জুরিখে দৌড়াবেন বোল্ট

আপডেট : ১৩ মে ২০১৩, ২১:৩২
স্প্রিন্ট কিংবদন্তী উসাইন বোল্ট আগামী আগস্টে জুরিখে অনুষ্ঠিতব্য ডায়মন্ড লিগ মিটে অংশ নেবেন। অ্যাথলেস্টিক্স ফেডারেশনগুলোর আন্তর্জাতিক সংস্থার (আইএএএফ) ওয়েবসাইটে এক বিবৃতিতে গত সোমবার তিনি এ ঘোষণা দেন। ১০০ এবং ২০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডধারী এ দৌড়বিদ তার বিবৃতিতে বলেন, ‘জুরিখে যাওয়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি। ওখানকার পরিবেশটা সত্যিই দুর্দান্ত। এটিকে ভালো না লাগার কোন কারণ নেই। তাছাড়া প্রতিটি ইভেন্ট এবং প্রতিযোগিতাই হয় দারুণ সাজানো-গোছানো। এ ব্যাপারটাও সেখানে যেতে আমাকে অনুপ্রাণিত করে।’ তবে বেইজিং এবং লন্ডন অলিম্পিকে ১০০ এবং ২০০ মিটার স্প্রিন্টের পাশাপাশি ৪ গুণিতক ১০০ মিটার রিলেতেও স্বর্ণ জয় করা এ জ্যামাইকান আগামী ২৯ আগস্ট জুরিখে কত মিটার দৌড়ে অংশ নেবেন সেটা এখনো নিশ্চিত নয়। তবে জুরিখের আগেই বোল্টকে দৌড়াতে হবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। মস্কোতে আগামী ১০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতা চলবে একই মাসের ১৮ তারিখ পর্যন্ত। অনুশীলন সঙ্গী ইয়োহান ব্লেকের কাছ থেকে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পুনরুদ্ধারের পাশাপাশি বোল্টের জন্য এটি হবে টুর্নামেন্টটির গত আসরের দুঃখ ভোলার মিশনও। কারণ দক্ষিণ কোরিয়ার দেগুতে ২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্ট ১০০ মিটারে ডিসকোয়ালিফাইড ঘোষিত হয়েছিলেন। মস্কোর পরে জুরিখই হবে বোল্টের পরবর্তী গন্তব্য। জুরিখের সাথে বেশ কিছু সুখস্মৃতিও জড়িয়ে আছে বোল্টের। কারণ ২০০৯ সালে ৯.৮১ এবং ২০০৮ সালে ৯.৮৩ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার জিতেছিলেন তিনি। আর গত বছর ১৯.৬৬ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার জেতেন বোল্ট।