মনে পড়ছে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের এক কিংবদন্তি, একাধারে সঙ্গীত সাধক, সুরকার, রবীন্দ্র সঙ্গীতের শিক্ষক সংগঠক, গায়ক, পরিচালক আবদুল আহাদের কথা। ১৯৯৪ সালে এই দিনে অর্থাত্ ১৫ মে এদেশের সঙ্গীত জগতে নানা ঐতিহাসিক দায়িত্ব পালন শেষে অনন্য সাধারণ দৃষ্টান্ত স্থাপনকারী এ মহান মানুষটি আমাদের ছেড়ে চলে যান। পঞ্চাশ বছরের বেশি সময় তিনি এ জগতকে নানাভাবে সমৃদ্ধ, বিকশিত ও প্রসারিত করে কাল পরিক্রমায় একাধিক মাইলফলকের স্রষ্টা হিসাবে নন্দিত হয়ে ছিলেন।
আবদুল আহাদের জন্ম ১৯১৮ সালে। বাবা আব্দুল সামাদ খান ও নানা খান বাহাদুর আব্দুল সোলেমান শিক্ষা বিভাগে চাকরি করতেন। সেই সময়ের এক আলোকিত পরিবারের সদস্য হিসাবে তিনি সম্পূর্ণ সহায়ক, মুক্ত সাংস্কৃতিক পারিবারিক আবহ পেয়েছিলেন। যার জন্য শুধু আবদুল আহাদ-ই নন তার বড় বোন চিত্রশিল্পী মহসিনা আলী, ঢাকা গার্হস্থ্য অর্থনীতি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা প্রথম অধ্যক্ষ হামিদা খানম, পথিকৃত নারী আলোকচিত্রী সাঈদা খানম একই পরিবারের সদস্য হিসেবে স্বনামখ্যাত। পঞ্চাশ দশকের আধুনিক কবি মাহমুদা খাতুন সিদ্দীকা এদের খালা। জানা গেছে, তিনি খালার কোলে মাথা রেখে তার কণ্ঠে গান শুনতেন। আবদুল আহাদের শৈশব কেটেছে পদ্মার পাড়ে পাবনা শহরে। সে সময়েই তাদের বাড়িতে ছিল সমৃদ্ধ লাইব্রেরি, অসংখ্য গানের রেকর্ড ও অর্গান। প্রখ্যাত ওস্তাদ করিম খাঁ ও ফইয়াজ খাঁর রেকর্ড শুনে শুনে তার বড় হয়ে ওঠা।
১৯৩৪ সালে তিনি কলকাতায় যান। গান শেখেন ওস্তাদ মনজুর-এর কাছে। ১৯৩৬ সালে ‘অল বেঙ্গল মিউজিক কম্পিটিশনে’ গজল ও ঠুমরি গেয়ে প্রথম হন। ১৯৩৮ সালে শান্তিনিকেতনে সঙ্গীতের ওপর স্কলারশীপ পাওয়া প্রথম মুসলমান ছাত্র হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। কবিগুরুর সান্নিধ্য ও স্নেহছায়ায় এসে নিজের দক্ষতা ও মেধার গুণে কবিগুরুসহ সকলের দৃষ্টি আকর্ষণ করলেন। আমরা পেলাম এক সঙ্গীত সাধক, এক শিল্পাচার্যকে। কবিগুরুর তিরোধানের পর শান্তিনিকেতন থেকে শিক্ষা শেষ করে কলকাতায় চলে এলেন। যোগ দিলেন গ্রামোফোন কোম্পানিতে। এই সময়ে ওবায়দুল হক নির্মিত ‘দুঃখে যাদের জীবন গড়া’ ছবিতে সংগীত পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি ফতেহ লোহানীর আসিয়া ছবিরও সঙ্গীত পরিচালনা করেছিলেন। ঠিক এই সময়ে তিনি ‘সর্বভারতীয় সঙ্গীত সম্মেলনে’ বেশ কয়েকবার অংশগ্রহণ করে নন্দিত হয়েছিলেন।
দেশভাগের পর ১৯৪৮ সালে ঢাকায় ফিরে এসে রেডিওতে চাকরি নেন। শুরু হয় তার নিজ দেশে সঙ্গীতের সাথে পথচলা, সঙ্গীতের জন্য দ্ব্যর্থহীনভাবে কথা বলা। সঙ্গীতকে ভালোবেসে এর সঠিক শিক্ষা এবং প্রতিষ্ঠার আন্দোলনের একজন সক্রিয় সৈনিক হিসেবে ভূমিকা রাখা। নিজের সঙ্গীত চর্চার চেয়ে বেশি গুরুত্ব দিলেন শুদ্ধভাবে সঙ্গীত শিখিয়ে এর প্রচার ও প্রসারের ক্ষেত্র বাধাহীন করার ওপর। আমরা অনেকেই জানি না, পাকিস্তান প্রতিষ্ঠার ৮ বছর পরও দেশটির সংবিধান এবং নির্দিষ্ট কোন জাতীয় সঙ্গীত ছিল না। ১৯৪৭ সালে নাজির আহমেদ-এর লেখা ‘এই বাংলার সবুজ শ্যামলে’ গানটির সুরারোপ করলেন আবদুল আহাদ। আর সেই গানটি ১৯৫৫ সালে ফার্সি ও উর্দুতে পাকিস্তানের জাতীয় সঙ্গীত তৈরি হবার পূর্ব পর্যন্ত জাতীয় সঙ্গীতের অভাব পূরণ করেছিল। এই গানটি ছিল রবীন্দ্রসঙ্গীতের সুর দ্বারা বিশেষভাবে প্রভাবিত এবং সুর ও মাধুর্যে অপূর্ব।
বাংলা গানের দক্ষ কারিগর আবদুল আহাদকে সঠিক গবেষণার মধ্য দিয়ে এখন সামনে নিয়ে আসাটা খুবই জরুরি। আমি সাগরের নীল, আমার দেশেরও মাটির গন্ধে, ভ্রমরের পাখনা যতদূর যাক না, অনেক বৃষ্টি ঝরে তুমি এলে অথবা শিল্পী আমি তাই কবিতা ভালোলাগে- তার সুর করা অসংখ্য জনপ্রিয় গানের কয়েকটি মাত্র। এ ধরনের কয়েক হাজার গানের সুর করেছেন তিনি। সরকারি উদ্যোগে এ গানগুলো সংরক্ষণ করা দরকার। সঙ্গীতকে সমৃদ্ধ ও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এর বিকল্প নেই। তার গানগুলো শুধু সংরক্ষণ নয়, প্রচারের ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নেয়া উচিত। কালের বিবেচনায় বাংলা গানের ইতিহাসে তুলনামূলক চিত্র হিসেবে এ যেন হয় এক মহত্ সংযোজন।
লেখক : সাংবাদিক, নারী-শিশু অধিকার কর্মী
