হেফাজত ইঁদুরের গর্তে লুকিয়েছে

আপডেট : ১৪ মে ২০১৩, ২২:০৬
হেফাজতে ইসলাম ইঁদুরের গর্তে লুকিয়ে গেছে। সরকার শান্তিপূর্ণভাবে মতিঝিল থেকে তাদের বিতাড়িত করেছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি হরতাল বিরোধী মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, জামায়াত শিবির হেফাজতের ব্যানারে পুলিশের উপর আক্রমণ করেছে। যারা কোরআনে আগুন দিয়েছে তারা কোন ইসলামী দল হতেই পারে না। বেগম খালেদা জিয়ার নির্দেশে শিবির ও ছাত্রদলের ক্যাডাররা বিভিন্ন লুটপাট ও হত্যাকাণ্ড চালিয়ে যুদ্ধাপরাধ বিচারকে বানচাল করতে চেষ্টা চালাচ্ছে। সমাবেশে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর শরীফের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।