[ আ ন্ত র্জা তি ক ]

মালয়েশিয়ায় গণতন্ত্রের পরীক্ষা

আপডেট : ১৫ মে ২০১৩, ২১:৩৬
গত ৫ মে মালয়েশিয়ায় ত্রয়োদশ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনকে ঘিরে মালয়েশিয়ার ইতিহাসে সবচে বেশি উদ্বেগ ও ব্যগ্রতা লক্ষ্য করা যায়। বিশ্ববাসীরও ব্যাপক কৌতূহল উদ্রেক করে এই নির্বাচন। ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল কোয়ালিশন পুনর্বার কোনমতে ক্ষমতায় আসীন হতে সমর্থ হলেও বিরোধী পাকতান রাকায়েত কোয়ালিশনের জন্য এটি একটি বড় ধরনের বিপর্যয়। ফলাফলে বিশ্লেষকদের অভিমতেরও প্রতিফলন ঘটেনি। উভয় পক্ষেই তাদের উদ্দেশ্য-আদশর্, ইশতেহার ইত্যাদি সামাজিক মাধ্যমের সাহায্যে অব্যাহতভাবে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোস্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারণা চালিয়েছিল। জবাবদিহিতার অনিবার্যতা ও দুর্নীতির অভিযোগসমূহ নিয়ে উভয় পক্ষই তাদের নিজ নিজ দৃষ্টিকোণ থেকে বক্তব্য তুলে ধরে। প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক, আরেক সাবেক প্রধানমন্ত্রীর ছেলে। ওদিকে তার প্রতিপক্ষ আনোয়ার ইব্রাহীম বিরোধী দলীয় নেতা এবং সাবেক উপ-প্রধানমন্ত্রী। নির্বাচন শেষে দেখা যায় ফলাফল ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ও বারিসান ন্যাশনাল কোয়ালিশন নেতা নাজিব তুন রাজাকের জন্য স্বস্তি বয়ে আনলেও আনোয়ার ইব্রাহীমের জন্য তা বড় ধরনের আঘাত বয়ে এনেছে। মালয়েশিয়ার নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, ২২২টি সংসদীয় আসনের মধ্যে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী রাজাকের জোট ১৩৩টি আসনে জয়লাভ করেছে। বিরোধীরা পেয়েছে ৮৯টি আসন। যা ২০০৮ সালে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনের চেয়ে ৭টি আসন বেশি। উল্লেখ্য, শতকরা ৮০ ভাগ ভোটার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে। যদিও এর মধ্যে ৩০ লক্ষ ছিল নতুন ভোটার এবং যারা এই প্রথমবারের মত ভোট প্রদান করল। উল্লেখ করার মত ব্যাপার হল, বারিসান বিরোধীদের পুনর্জাগরণকে ঠেকিয়ে দিতে সক্ষম হলেও এই ভোটযুদ্ধে তাদের গলদঘর্ম যেমন হতে হয় তেমনি কিছু আসনও তাদের হাতছাড়া হয়ে যায়। প্রত্যাশিতভাবেই বিজিত বিরোধী কোয়ালিশন নির্বাচন পরিচালনা পদ্ধতি নিয়ে নানা অভিযোগ তুলেছেন। এর মধ্যে একটি অভিযোগ হলো আঙ্গুলে লাগানো অমোচনীয় কালির দাগ সামান্য সময়ের ব্যবধানে উবে যাওয়ার বিষয়টি। সরকারি দল কয়েকটি রাজ্যে সমর্থক ও ভোটারদের আনা-নেওয়ার জন্য বিমান ব্যবহার করেছে বলেও বিরোধীরা অভিযোগ করেছে। এই কেন্দ্রগুলো ছিল খুবই স্পর্শকাতর। কেননা উল্লেখিত কেন্দ্রসমূহে সামান্য ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারণ করে। বিরোধীদের আরেকটি গুরুতর অভিযোগ হল, ক্ষমতাসীন কোয়ালিশন বিদেশিদের আইডি কার্ড দিয়ে ভোটার বানিয়েছে। বিরোধীদের আরেকটি অভিযোগ হল ক্ষমতাসীন কোয়ালিশন সরকারি মিডিয়ার যথেচ্ছ ব্যবহার করেছে এবং বিরোধীদের প্রতি সহমর্মী স্বাধীন গণমাধ্যমকে আক্রমণে সক্রিয় ছিল। সরকার অবশ্য উল্লেখিত সব অভিযোগ অস্বীকার করেছে। মালয়েশিয়ার বিরোধীদের মধ্যে যদিও এখনো ক্ষোভ ধূমায়িত হচ্ছে কিন্তু আমাদের বিরোধীদের মত ধ্বংসাত্মক কোন পদক্ষেপ গ্রহণ থেকে তারা বিরত রয়েছে। আমাদের দেশে বিরোধী দল নির্বাচনে হেরে গেলে রাস্তায় নেমে পড়ে ব্যক্তি মালিকানাধীন ও সরকারি সম্পত্তি ধ্বংস করে কিন্তু মালয়েশিয়ায় তা হয়নি। প্রধানমন্ত্রী নাজির রাজাক নির্বাচনে জিতেও গঠনমূলক কর্মকাণ্ডের ধারা অব্যাহত রাখার পথ বেছে নিয়েছেন। তিনি জাতীয় ঐকমত্যের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে এও বলেছেন, ভোটের ফলাফলে জাতিগতভাবে একটা বিভক্তির সুর স্পষ্ট। এই প্রবণতা তার সরকারের জন্য উদ্বেগের। তিনি এও উপলব্ধি করেছেন যে, এই বিভক্তির মূলোত্পাটন অত্যন্ত জরুরি। অন্যথায় তা মালয়েশিয়াকে বিভক্ত বা সংকটাপন্ন করে তুলবে। প্রধানমন্ত্রী রাজাকের এই উদ্বেগের পেছনে কিছু কারণও নিহিত। একটি বিষয় গুরুত্বের সঙ্গে উল্লেখ করতে হয় যে, জাতিগতভাবে চীনারা এবার ব্যাপকভাবে বিরোধী কোয়ালিশনের দিকে ঝুঁকেছে। চীনা বংশোদ্ভূতদের বিরোধীদের প্রতি ঝুঁকে পড়ারও কারণ বিদ্যমান। বিরোধীরা নির্বাচনের আগে বলেছিল, যদি তারা ক্ষমতায় যায় তাহলে কোয়ালিশন সরকারের পৃষ্ঠপোষকতায় মালয় বংশোদ্ভূতরা যেভাবে উপকৃত হয়ে আসছে তার সংস্কার তারা করবে। বিরোধী কোয়ালিশনের নির্বাচনী প্রচারণা ছিল এককথায় জমজমাট। নির্বাচনে হারলেও নির্বাচনী প্রচারণাকালে তারা যেসব প্রতিশ্রুতির কথা বলেছিলেন তা শহরাঞ্চলে ব্যাপক আলোড়ন তোলে এবং এর প্রতি জনসাধারণ আকৃষ্ট হয়। বিরোধী কোয়ালিশন নেতা আনোয়ার ইব্রাহীমের মনে এই বিশ্বাস জন্মেছিল যে, শহরে শহরে তাদের কর্মসূচি জনগণ যেভাবে গ্রহণ করেছে তার ঢেউ দেশের প্রত্যন্ত অঞ্চলকেও আলোড়িত করবে। আর এভাবেই তিনি ক্ষমতাসীন কোয়ালিশনকে পরাজিত করে ক্ষমতায় আসীন হবেন। তবে বলতেই হয় আনোয়ার ইব্রাহীমের এই ধারণা ছিল অমূলক। এখন ৬৫ বছর বয়সী আনোয়ার ইব্রাহীমের জন্য যে সংকট, তা হল তিনি হয়ত বিরোধী দলীয় নেতার আসনটি হারাতে পারেন। মালয়েশিয়া বাংলাদেশের প্রতিবেশী দেশই নয়, আমাদের উন্নয়নের অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদারও বটে। মুসলিম সংখ্যাগুরুর এই দেশটিতে গত ৬ বছরে অসংখ্য বাংলাদেশি চাকরি নিয়ে গেছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী আড়াই লক্ষ বাংলাদেশি মালয়েশিয়ায় কাজ করছেন, যাদের মধ্যে বেশিরভাগই কৃষিখাতে সম্পৃক্ত। আরও কয়েক হাজার বাংলাদেশি কয়েক মাসের মধ্যে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুত। ফলে মালয়েশিয়ার রাজনীতির অন্দর-বাহির নিয়ে বাংলাদেশিদের রয়েছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল। প্রসঙ্গক্রমে মালয়েশীয় সরকার প্রবর্তিত অর্থনৈতিক রূপান্তর কর্মসূচি শীর্ষক প্রকল্পের ব্যাপারটি গুরুত্বের সঙ্গে আলোচনার দাবি রাখে। এই কর্মসূচির লক্ষ্য হল ২০২০ সালের মধ্যে মালয়েশিয়াকে একটি উন্নততর অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে সরকার ব্যাপক উদ্যোগও গ্রহণ করেছে। ঐ সময়কালে বাজেটে ভারসাম্য আনয়নের বিষয়টিও অগ্রাধিকার পাবে। উল্লেখ্য, অর্থনৈতিক ক্ষেত্রে মালয়েশিয়ায় নিম্নমুখী ধারা বজায় ছিল। গত বছর ৪.৫ ভাগ ঘাটতি ছিল। কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। আশার সঞ্চার হয়েছে সারা দেশে। ইনডেক্স লাফ দিয়ে ৬.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। গত ১০ মাসের মধ্যে মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিতের মান এখন সবচে ঊর্ধ্বমুখী। অর্থনীতির বিশ্লেষকরা বলছেন, দেশের অভ্যন্তরে সরকার ও সরকারের সাথে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর লগ্নির ফলে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য দেখা যাচ্ছে। বিষয়টিকে সরকার গৃহীত পদক্ষেপের স্বীকৃতি হিসেবেও গণ্য করা যায়। প্রসঙ্গক্রমে পেট্রোনাস নামক কোম্পানিটির কথা উল্লেখ্য। এই কোম্পানিটিকে মালয়েশিয়ার পাওয়ার হাউজ হিসেবে গণ্য করা হয়। বেসরকারি এই হাউজটি সরকারের সাথে যোগাযোগ রেখেই বাণিজ্য করে। সমালোচকদের মতে, মালয়েশিয়ার অর্থনীতি নিয়ে যে গভীর আগ্রহ তার মাধ্যমে সাময়িক উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে বটে, কিন্তু অবকাঠামোগত দীর্ঘস্থায়ী প্রকল্পের দিকেও নজর দিতে হবে। সমালোচকরা আরও বলছেন যে, সরকারের প্রভূত উদ্যোগ সত্ত্বেও দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া থামানো যাচ্ছে না এবং জীবনযাত্রায় ব্যয় বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। সমালোচনার এই তীর মালয়েশিয়ার ব্যাপক ঋণ গ্রহণের কথাও মনে করিয়ে দিচ্ছে। একই সাথে যা উদ্বেগের কারণও। একথা না বললেই নয়, জিডিপি থেকে মালয়েশিয়া ৫৩ শতাংশ ঋণ নিয়েছে যা এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সর্বাধিক। বিরোধী দলীয় কোয়ালিশনের প্রতি চীনা বংশোদ্ভূতদের রয়েছে ব্যাপক সমর্থন। বিষয়টি আসিয়ান এবং অর্থনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করেছে। এক্ষেত্রে তারা ক্ষমতাসীন দলকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলেছে। তারা বলেছেন, সংখ্যাগুরু মালয়দের (যারা ভূমিপুত্র হিসেবে পরিচিত) ব্যবসায়, চাকরি ও শিক্ষাক্ষেত্রে অতিমাত্রায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরোক্ষভাবে অপচয়ের নামান্তর। স্মরণ করা যেতে পারে, ১৯৬৯ সালে সংঘটিত দাঙ্গার পরে ঐ নীতিমালা প্রবর্তন করা হয়। মালয়দের অবস্থান ও জীবনমান উন্নয়নের জন্য ঐ নীতিমালা প্রণয়ন করা হয়েছিল। কেননা মালয়রা মনে করতেন যে, ভারতীয় ও চীনা বংশদ্ভূতরা মালয়েশিয়ায় দিনে দিনে ফুলে ফেঁপে উঠছে। অর্থনীতিবিদরা মনে করছেন, মালয়েশিয়াকে যদি ২০২০ সালের প্রত্যাশিত সাফল্য পেতে হয় তাহলে সেখানে প্রকৃতই প্রতিদ্বন্দ্বিতার সমপরিবেশ সৃষ্টি করতে হবে। পুনর্নির্বাচিত সরকারকে এই হতাশার বিষয়টি গুরুত্বের সঙ্গে মোকাবেলা করতে হবে। প্রধানমন্ত্রী নাজিব রাজাক তার দলের চেয়েও জনপ্রিয়। তিনি এই অস্থিরতা হ্রাসে সক্ষম হবেন বলেই অনেকে মনে করছেন। এজন্য তাকে নীতিমালা প্রণয়নে আরও স্বচ্ছতা আনতে হবে। এর মাধ্যমে বিরোধীদের কাছে সরকারের একটি চমত্কার বার্তা পৌঁছে যাবে। এতে সন্তুষ্ট বিরোধীরা সরকারের দায়বদ্ধতা ও জবাবদিহিতার ব্যাপারে যেমন নিঃসন্দেহ হবে তেমনি সংখ্যালঘুদের ব্যাপারে সরকারি প্রতিষ্ঠানসমূহের অবিচার রহিত হবে বলেও তারা আশ্বস্ত হবে। এই প্রেক্ষাপটে সরকারের একটা পরীক্ষাও হয়ে যাবে। কেননা বর্ধিষ্ণু পর্যটন শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে দেশবাসীর সকলেরই প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে সমান সুযোগ থাকা উচিত। আর সংকট নিরসনে এই পদক্ষেপ খুবই জরুরি। পেনাংয়ের সাফল্য এবং সেখানে জাতীয় অর্থনৈতিক নীতিমালার পরিণতির কথা সকলেরই জানা। কিন্তু পেনাংয়ের ভবিষ্যত্ যতই সম্ভাবনাপূর্ণ হোক না কেন এ ব্যাপারে সর্তকতার সাথে পর্যালোচনা করতে হবে। চীনা সম্প্রদায় বেসরকারি খাত নিয়ন্ত্রণ করে। তারা সতর্কতার সাথে সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেই। তারা ইতিমধ্যেই আভাস দিয়েছে যে, তারা ‘সেলফ মেইড’। যদিও বিভিন্ন ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার পাওয়া থেকে তারা বঞ্চিত। মালয়েশিয়ার শনৈঃ শনৈঃ উন্নতি মানেই বাংলাদেশিদের সেখানে কাজের ব্যাপক ক্ষেত্র প্রস্তুত হওয়া। অর্থনৈতিক শক্তি হিসেবে মালয়েশিয়ার অভ্যুদয় এই অঞ্চলের স্থিতিশীলতা ও অংশীদারিত্বের ক্ষেত্রেও অবদান রাখবে। এ প্রসঙ্গে ফাইনান্সিয়াল টাইমসের মন্তব্য প্রণিধানযোগ্য। পত্রিকাটি লিখেছে ৩ কোটি মানুষের সাফল্যের কাহিনীকে ‘দ্য আলটিমেট সাকসেস স্টোরি’ হিসেবে বর্ণনা করা যায়। উল্লেখ্য, মালয়েশিয়ার ব্যাপক সংখ্যক মধ্যবিত্ত শিল্পভিত্তিক জগতের সাথে তাদের সম্পৃক্ততা গড়ে তুলেছে। যদিও তাদের রয়েছে জটিলতম গোত্রগত মিশ্রণ ও সহাবস্থান। ভাষান্তর :কায়কোবাদ মিলন লেখক :সাবেক রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক বিশ্লেষক [email protected]