বিশ্ব ফুটবলে কোচদের তালিকা করলে শুরুতেই থাকবে তার নাম; ভিন্ন দু’টি ক্লাবের হয়ে তিনি জয় করেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এছাড়া চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ আর রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার শিরোপা জয় তো আছেই। আর এতো সব কীর্তির জন্যই কিনা পর্তুগীজ কোচ হোসে মরিনহো বিশ্বসেরা কোচ বলে স্বীকৃতি দিলেন তার সাবেক শিষ্য ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, ‘খেলোয়াড়দের সাথে কেমন ব্যবহার করতে হয়, কিভাবে তাদের কাছ সেরা খেলাটা বের করে আনা যায় সেটা কেবল একজন অভিজাত কোচই জানেন। মরিনহো তাদেরই একজন; তিনি বিশ্বসেরা।’ রিয়াল মাদ্রিদের হয়ে গত বছর লা লিগার শিরোপা জয়ের পর এই বছর বলার মতো কোন সাফল্য নেই মরিনহোর। তাই আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে তাকে। আর সেটা চেলসি হলেও অবাক হওয়ার কিছু নেই।
