হেফাজতের ‘সহিংসতা’য় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ প্রকাশ

আপডেট : ১৪ মে ২০১৩, ২২:০৫
সামপ্রতিককালে হেফাজতে ইসলাম নামের একটি সংগঠনের ‘সহিংসতা’য় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংগঠনটির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার এই উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, প্রতিটি নাগরিক ও গোষ্ঠীর শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নিজস্ব মত প্রকাশ করার অধিকার আছে। কিন্তু জামায়াতে ইসলামের সমর্থনপুষ্ট হেফাজতে ইসলামের সংবিধান ও নারী অধিকার পরিপন্থী ১৩ দফা দাবি আদায়ের নামে নাশকতামূলক কর্মকাণ্ডে দেশব্যাপী যে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে মানবাধিকার সংগঠন হিসাবে আমরা উদ্বিগ্ন। এছাড়াও প্রেস বিজ্ঞপ্তিতে গত ৫ মে হেফাজতে ইসলামের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের ঘোষণা দিয়েও রাজধানী জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো এবং সহিংসতায় মাদ্রাসার শিশুদের ঢাল হিসাবে ব্যবহার করার ঘটনার নিন্দা জানানো হয়। রাজধানী অচল করার হুমকি ও সরকার পতনের প্রকাশ্য ঘোষণা দেয়া সংগঠনকে সমাবেশ করার প্রশাসনিক অনুমোদনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ ও র্যাব কর্তৃক আগ্নেয়াস্ত্রের ব্যবহার না করা সত্ত্বেও গণমাধ্যমে হতাহতের যে সংবাদ পরিবেশিত হয়েছে, তা কীভাবে সংগঠিত হলো এ ব্যাপারে সরকারের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। এসব সহিংসতাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে সংসদীয় আলোচনা ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সরকারের আরো কৌশলী ও দায়িত্বশীল ভূমিকা নেয়া উচিত বলে আইন ও সালিশ কেন্দ্র মনে করে।