বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে চীন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লী জুন বলেছেন, ইতিমধ্যে তার দেশের প্রায় দুইশত কোম্পানি বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখতে বাংলাদেশ পরিদর্শন করেছে। বিনিয়োগের জন্য অতিদ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
সোমবার জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে রাষ্ট্রদূত লী জুন সৌজন্য সাক্ষাত্ করে এসব কথা বলেন। তিনি স্পিকারকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে এটি একটি বড় অর্জন। বাংলাদেশে বিনিয়োগকে চীন যথেষ্ট গুরুত্ব দেয়। চীনের অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে আগ্রহী। উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে সফল আলোচনার মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হবে।
স্পিকার তথ্য প্রযুক্তি ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের দক্ষতা ও অভিজ্ঞতাকে এদেশে কাজে লাগাতে চীনের প্রতি আহ্বান জানান। সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা প্রসঙ্গে স্পিকার বলেন, সকল দলই আলোচনায় আগ্রহী এবং জাতীয় সংসদই হচ্ছে আলোচনার উপযুক্ত ক্ষেত্র। সংসদ হলো সবার জায়গা। সংসদে যে কোন বিষয়ে আলোচনা হতে পারে। আর স্পিকার হিসাবে সার্বিক সহযোগিতা দেয়া হবে বলেও তিনি জানান।
