রবার্তো মানচিনিকে কোচের পদ থেকে বরখাস্ত করলো ম্যানচেস্টার সিটি। সিটি কর্তৃপক্ষ ক্লাবের ওয়েবসাইটে গত সোমবার রাতে এক বিবৃতিতে জানায় ‘মৌসুম পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে’ মানচিনিকে কোচের পদ থেকে অব্যাহতি দেয়া হলো। নতুন কোচের নাম ঘোষণার আগে পর্যন্ত মানচিনির সহকারি ব্রায়ান কিড দায়িত্ব পালন করবেন।
ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতানোর এক বছরের ব্যবধানে মর্মান্তিকভাবেই দিনটা পাল্টে গেল ইটালিয়ান এই কোচের জন্য। ২০১২ সালের এই দিনে কিউপিআরকে অতিরিক্ত সময়ে দুই গোলে নাটকীয়ভাবে হারিয়ে লিগ শিরোপা জিতেছিল সিটি। দীর্ঘ ৪৪ বছরের শিরোপা খরা ঘোচানোর জন্য মানচিনি পরিণত হয়েছিলেন নায়কে। এরই স্বীকৃতি হিসেবে তার সাথে পাঁচ বছরের নতুন চুক্তিও করেছিল সিটি। গতকাল মঙ্গলবার চুক্তির চার বছর বাকি থাকতেই বরখাস্ত হতে হলো তাকে।
এ ঘোষণা অবশ্য অনুমিতই ছিল। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার পর, লিগ শিরোপার লড়াইয়েও সিটি আগে-ভাগেই হার মানে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। বাকি ছিল শুধু এফএ কাপ। সেটাতেও উইগানের কাছে হেরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে সিটি।
সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছিল দিন দুয়েকের মধ্যেই বিদায় ঘণ্টা বাজবে মানচিনির। সেই ধারণাকে সত্য পরিণত করে সিটি জানালো মৌসুমের বিভিন্ন দিক পর্যালোচনা করে মানচিনি আর ক্লাবের দায়িত্বে থাকছেন না। ক্লাবের সামগ্রিক উন্নতির কথা বিবেচনা করে নতুন কোচের কথা ভাবছে সিটি।
ছন ক্লাব চেয়্যারম্যান খালদুন আল মুবারাক অবশ্য সিটিতে মানচিনির অবদানের কথা স্মরণ করে বলেন, ‘রবার্তোর রেকর্ডই তার হয়ে কথা বলছে। গত সাড়ে তিন বছর ক্লাবের জন্য যে পরিশ্রম এবং দায়বদ্ধতা তিনি দেখিয়েছেন সেজন্য শেখ মানসুর, আমি এবং পরিচালনা পর্ষদ তার প্রতি কৃতজ্ঞ। পরিষ্কারভাবেই তিনি আমাদের সমর্থকদের শ্রদ্ধা এবং ভালবাসাও অর্জন করতে পেরেছেন।’
ক্লাবের পারফরম্যান্স যেমনই হোক, সিটি ক্যারিয়ারের পুরোটা সময়ই সমর্থকদের পাশে পেয়েছেন মানচিনি। উইগানের বিরুদ্ধে সিটির সর্বশেষ ম্যাচেও সমর্থকরা মানচিনির পক্ষেই স্লোগান দিয়েছেন। শেষ পর্যন্ত এ সমর্থন তার চাকরি বাঁচাতে না পারলেও চাকরিচ্যুত হওয়ার কারণে প্রায় সত্তর লাখ ডলার ক্ষতিপূরণ হিসেবে পাচ্ছেন তিনি। মানচিনির নতুন গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে ফরাসি ক্লাব মোনাকো এবং পিএসজির পাশাপাশি এ মৌসুমে নতুনভাবে জেগে ওঠা ইটালির ক্লাব নাপোলির নামও। মানচিনি অবশ্য পরবর্তী গন্তব্য সম্পর্কে কিছু জানাননি।
সিটি স্থায়ী কোচ হিসেবে এখনো কারো নাম ঘোষণা না করলেও মালাগার চিলিয়ান কোচ ম্যানুয়েল পেলিগ্রিনির নামই বেশি উচ্চারিত হচ্ছে। সিটির পক্ষ থেকেও এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। তারা চাইছেন এমন কাউকে যিনি কিনা ইউরোপিয়ান পর্যায়ে সাফল্য এনে দিতে পারবেন। চ্যাম্পিয়ন্স লিগে পেলিগ্রিনির সাফল্যই সিটিকে আগ্রহী করে তুলছে। ২০০৫-০৬ মৌসুমে ভিলেরিয়ালকে সেমিতে তোলার পাশাপাশি এ মৌসুমে কম বাজেটের মালাগাকেও শেষ আটে তুলেছেন এই কোচ। তবে কোনদিকে যাবেন সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেননি জানিয়ে ৫৯ বছর বয়সী এই কোচ বলেন,‘ আমি এখানে (মালাগায়) থাকছি না এবং এখন আলোচনা হচ্ছে ম্যানচেস্টার সিটিতে যাবার ব্যাপারে। আমি কাউকেই এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলিনি।’
