প্রিমিয়ার ক্রিকেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবে বিসিবি !

আপডেট : ১৩ মে ২০১৩, ২১:৩২
ক্রিকেট ক্যালেন্ডারের পাতা শেষ হয়ে যাচ্ছে; কিন্তু এই মৌসুমের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুই করতে পারছে না বিসিবি। এই অবস্থার পরেও প্রিমিয়ার ক্রিকেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার কথা জানালেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বিষয়টি সবার কাছেই ধাক্কা লাগার মতো। গুরুত্ব দেয়ার কথা মুখে বলা হলেও গতকাল পর্যন্ত লিগ শুরুর কোন দিনক্ষণ জানানো হয়নি। ক্লাবগুলোর সাথে গতকাল বৈঠক শেষে বোর্ড সভাপতি বৈঠক করলেও এখন পর্যন্ত এই ব্যাপারে কোন সিদ্ধান্তে আসতে পারেননি তারা। গত মার্চে প্রিমিয়ার ক্রিকেটের দলবদল এবং খেলা শুরু হওয়ার কথা থাকলেও ক্লাবগুলোর বেঁকে বসার কারণে লিগ আয়োজন করতে পারেনি বিসিবি। কাল বৈঠক শেষে বোর্ড ও ক্লাব মিলে নতুন সিদ্ধান্ত নিয়েছে, যার সারমর্ম হচ্ছে- খেলোয়াড়দের নিলামের মাধ্যমে কিনে নিবে ক্লাবগুলো এবং খেলোয়াড়দের বিপিএলের মতো গ্রেডের আওতায় আনা হবে। তবে বাদ সেধেছে বৃষ্টি। বর্তমানে বৃষ্টির মৌসুম হওয়ায় কবে থেকে লিগ শুরু করতে পারবে তার জন্য আরো কিছুদিন সময় নিলেন বোর্ড সভাপতি, ‘আমরা আগামী সাতদিনের মধ্যে লিগ শুরুর এবং দলবদলের তারিখ নির্ধারণ করতে পারবো। এছাড়া আজ (কাল) ক্লাবগুলোর সাথে যে বৈঠক হয়েছে তা ফলপ্রসূ হয়েছে। নতুন ফরম্যাটের কথাও আমরা চিন্তা-ভাবনা করেছি’। নতুন ফরম্যাটে খেলা হলে লাভ হবে ক্লাবগুলোর। কারণ এক্ষেত্রে কমে যাবে খেলোয়াড়দের পারিশ্রমিক। কাল বৈঠক শেষে ক্লাব কর্মকর্তাদের মুখের হাসি বলে দিচ্ছিল সিদ্ধান্ত নিয়ে তারা সন্তুষ্ট। ভিক্টোরিয়া ক্লাবের সাধারণ সম্পাদক নেছারুদ্দিন আহমেদ কাজল বলেন, ‘নতুন ফরম্যাটে খেলা হলে আমাদেরই লাভ। আমরা এই পদ্ধতিতে খেলতে রাজি’। একই কথা বললেন আবাহনীর এক কর্মকর্তা, ‘এই পদ্ধতিতে খেলা হলে আমাদের সুযোগ থাকবে বেশি। খেলোয়াড়রাও বেশি টাকা দাবি করতে পারবে না’। ক্লাবগুলোর বেঁকে বসার কারণে এই মৌসুমের লিগ শুরু হচ্ছে দেরিতে, অথচ দেরি করে লিগ আয়োজনের জন্য উল্টো বোর্ডের কাছে আর্থিক সহায়তা চাইল ক্লাবগুলো। সিসিএসের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ চৌধুরী বলেন, ‘আমরা বিপিএলের মতো আর্থিক সহায়তা চেয়েছি। বিপিএলে ফ্রাঞ্চাইজিদের এক কোটি টাকা করে দিয়েছে বোর্ড। আমরাও তাই চেয়েছি, তবে বোর্ড বলেছে ৪০ লাখ টাকা দিবে’। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের মধ্যে লিগ শুরু করবে বোর্ড। বোর্ড সভাপতি কাল এরকমই ইঙ্গিত দিলেন, ‘আমার ইচ্ছা জুনের মধ্যে লিগ শুরু হোক। এ বছর অনেক সমস্যার কারণে লিগ আয়োজন করতে পারিনি। কিন্তু আগামী বছর ক্যালেন্ডারে প্রিমিয়ার লিগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব’। নতুন ফরম্যাটে খেলা হলে ক্লাবগুলোর স্বার্থরক্ষা হবে বটে, তবে আর্থিকভাবে খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টির সাথে একমত পোষণ করেননি বোর্ড সভাপতি, ‘৯৫ ভাগ খেলোয়াড় এই পদ্ধতিতে খুশি হবে। হয়তো পাঁচ ভাগ খেলোয়াড় অখুশি হবে।’ কিন্তু লিগের জন্য ইতিমধ্যে যেসব খেলোয়াড় ক্লাবগুলোর কাছ থেকে টাকা নিয়েছে তাদের কি হবে? প্রশ্নটি শুনে এক ক্লাব কর্মকর্তা হেসে বললেন, ‘সেই টাকা ফেরত নিয়ে নেব আমরা।’