ১১ বছরের সম্পর্ক ছিন্ন করলেন। এভারটন ২-০ গোলে ওয়েস্টহ্যামকে হারায়। জয়েই গুডিসন পার্কের অধ্যায় শেষ হয় মোয়েসের। ম্যাচ জয়ের রাতে ফার্গুসন প্রথম জানালেন অবসরের সিদ্ধান্ত কেন নিলেন তিনি। ফার্গুসন বলেন, ‘গত বড়দিনের পর থেকেই শুরু হয় চিন্তা। সাধারণত একটি ব্যাপার বদলে যায় যখন ক্যাথির বোন দেহত্যাগ করে। ৪৭ বছর ধরে সে পরিবারের প্রধান। আমার তিন ছেলেকে সে দেখভাল করেছে এবং আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। কিন্তু তার সেরা বন্ধু তার বোনকে সে হারিয়েছে। তাই এটা গুরুত্বপূর্ণ। আমি আরো চিন্তা করলাম, এটা আরো গুরুত্বপূর্ণ যে বিজয়ী বেশে চলে যাওয়া। এই ক্লাবে আসলেই এটা গুরুত্বপূর্ণ। আমি সব সময় চেয়েছি জয়ী হতে।’
ম্যাচে জাভিয়ার হার্নান্দেজ ৩৯ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন। ৪৯ মিনিটে সোয়ানসি সিটির মিচু গোলটি শোধ করে দেন। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে রিও ফার্দিনান্দ জয়সূচক গোলটি এনে দেন রেড ডেভিলদের। মাঠেই ট্রফি নিয়ে উত্সব শেষে বিদায় নিতে এসে ফার্গি বিদায়ী বক্তব্য দেন। অবসরের পরও ব্যস্ত থাকবেন তিনি। তিনি বলেন, ‘আমি মোটামুটি ফরাসি জানি। পিয়ানোটা ভালো বাজাতে পারি না। সময় হলে প্রশিক্ষক রেখে দেব শেখার জন্য।’ এদিকে টটেনহ্যাম ২-১ গোলে স্টোকসিটিকে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে আসে।
