১৯ বছর পর পিএসজির ফ্রেঞ্চ লিগ জয়

আপডেট : ১৩ মে ২০১৩, ২১:৩৩
দীর্ঘ ১৯ বছর পর লিগ শিরোপার স্বাদ পেল প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। লিঁও’র বিপক্ষে গত রবিবার ১-০ গোলে জয় তুলে নিয়ে ১৯৯৪ সালের পর এই প্রথম ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জয় করে প্যারিসের দলটি। আর অনন্য এক রেকর্ড গড়লেন ক্লাবের দুই তারকা ডেভিড বেকহ্যাম ও জ্লাতান ইব্রাহিমোভিচ। বেকহ্যাম পিএসজির আগে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে লিগ শিরোপা জিতেছেন। ইব্রাহিমোভিচ আবার পাঁচ ক্লাবের হয়ে লিগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন (পিএসজি,এসি মিলান, ইন্টারমিলান,বার্সেলোনা ও আয়াক্স)। নতুন মালিকানার অধীনে প্যারিসের এই ঐতিহ্যবাহী ক্লাবটি মৌসুমের শুরুতেই চমকে দেয় সবাইকে। অভিজ্ঞ কোচ কার্লো আনচেলোত্তির পাশাপাশি তারা দলে ভেড়ায় জ্লাতান ইব্রাহিমোভিচ, থিয়াগোর সিলভার মতো নামী দামী খেলোয়াড়দের। মৌসুমের শেষ দিকে ধারে যোগ দেন আরেক সুপারস্টার ডেভিড বেকহ্যামও। বোঝাই যাচ্ছে ১৯ বছরের শিরোপা খরা ঘোচাতে দলটি ছিল বদ্ধপরিকর। তবে তোলুসের সাথে গত শনিবার মার্শেইয়ের ২-১ গোলের জয়ের পরে পিএসজি’র শিরোপা লিও’র বিরুদ্ধে এই ম্যাচের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তবে সেই চাপকে জয় করে শ্রেয়তর দল হিসাবেই ম্যাচে জয় পায় তারা। যদিও ম্যাচের শুরুটা ছিল একদমই উত্তেজনাহীন। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দু’দলের আক্রমণ পাল্টা আক্রমণ ম্যাচে প্রাণ ফিরে আসে। গোলশূন্য প্রথমার্ধের পর খেলার ৫৩ মিনিটে আসে পিএসজির বহু আকাঙ্ক্ষিত সেই গোলটি আসে এসি মিলানের সাবেক উইঙ্গার জার্মি মেনেজের পা থেকে। যদিও গোলটির নির্মাতা ছিলেন থিয়াগো মোত্তা। মাঝমাঠে প্রতিপক্ষ খেলোয়াড় ম্যাক্সিম গোনালোন্সের পা থেকে বল কেড়ে নিয়ে ইব্রাহিমোভিচের সঙ্গে ওয়ান-টু-ওয়ানের মাধ্যমে লিঁওর সীমানায় ঢুকে যান তিনি। সেখানে অরক্ষিত অবস্থায় দাঁড়ানো মেনেজের পায়ে মোত্তা বল ঠেলে দিলে বাম পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি। পিএসজির শিরোপার পাশাপাশি এই হারের ফলে নিশ্চিত হয়ে যায় মার্শেইকে টপকে দ্বিতীয় দল হিসেবে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাচ্ছে না লিঁও। তবে নতুন চ্যাম্পিয়নকে ঠিকই অভিনন্দিত করলেন লিঁও কোচ রেমি গার্দে। গার্দে বলেন, ‘পিএসজিকে অভিনন্দন, যদিও এখানে তাদের শিরোপা জয়ের আনন্দ উদযাপন করতে দেখাটা কিছুটা কষ্টকর। পিএসজিতে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তবে আমরাও মাঝে মাঝে কয়েকটি ম্যাচে খুব খারাপ খেলেছি।’ -বাসস।