বুকের ব্যথা হলে আমাদের প্রথমে মনে হয় এটা হার্টের ব্যথা কিনা। কিন্তু বিশেষজ্ঞদের মতে সব বুকের ব্যথা হার্টের ব্যথা নয়। বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা: অনুপকুমার শাহ-এর মতে বুকে ব্যথা হলে হার্টের ব্যথা হবে এমন নয়। বেশিরভাগ ক্ষেত্রে এসিডিটির কারণে বুকে ব্যথা হয়। এমনকি অনেক সময় মাংসপেশীর ব্যথাও হার্টের ব্যথার মত মনে হয়। বুকে কাশি থাকলেও ব্যথা হতে পারে। আর এধরনের বুকের ব্যথা রোগী বাইরে থেকে অনুভব করতে পারে। তবে হার্টের ব্যথা সাধারণত বুকের ব্যথা থেকে সম্পূর্ণ ভিন্নতর হয়। হার্টের ব্যথা হলে বুকে তীব্র ব্যথা থাকে এবং এ ব্যথা বুকের মাঝখানে ঘনীভূত থাকে। বুক চেপে ধরে। অনেক ক্ষেত্রে এই বুকের ব্যথা ঘাড় ও হাত বরাবর সম্প্রসারিত হতে পারে। পাশাপাশি হার্টের ব্যথাজনিত কারণে বুকে ব্যথা হলে শরীর ঘেমে যায় ও অস্থির লাগে। রোগীর শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়। বিশেষজ্ঞদের মতে বুকে এধরনের ব্যথা হলে কোন অবস্থাতেই বাড়ীতে রোগীর চিকিত্সা দেয়া উচিত নয়। রোগীকে দ্রুত হাসপাতালে নিতে পারলে বেশীরভাগ ক্ষেত্রে সুফল পাওয়া যায়। মনে রাখতে হবে হার্ট এ্যাটাকজনিত বুকের ব্যথা হলে রোগীকে যত দ্রুত হাসপাতালে নেয়া যাবে ততই ভালো। অন্যথায় যে কোন সময় বিপর্যয় ঘটে যাবার সম্ভাবনা থাকে। তাই বুকের ব্যথা অবহেলা করবেন না।
