একমাস ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন নাজমুল হোসেন। কিন্তু তার চিকিত্সার ব্যাপারে বিসিবি যেন নীরব দর্শক। বিসিবির ডাক্তারের পরামর্শ অনুযায়ী নাজমুলকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা থাকলেও খরচের পরিমাণ বেশি থাকায় বিসিবি ‘ধীরে চল নীতি’ গতিতে চলছে। কাল জানা গেল, ভারতে নাজমুলের চিকিত্সা করাতে কেমন খরচ হবে তা মেডিক্যাল টিমের কাছে জানতে চেয়েছে ক্রিকেট বোর্ড। বিসিবির ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন, ‘ভারতে কেমন খরচ হবে তার একটা হিসাব আমরা দিয়েছি। তবে নাজমুলের অস্ট্রেলিয়ার ভিসার নেয়া আছে। বিসিবি বললেই তাকে সেখানে পাঠিয়ে দেয়া হবে।’
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, আবুল হাসান রাজু, রুবেল হোসেনদের চিকিত্সা হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায়। কিন্তু নাজমুলের চিকিত্সার ব্যাপারে বিসিবি গড়িমসির কারণ কি হতে পারে এমন প্রশ্নও উঠেছে। এমনকি জিম্বাবুয়ে সফর শেষে জাতীয় দলের দুই খেলোয়াড় নাসির হোসেন ও শফিউল ইসলাম দক্ষিণ আফ্রিকায় গেছেন চিকিত্সা করাতে। এটা কি নাজমুলের প্রতি বৈরি আচরণ নয়? তবে বিসিবির ডাক্তার ব্যাখ্যা দিলেন এভাবে, ‘সাকিবের যে ইনজুরি সেটা অস্ট্রেলিয়া ছাড়া সম্ভব নয়। দক্ষিণ আফ্রিকায় রুবেলের কাঁধে অস্ত্রোপচার হয়েছে সেটা ভারতে হয় না। তামিমেরও একই অবস্থা। কিন্তু নাজমুলের হাঁটুর এই চিকিত্সা আছে ভারতে। তবে ভারতে নিয়ে যাওয়া হবে কিনা সেটা এখনো ঠিক হয়নি’। নাম প্রকাশ অনিচ্ছুক এক খেলোয়াড় এ প্রসংগে বলেন, ‘নাজমুলকে নিয়ে বোর্ড কেন এত ভাববে? তার জায়গায় যদি সাকিব কিংবা অন্য কেউ থাকত তাহলে বোর্ড কি এরকম গড়িমসি করতে পারতো?’
