ফুটবল দলের ক্যাম্প স্থগিত

লন্ডন যাওয়া হচ্ছে না

আপডেট : ১৪ মে ২০১৩, ২১:০০
ফুটবল দলের লন্ডন সফরে যাওয়া হচ্ছে না। সফর বাতিল করেছে আয়োজক প্রতিষ্ঠান। সোমবার রাতে একটি ই- মেইল পায় বাফুফে। সেখান থেকে বাফুফেকে জানিয়ে দেয়া হয়েছে বাংলাদেশ পাকিস্তান ভারতকে নিয়ে লন্ডনে তিন জাতির ফিফা ম্যাচগুলো আপাতত স্থগিত করা হয়েছে। কি কারণে লন্ডন সফর স্থগিত করা হয়েছে তা পরিষ্কার করে কিছু জানায়নি বলে জানিয়েছে বাফুফে। ই- মেইল পেয়ে ভিসা প্রস্তুতির সব কার্যক্রম স্থগিত করা হয়। বাংলাদেশে আর্জেন্টিনা-নাইজেরিয়া ফিফার প্রীতি ম্যাচ আয়োজন করেছিল ভারতীয় প্রতিষ্ঠান সেলিব্রেটি ম্যানেজম্যান্ট গ্রুপ। তারাই উপমহাদেশের তিন ফুটবল শক্তিধর দেশ নিয়ে লন্ডনে ১-৮ জুন ফিফা প্রীতি ম্যাচ আয়োজন করতে চেয়েছিল। তারাই লন্ডনে যাওয়া-আসা, থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় ব্যয় বহন করতে চেয়েছিল। বাংলাদেশ ফুটবল দলও প্রস্তুতি নিতে ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ এবং তার সহকারী রেনে কেস্তারকে শনিবার ঢাকায় আসতে অনুরোধ জানায়। তার আগেই আজ থেকে শুরু হওয়ার কথা জাতীয় প্রাথমিক দলের অনুশীলন। দুই দফায় ৩৪ ফুটবলারের নামও ঘোষণা করে বাফুফে। কিন্তু লন্ডন সফর স্থগিত হওয়ায় জাতীয় দলের ক্যাম্পও স্থগিত করেছে বাফুফে। ফিফার প্রীতি ম্যাচের কথা বলা হলেও আদৌ ফিফার ম্যাচ ছিল না কিনা গতকাল সে প্রসঙ্গে বাফুফের কর্মকর্তারা জানিয়েছেন তারাও ফিফার ওয়েবসাইটে লক্ষ্য করেছেন ম্যাচের সিডিউল দেয়া রয়েছে। কিন্তু গতকাল নাকি সেটা পাননি। লন্ডন সফরের স্থগিত করার বিষয়টি এমনকি ডাচ কোচদেরও জানিয়ে দেয়া হয়েছে। তারাও এখন ঢাকায় আসছেন না বলে জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির একটি সূত্র জানায়। সূত্রের দাবি লন্ডন সফর স্থগিত হলেও বাতিল হয়নি। আগষ্টে হতে পারে বাংলাদেশ পাকিস্তান ভারতের মধ্যে ফুটবল লড়াই। বাংলাদেশের ডাচ কোচরা এখন ঢাকায় না আসলেও তারা জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকায় আসবেন বলে জানা গেছে। দুই বছরের চুক্তিতে এই কোচরা ঢাকায় এসে ফুটবল পরিকল্পনা করবেন। কারণ সেপ্টেম্বরে নেপালে সাফ চ্যাম্পিয়নশীপ রয়েছে। বাংলাদেশ চাইছে সেই আসরটিকে সামনে রেখে প্রস্তুতি শুরু করা। কারণ সেখানে আট দেশের লড়াইয়ে বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।