আলোকপাত

মন্দের ভাল কিছু ঘটনা আশা জাগায়

আপডেট : ১৫ মে ২০১৩, ২১:৩৭
তের সংখ্যাটি নাকি আন-লাকি। ২০১৩ সালও কি তাই? আন-লাকি হলেও অনেক অঘটনের মধ্যেও কিছু কিছু ঘটনা জনমানুষের মনে আশার সঞ্চার করে। পয়লা বৈশাখে মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার শুভেচ্ছা কার্ড বিনিময় একটি উত্সাহব্যঞ্জক ঘটনা। সাভার দুর্ঘটনায় উদ্ধার কার্যের সুবিধার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিরোধী দলের নেতা হরতাল প্রত্যাহার করেন এবং প্রধানমন্ত্রী তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন। কি সুন্দর সৌহার্দ্য ও সহমর্মিতা। আমরা সাধারণ জনগণ শান্তিতে বসবাস করার জন্য এটুকু সৌজন্য, সৌহার্দ্য ও পরস্পর সম্মানবোধ দেখে ধন্য হয়েছিলাম। রানা প্লাজা ধসে মৃত্যুমুখী শাহীনাকে উদ্ধার করতে যেয়ে উদ্ধারকর্মী আজিজ জীবন দিলো। শাহীনার মত এক অজানা-অচেনা তুচ্ছ গার্মেন্টসকর্মীকে বাঁচানোর প্রয়োজন ছিল না, কিন্তু বিবেক ও মানবতাবোধ, অসহায় মানুষের আকুতি আজিজকে জীবন বাজি রেখে শাহীনাকে উদ্ধার করতে উদ্বুদ্ধ করেছিল। তাই আজিজের মহত্ত্ব আমাদের মনে চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে। এ দেশের রাজনীতির মাঠে এরকম হাজারো আজিজ জন্মগ্রহণ করুক। রানা প্লাজা ধসের ১৭তম দিনে এক রেশমাকে জীবিত উদ্ধার করা হলো। অলৌকিক এ ঘটনায় অভিভূত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা উদ্ধারকর্মীদের অভিনন্দন জানালেন এবং ছুটে গেলেন রেশমাকে দেখতে। এখানেও দুই নেত্রীর মানবতার প্রতি অকৃত্রিম দরদ ফুটে ওঠে। আমরা জনগণ দেখে আনন্দিত হই। রানা প্লাজা ধসের ঘটনা গার্মেন্টস শিল্পে এক অভূতপূর্ব ভয়াবহতম বিপর্যয়। মৃত্যুর সংখ্যা হয়তো ১২০০-তে গিয়ে পৌঁছাবে। আর পঙ্গু ও অঙ্গহীনের সংখ্যা ২৫০০ হলেও এদের ভবিষ্যত্ অন্ধকারাচ্ছন্ন জীবন এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের হাজার হাজার পোষ্যদের মানবেতর জীবনের কথা ভাবলে মন ভারাক্রান্ত হয়ে ওঠে। যাদের মা-বাবা, ছেলে-মেয়ে, স্বামী বা স্ত্রী , ভাই বা বোন মারা গেলো ওদের মনের রক্তক্ষরণ গলিত লাশটি পেয়ে থেমে যাবে কি?। অশ্রুবর্ষণ ওদের কোনদিন বন্ধ হবে না। অথচ এই হূদয়বিদারক ঘটনাকে অর্থমন্ত্রী বল্লেন- “সাভার দুর্ঘটনা তেমন ভয়াবহ নয়”। তবে কি আরও ভয়াবহ দুর্ঘটনা দেখলে তার মুখ থেকে সহানুভূতির বাণী বেরোবে ? একই মন্ত্রী ৪,০০০ কোটি টাকার হলমার্ক কেলেঙ্কারিকে ‘তেমন কিছু নয়’ বলে আখ্যায়িত করেছিলেন। এ ঘটনা সারাবিশ্বকে জাগিয়ে তুলেছে, বিদেশি ক্রেতারা বাংলাদেশ-বিমুখ হয়ে অন্য দেশে থেকে পোশাক কিনতে শুরু করেছেন, অর্ডারের পরিমাণ প্রায় ৩০% কমে গিয়েছে, জিএসপি সুবিধা প্রত্যাহার করার জন্য যুক্তরাষ্ট্র সুযোগ খুঁজছে, অর্থনীতিকে ভঙ্গুর করে তুলেছে। অথচ আমাদের অর্থমন্ত্রী এখনও বলছেন সাভারের ঘটনা নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। তবে সুখের কথা এখন বিদেশি ক্রেতারাই অসহায় দরিদ্র গার্মেন্টস কর্মীদের নিরাপত্তার জন্য অর্থ সংগ্রহ বা বরাদ্দ দেয়ার আশ্বাস দিচ্ছে। রানা প্লাজার ধসের মত ঘটনা আরও ঘটতে পারে যদি হাজার হাজার চিহ্নিত ঝুঁকিপূর্ণ ইমরাত রাজউক কর্তৃক ভেঙ্গে ফেলা না হয়। কিন্তু ঘটনা বিপরীত দিকে মোড় নিল তখনই যখন প্রধানমন্ত্রী নির্বাচন পদ্ধতি আলোচনার জন্য বিরোধী দলের নেতাকে সংলাপে আহ্বান জানালেন অথচ তিনি সংলাপে আসা তো দূরে থাক, বরং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি মেনে নিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিলেন। ঘটনা আরও খারাপের দিকে গেল যখন বিএনপি নেত্রী হেফাজতে ইসলামের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের আহবান জানালেন। এর পরের ঘটনা কাম্য ছিল না, কিন্তু হেফাজতে ইসলামের বাড়াবাড়ি সরকার সহ্য করবে কেন। বাড়াবাড়ি, সহিংসতা করা কোনভাবেই কাম্য হতে পারে না। দেশে শান্তির জন্য, জনমানুষের নির্বিঘ্নে চলাফেরা করার জন্য, অর্থনীতিকে বাঁচানোর জন্য সরকার ও বিরোধী দলসমূহ, সবারই সহনশীলতা দেখানো ও সামান্যতম ত্যাগ স্বীকার করা উচিত। আশার কথা মাননীয় প্রধানমন্ত্রী আবার সংলাপের আহবান জানিয়েছেন। কিন্তু একই সময়ে আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন- আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী একটি শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। ইতোপূর্বে নাসিম বলেছিলেন- জামায়াতে ইসলামকে বাদ দিয়ে বিএনপিকে সংলাপে আসতে হবে। এখানে প্রধানমন্ত্রীর নিঃশর্ত আহবান বড়, না নাসিমের ভাষ্য অধিক শক্তিশালী, এটা প্রশ্নসাপেক্ষ। নির্বাচন খুব দূরে নয়। হরতাল, সহিংসতায় ইতোমধ্যে দেশের অর্থনীতির ক্ষতি হয়েছে, জনগণের অনেক ভোগান্তি ঘটেছে। এখন প্রয়োজন দুই প্রধান দলের মধ্যে কিছুটা সমঝোতা ও সহনশীলতা। লেখক :এফসিএ ও কথাশিল্পী