বিশ্বের বৃহত্তম কয়েকটি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে। ইতিমধ্যে তারা এ বিষয়ে একটি সমঝোতার ব্যাপারে একমত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে এইচ অ্যান্ড এম, সি অ্যান্ড এ, প্রাইমার্ক, জারা, টেস্কোসহ আরো কয়েকটি ইউরোপীয় প্রতিষ্ঠান। খবর বিবিসি বাংলার।
সমঝোতায় বলা হচ্ছে, বাংলাদেশের যেসব কারখানা থেকে এই প্রতিষ্ঠানগুলো পোশাক কিনবে সেসব কারখানায় তারা নিয়মিত পরিদর্শন ও প্রশিক্ষণের আয়োজন করবে। এই চুক্তির লঙ্ঘন হলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। সাভারে বহুতল ভবন ধসে এক হাজার একশ’র বেশি শ্রমিকের মৃত্যুর তিন সপ্তাহ পর এ ধরনের একটি চুক্তির উদ্যোগ নেয়া হলো।
ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন এবং ইউনি গ্লোবাল ইউনিয়ন নামের দুটো ক্যাম্পেইন গ্রুপের তৈরি এই খসড়ায় সই করার জন্যে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে আজ বুধবার পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে।
ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের একজন পরিচালক জেনি হোল্ডক্রফ্ট বলেছেন, এই চুক্তির একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে, এটি নামকরা ব্র্যান্ড এবং আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নগুলোর একটা যৌথ উদ্যোগ, কিন্তু এতে সমন্বয়কারী হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও’রও একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে। তিনি বলছেন এই চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, চুক্তি স্বাক্ষরকারী ব্র্যান্ডগুলো এটি মেনে চলতে আইনগতভাবে বাধ্য এবং এটি বাস্তবায়নের একটা প্রক্রিয়াও আছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেগুলো স্বাধীনভাবে পরিদর্শনের ব্যবস্থা করা, আর এই নিরাপত্তা পরিদর্শনের খরচ দিতে বড় বড় ব্র্যান্ডগুলোকে বাধ্য করা হবে।
