রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশি শ্রমিকসহ বিদেশি শ্রমিকদের সাধারণ ক্ষমা ঘোষণার জন্য সৌদি বাদশাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ ঘোষণার ফলে অবৈধ শ্রমিকরা নিজেদের বৈধ করার সুযোগ পেল।
রবিবার সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-সৌদের কাছে প্রেরিত এক পত্রে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশীসহ বিদেশি শ্রমিকদের সাধারণ ক্ষমা এবং সৌদিতে তাদের অবস্থান নিয়মিতকরণের সুযোগ প্রদানপূর্বক সদয় ঘোষণার জন্য আমি আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’ তিনি বলেন, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা এতে আনন্দিত। এর ফলে সেদেশে অবস্থানকারী বাংলাদেশি শ্রমিকরা ব্যাপকভাবে উপকৃত হবে। রাষ্ট্রপতি বলেন, সৌদি আরবের সঙ্গে ঐতিহ্যবাহী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ গুরুত্ব দেয়। তিনি বলেন, ‘মুসলিম উম্মাহ’র স্বার্থে আপনার সাহসী নেতৃত্বকে আমরা অভিনন্দন জানাই।’
