অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, আগামী বাজেটে কৃষিখাতে নয় হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হবে। আর এ খাতের ভর্তুকির অর্থ সরাসরি কৃষকের হাতে পৌঁছে দিতে আগামীতে কার্ডের মাধ্যমে সারের ভর্তুকি দেয়া হবে। এছাড়া এখন ডিজেলের ভর্তুকি পুরোপুরি কার্ডে এবং বিদ্যুতের কিছু কিছু ক্ষেত্রে কার্ড চালু করা হয়েছে বলে জানান তিনি। সোমবার সচিবালয়ে চ্যানেল আই’র ‘হূদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের পক্ষ থেকে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ শীর্ষক এক প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।
গত বছর কৃষি খাতে ভর্তুকির পরিমাণ ছিল ৬ হাজার কোটি টাকা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, কৃষিখাতে ভর্তুকিটা কোনো ভর্তুকি নয়, প্রকৃত পক্ষে এটা একটা বিনিয়োগ। কৃষিখাতে ভর্তুকি বাদ দেয়ার বিষয়টি আমরা কখনো ভাবিনি। পোল্ট্রি খাতে কর অবকাশ সুবিধা বাড়ানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, পোল্ট্রিসহ অন্যান্য যেসব খাতে কর অবকাশ সুবিধা চলতি অর্থবছরে (২০১২-১৩) শেষ হয়ে যাচ্ছে সেসব খাতে কর অবকাশ সুবিধা আরো দুই বছর অব্যাহত রাখা হবে। অর্থমন্ত্রী বলেন, ফেঞ্চুগঞ্জের সাড়ে ৬ হাজার মেট্রিক টন উত্পাদন ক্ষমতা সম্পন্ন একটি সার কারখানা স্থাপন করা হচ্ছে।
