ক্রিকেট বোর্ডের বারান্দায় দাঁড়িয়ে মাঠের দিকে চেয়ে কথা বলছিলেন দুই পেসার; দু জনের চোখেই স্বপ্ন। একজনের চোখে স্বপ্নের মতো জিম্বাবুয়ে সফরের বোলিংটা ধরে রাখার স্বপ্ন। আরেক জনের চোখে আরেকবার ইনজুরিকে হারিয়ে মাঠে ফেরার স্বপ্ন। দু’জনের স্বপ্ন পূরণ হওয়াই বাংলাদেশের জন্য জরুরি। কারণ এই দুই পেসার হলেন—হঠাত্ নিজেকে আবিষ্কার করা রবিউল ইসলাম ও বাংলাদেশের সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা!
রবিউলের স্বপ্নটা ধরে রাখা নিজেরই হাতে। কিন্তু মাশরাফির ক্ষেত্রে ব্যাপারটা তা নয়। মাঠে ফেরার স্বপ্ন দেখছেন অনেকদিন ধরেই। ব্যাথার হাত থেকে মুক্তি পাচ্ছেন না, চিকিত্সকের ছাড়পত্র পাচ্ছেন না বলে মাঠে ফেরা হয়নি জিম্বাবুয়ে সফরেও। অবশেষে সেই রবিউলের পাশে দাঁড়িয়েই কাল সুখের সংবাদটা শোনালেন—ব্যথা আর নেই, এখন দ্রুতই মাঠে ফিরতে পারবেন।
কাল বিসিবি’র চিকিত্সক দেবাশিষ চৌধুরী তাকে সুখবর শুনিয়েছেন—একমাসের মধ্যে বোলিংও শুরু করতে পারবেন তিনি। এই খবর শোনানোর পাশাপাশি দেশের ক্রিকেটভক্তদের একটু আফসোসও বাড়িয়ে দিয়েছেন চিকিত্সক। বলেছেন, এই অবস্থা থাকলেও জিম্বাবুয়ে সফরে যেতে পারতেন মাশরাফি, ‘মাশরাফির এখন যে অবস্থা সেটি যদি জিম্বাবুয়ে সফরের দুই সপ্তাহ আগে থাকতো, তাহলে তিনি খেলতে পারতেন। আজ (কাল) তাকে পর্যবেক্ষণ করেছি। এখন আর ওর ব্যথা নেই। ব্যথা থাকলে তাকে ইনজেকশন দিতে হতো; সেটা আর করতে হচ্ছে না।’
এখন প্রায় নব্বইভাগ সুস্থ বলে নিজেও দাবি করলেন মাশরাফি। তাই আগামী দু’মাসের মধ্যে ক্রিকেটও খেলতে পারবেন বলে স্বস্তি পাচ্ছেন। আফসোস নেই জিম্বাবুয়ে সফরে খেলতে পারেননি, তবে ঘরে বসেই দেখেছেন বাংলাদেশের টেস্ট সিরিজ ড্র ও ওয়ানডে সিরিজ পরাজয়। সফরটাকে খুব বেশি নেতিবাচক ভাবতে নারাজ জাতীয় দলের সেরা এই পেসার, ‘আমি সফরটাকে খুব বেশি হতাশাজনক বলবো না। ওয়ানডে ম্যাচে যেদিন যে ভালো খেলবে তারাই জিতবে। তবে প্রথম টেস্ট হারাটা হতাশাজনক ছিল। এছাড়া আমি বলবো খুব বেশি খারাপ হয়নি।’
জিম্বাবুয়ে সফরে সাকিব-তামিমের পারফর্মেন্স নিয়েও প্রশ্ন উঠেছে। গুঞ্জন উঠেছে, আইপিএল না খেলার কারণে জিম্বাবুয়ে সফরে সাকিব-তামিমের মনোযোগ কম ছিল। জাতীয় দলের এই পেসার এসব গুঞ্জনে ঘোর আপত্তি জানিয়েছেন, ‘দীর্ঘদিন না খেলার পর সাকিব জিম্বাবুয়ে খেলতে গেছে। সেও তো মানুষ। আপনি চাইলে তো সে সব সময় পারফর্ম করতে পারবে না। তামিমও ইনজুরি থেকে ফিরে খেলতে গেছে। এখানে তাদের উপর দোষ দিয়ে তো লাভ নেই।’
জিম্বাবুয়ে থেকে বাংলাদেশ হতাশা নিয়ে ফিরে এলেও কিছুটা তৃপ্তি অবশ্যই রয়েছে। তৃপ্তির বড় একটা অংশ জুড়ে রয়েছে রবিউল ইসলাম শিপলুর নাম। কারো ইনজুরি কেবলমাত্র জাতীয় দলে ঢুকতে পারেন এই পেসার। এবারো শফিউল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা এবং নাজমুল হাসানের ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরে শিপলু দলে ঢুকলেন। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের পর জাতীয় দলে নিয়মিত ছিলেন না তিনি। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয়ে গেল তার। শ্রীলংকা সফরে একটি টেস্ট খেলার সুযোগ পেয়ে নিয়েছিলেন চার উইকেট। জিম্বাবুয়ে সফরে দুই টেস্টে চার ইনিংসে ১৫ উইকেট তার। শিপলুর এই পারফর্মেন্সে মুগ্ধ মাশরাফি, ‘রবিউল খুবই ভালো বল করেছে। এটা ওর প্রাপ্য ছিল’।
সিনিয়র মাশরাফির কাছ থেকে এই প্রশংসা পেয়ে আনন্দ যেন লুকাতে পারেননি শিপলু। কারণ মাশরাফিই তার আদর্শ। কাল বিসিবির বারান্দায় দাঁড়িয়ে মাশরাফির সামনেই মন খুলে বলে দিলেন, ‘মাশরাফি ভাই আমার আদর্শ। আমি তার খেলা অনুসরণ করি। এখন আমি আরো ভালো করতে চাই। এই ধারাবাহিকতা যেন বজায় থাকে’।
ধারাবাহিকতা ধরে রাখাটা আসলেই চ্যালেঞ্জ তার। হয়তো ভবিষ্যতে একাদশে জায়গার জন্য আইডল মাশরাফির সঙ্গেই লড়তে হবে তার। তাই নিজেকে নিয়মিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলছেন, ‘আমি চেষ্টা করেছি ভালো খেলতে। দলের বাইরে থেকেও নিজের ফিটনেস ধরে রাখার জন্য চেষ্টা করেছি। সামনেও ভালো খেলার চেষ্টা করবো’।
তেমন হলে বাংলাদেশেরই উপকার। অন্তত সংকটে থাকা পেস বোলিং নিয়ে দুশ্চিন্তাটা একটু কমে।
