আগামী তিন বছর নারায়ণগঞ্জ ফুটবলের পাশে থাকবে বাণিজ্যিক প্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপ। প্রতিষ্ঠানটি তিন বছরে নারায়ণগঞ্জের ফুটবল উন্নয়নে ৭৫ লাখ টাকা দেবে। গতকাল দুপুরে বাফুফে ভবনে নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (নারায়ণগঞ্জ ডিএফএ) সাথে ইপিলিয়ন গ্রুপের চুক্তি স্বাক্ষর হয়েছে। ডিএফ’র পক্ষে সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু এবং ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল মামুন স্বাক্ষর করেন। জুনিয়র ফুটবল থেকে শুরু করে প্রথম বিভাগ ফুটবল লিগ স্পন্সর করবে প্রতিষ্ঠানটি।
ইপিলিয়নের চেয়ারম্যান রিয়াজ আল মামুন ছিলেন ক্রিকেট বোর্ড কর্মকর্তা। এক সময়ের তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুর সাথে থেকে নারায়ণগঞ্জের ফুটবল উন্নয়নে রিয়াজ আল মামনু সব ধরনের সহযোগিতা করতে পাশে থাকবেন বলে জানিয়েছেন। মামুনের ডাকে সাড়া দিয়ে আমরা নেটওয়ার্কস লিমিটেড আইটি সংক্রান্ত অন্যান্য কার্যক্রম করে দেবে। ইন্টার স্পোর্টস খেলোয়াড়দের পোশাক সরবরাহ করেব। আকিজ গ্রুপ বেভারেজ খেলোয়াড়দের জন্য পানীয় সরবরাহ করবে। জুনে দ্বিতীয় বিভাগ ফুটবল, জুলাইয়ে অনূর্ধ্ব-১৪ কিশোর ফুটবল লিগ, এরপর প্রথম বিভাগ ফুটবল লিগ, গোল্ডকাপ ফুটবল লিগ, অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল টুর্নামেন্ট, এর মধ্যে তাকেব জেএফএ কাপ, মহিলা চ্যাম্পিয়নশিপ, মহিলা সুপার কাপ, আন্তঃজেলা ফুটবল, অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ। দ্বিতীয় বিভাগ বাছাই ফুটবলও করবে ডিএফএ। তিন বছর প্রথম বিভাগ ফুটবল লিগ হয়নি। এবার সেটা নিয়মিত হবে বলে জানিয়েছেন ডিএফএ’র সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু।
এক সময়ের ফুটবলার আলাউদ্দিন খানের পথ ধরে নারায়ণগঞ্জ থেকে উঠে এসেছেন অনেক তারকা ফুটবলার। জাতীয় দলের জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন দুলু আফেন্দী, চুন্নু, এমিলি, সালাউদ্দিন, আমান উল্লাহ, মোনেম মুন্না, জাকির, গাউস, স্বপন প্রমুখ। এখনও জাতীয় দলে খেলছেন নারায়ণগঞ্জের ফুটবলার। বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে রয়েছেন নারায়ণগঞ্জের ছেলেরা। এই এলাকাটি ফুটবলের জন্য একটা উর্বর স্থান মনে করেন স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান রিয়াজ আল মামুন। তিনি বললেন, এখানে প্রাকৃতিকভাবেই ফুটবলারের জন্ম হয়। আক্ষেপ করে রিয়াজ আল মামুন বলেন, ফুটবলার বেরিয়ে আসতে পারে না আমাদেরও দোষ আছে। আমরা মাঠের সুবিধা, খেলাধুলার সুবিধা দিতে পারি না।’ কাতার বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বাংলাদেশ এগিয়ে যেতে চায় এটাতে আমি একমত। কারণ একটা লক্ষ্য নিয়েই ফুটবলের এগিয়ে যাওয়া উচিত-বললেন রিয়াজ আল মামুন।
নারায়ণগঞ্জ ডিএফএর সাথে ইপিলিয়ন গ্রুপের চুক্তি অনুষ্ঠানে ছিলেন বাফুফের সহ-সভাপতি আরিফ খান জয়, জাকির, স্বপন, সালাউদ্দিন এবং অন্য স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
