ইংরেজি আন্তর্জাতিক ভাষা। আধুনিক বিশ্বে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো ইংরেজি। ইংরেজি বিষয় নিয়ে আমাদের সকলের মধ্যে কমবেশি আতংক কাজ করে। ছাত্র, শিক্ষক, এমনকি অভিভাবক মহলেও। কিন্তু আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষার গুরুত্ব এবং প্রাত্যহিক জীবনে ইংরেজি ভাষার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রাতিষ্ঠানিকভাবে প্লে-নার্সারি শ্রেণি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি অর্জনে ইংরেজি ভাষা শিক্ষা গ্রহণ অপরিহার্য। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনে নয়, অফিসিয়াল ভাষা হিসেবেও ইংরেজি ভাষার ব্যবহার বা গুরুত্ব অপরিসীম।
পরিসংখ্যানে দেখা যায় যে, প্রায় ৩৫০ মিলিয়ন (৩৫ কোটি) লোক প্রথম ভাষা হিসেবে এবং ৩০০ মিলিয়ন (৩০ কোটি) লোক দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিতে কথা বলে। বিশ্বের ৬০ টিরও বেশি দেশে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা সংগঠনের কাজে ইংরেজি ভাষা গুরুত্বের সাথে ব্যবহূত হয়। আন্তর্জাতিক সম্প্রদায় এবং ব্যবসায়িক বিশ্বের সদস্যদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহারের কোন বিকল্প নেই। ইন্টারনেট ইমেইল, কম্পিউটার, মোবাইল ফোন তথা আধুনিক প্রযুক্তির সকল ক্ষেত্রে ব্যবহারের একমাত্র ভাষা ইংরেজি।
কিন্তু আমাদের দেশে শিক্ষার্থীরা ইংরেজি ভাষা ব্যবহারে খুবই দুর্বল। ইংরেজিতে ভালো নম্বর পেয়ে পাস করেও তারা কর্মক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহারের দক্ষতা দেখাতে পারে না। কারণ তারা ইংরেজি ভাষা শিখে, ভাষা অর্জন করে না। বিদেশি ভাষা হিসেবে প্রথমেই তাদের মধ্যে একটি ভীতি কাজ করে। তাছাড়া যে কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো আমাদের দেশের ছাত্র-ছাত্রীরা ইংরেজি পড়ে পরীক্ষায় পাস করার জন্য, ইংরেজি শেখা বা জানার জন্য নয়। খুব অল্প সংখ্যক ছাত্র-ছাত্রী পাওয়া যাবে যারা আগ্রহের সাথে ইংরেজি পড়ে।
অধিকাংশ ছাত্র-ছাত্রী চায় যেনতেনভাবে পরীক্ষায় পাস করতে। অনেকে আবার নোটবই গাইড বই মুখস্থ করে পরীক্ষায় পাস বা ভালো নম্বরও পেয়ে থাকে। কিন্তু ইংরেজিতে একটি সহজ Sentenceও বলতে বা লিখতে পারে না (মুখস্থ বিদ্যা ছাড়া)। কারণ ইংরেজি অনেক শিক্ষার্থীর কাছেই আনন্দহীন মনে হয়। তারা ইংরেজি পড়ে বাধ্য হয়ে— আনন্দচিত্তে বা স্বতঃস্ফূর্তভাবে নয়। কিন্তু ভাষা বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, একটি ভাষা শিক্ষা করার চেয়ে তা অর্জন করা অধিকতর সফল ও দীর্ঘস্থায়ী। বিখ্যাত লেখক- L.A.G Strong তার “Reading for Pleasure” প্রবন্ধে বলেছেন, আমরা যা কিছু পড়ি তা যেন আনন্দের সাথে পড়ি। কারণ A book is not like a medecine, যা তিক্ত হলেও খেতে হবে।
Communicative English-এ মুখস্থ বিদ্যা অচল। বর্তমানে ইংরেজিতে ভালো করতে প্রয়োজন Basic Grammar এবং Free Writing skill, যার সাথে সম্পর্ক হলো: Vocabulary অর্থাত্ Word meaning, Synonym (সমার্থক শব্দ) Antonym (বিপরীতার্থক শব্দ), Parts of speech, Tense, Verb-এর গঠন এবং ব্যবহার, Article, Preposition-এর সঠিক প্রয়োগ। সেইসাথে ইংরেজি ভাষার চারটি বিষয়ের উপর দক্ষতা অর্জন অপরিহার্য এবং তা হলো: Reading, Writing, Listening এবং Speaking. সুপ্রিয় পাঠক ইংরেজি শুধু পড়লে বা জানলে হবে না, বিভিন্ন পরিবেশে তার বাস্তব ব্যবহার (Practice) করতে হবে যথেষ্ট পরিমাণে।
লেখক : সহ-অধ্যাপক, ইংরেজি, ধনবাড়ী কলেজ, টাঙ্গাইল
