জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে নিরপেক্ষ ব্যক্তি হিসাবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভূমিকা রাখতে পারেন। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের বিষয়ে তিনি স্পিকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের সাথে সৌজন্য সাক্ষাত্ করে তিনি এ আহ্বান জানান। স্পিকারের কার্যালয়ে বৈঠক শেষে ড. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, সংসদীয় গণতন্ত্রে অগ্রযাত্রা অব্যাহত রাখতে গ্রহণযোগ্য নির্বাচনের কোন বিকল্প নেই। আর সেজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমেই রাজনৈতিক সংকটের সমাধান করতে হবে। সংকট নিরসনে এখনই প্রক্রিয়া শুরু করা উচিত।
