তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যতবারই নির্বাচন হোক না কেন, দেশ থেকে সাম্প্রদায়িকতা নির্মূল না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। দেশে এখন সাম্প্রদায়িকতার কাঁটা তোলার পর্ব চলছে। একটা সিদ্ধান্ত সবাইকেই নিতে হবে। সাম্প্রদায়িকতার কাঁটা রেখে গণতন্ত্র স্বাভাবিক গতি পাবে না। সেই কাঁটা তুলতে ব্যথা লাগবে, তবুও সাম্প্রদায়িকতার কাঁটা উপড়ে ফেলতে হবে গণতন্ত্রের স্বার্থেই।
মঙ্গলবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত ‘নারী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয় পিআইবি’র সেমিনার কক্ষে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও সাংবাদিক বেবী মওদুদ ও নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক।
