মৌসুম শেষ

আপডেট : ১৪ মে ২০১৩, ২১:০০
চলতি মৌসুমে লিওনেল মেসির আর মাঠে ফেরা নাও হতে পারে। কেননা বার্সেলোনার এই স্ট্রাইকার উরুর ইনজুরিতে পড়েছেন। গতকাল মঙ্গলবার স্পানিশ ক্লাবটি এই ঘোষণা দেয়। বার্সেলোনা গত রবিবার লা লিগায় স্বাগতিক অ্যাতলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ২-১ গোলে জিতেই শিরোপা পুনরুদ্ধার করে উত্সবে মেতে ওঠে। কারণ দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ আগের দিন শনিবার এস্পানিয়লের সাথে ১-১ গোলে ড্র করায় কাতালান ক্লাবটির লিগ শিরোপা নিশ্চিত হয়। মেসি রবিবার অ্যাতলেটিকোর সাথে খেলাটিতে ৬৮ মিনিটের মাথায় মাঠ ত্যাগ করেন ডান উরুতে সমস্যা দেখা দেয়ায়। আর্জেন্টিনার তারকাকে এ সমস্যার জন্য দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে লা লিগা মৌসুম শেষ মেসির। বার্সেলোনার এখনো তিন খেলা বাকি যেগুলোতে প্রতিপক্ষ হলো রিয়াল ভ্যালাডোলিড, এস্পানিয়ল এবং মালাগা। ১ জুন লা লিগা মৌসুম শেষ হবে বার্সার। বার্সেলোনা এ নিয়ে পাঁচ মৌসুমের মধ্যে চতুর্থবারের মতো লা লিগার শিরোপা জিতলো। সবমিলিয়ে বার্সেলোনার ২২তম লিগ ট্রফি এটি। অ্যাতলেটিকোর বিপক্ষে প্রথম একাদশে ছিলেন মেসি। ভিসেন্তে ক্যালদেরন স্টেডিয়ামে যখন তিনি ইনজুরিতে পড়ে মাঠ ত্যাগ করেন সেসময় বার্সেলোনা ১-০ গোলে পিছিয়ে ছিল। পরে অবশ্য বার্সেলোনা জয় পায়। মেসি চলে যাওয়ায় দশজনের দল নিয়েই খেলতে হয়েছিল বার্সেলোনাকে। কারণ টিটো ভিলানোভা সব বদলি খেলোয়াড় মাঠে নামিয়ে ফেলেছিলেন। মেসির এই ইনজুরিটি নতুন কিছু নয়। গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্যারি সেন জার্মেইয়ের সাথে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মেসি। বর্তমানে ২৫ বছর বয়সী এই খেলোয়াড় চলতি লা লিগা মৌসুমে ৪৬ গোল করেছেন। বার্সেলোনাকে শিরোপা জেতাতে মুখ্য ভূমিকা রাখা খেলোয়াড়টি এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮টি ম্যাচ খেলে গোল করেছেন ৫৮টি।