সাভারে শ্রমিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

আপডেট : ১৩ মে ২০১৩, ২১:৪৩
সাভারে শ্রমিক হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও অবিলম্বে মালিকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা, শ্রমিকদের নিরাপত্তা বিধানে ব্যর্থ মন্ত্রণালয়গুলোর মন্ত্রীদের পদত্যাগসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সোমবার সচিবালয় অভিমুখে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে সিপিবি ও বাসদ-এর নেতৃবৃন্দ এসব কথা বলেন। কর্মসূচির শুরুতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সচিবালয় অভিমুখে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। সেখানেই নেতা-কর্মীরা অবস্থান নেন এবং সমাবেশে মিলিত হন। সিপিবি’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, একজন মানুষ হত্যার জন্য যদি মৃত্যুদণ্ড হয়, তবে সহস্রাধিক মানুষ হত্যার জন্য দায়ি ব্যক্তিদের কেন মৃত্যুদণ্ড হবে না! আন্দোলনের চাপে সরকার মালিকদের গ্রেফতার করতে বাধ্য হয়েছে। অথচ অপরাধীরা যাতে পার পেয়ে যায়, তার জন্য সাধারণ মামলা করা হয়েছে। আমরা রানাসহ অপরাধী গার্মেন্ট মালিকদের বিরুদ্ধে অবিলম্বে হত্যা মামলা দায়েরের দাবি জানাই। সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বছরের পর বছর ধারাবাহিক অবহেলায় গার্মেন্ট কারখানাগুলোকে শ্রমিকের জন্য মৃত্যুকূপে পরিণত করা হয়েছে। একের পর এক শ্রমিক হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে। কিন্তু কোনোটারই বিচার হচ্ছে না। এর আগের হত্যাকাণ্ডগুলোর বিচার হলে, রানা প্লাজার হত্যাকাণ্ড ঘটতো না। রানা প্লাজার গার্মেন্ট শ্রমিকদের ক্ষতিপূরণ দূরে থাক, আহত শ্রমিকদের বকেয়া বেতন পর্যন্ত দেয়া হচ্ছে না। আরো বক্তব্য রাখেন বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বজলুর রশীদ ফিরোজ প্রমুখ।