আউটডোরে ভয় নির্মাতাদের

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:০৯
বৈরী আবহাওয়া আর রাজনৈতিক অস্থিরতার কারণে অধিকাংশ চলচ্চিত্র ও নাটকের শ্যুটিং ইউনিট এখন ঢাকার বাইরে আউটডোরে যেতে চায় না। তবে বৈরী আবহাওয়ার বিষয়টা নিয়মিত বিবেচ্য হলেও রাজনৈতিক অস্থিরতায় মূলত এখন ভয় পাচ্ছেন নির্মাতা কলাকুশলীরা। সম্প্রতি চাষী নজরুল ইসলাম এর ‘ভুল যদি হয়’ চলচ্চিত্রের ইউনিট বৈরী আবহাওয়ার কারণে আটকে টানা দুইদিন শুটিং বন্ধ থাকে। এছাড়াও দেবাশীষ বিশ্বাসের ‘ভালবাসা জিন্দাবাদ’ চলচ্চিত্রটিও আটকে থাকে রাঙামাটিতে। ভুল যদি হয় চলচ্চিত্রে অভিনয় করেছেন নায়করাজ পুত্র সম্রাট, ইমন, আলিশা, দোলাসহ অনেকে। এছাড়া একাধিক শ্যুটিং ইউনিট কাজ শেষ করে বিশাল ক্রেন ও ক্যামেরাসহ মূল্যবান ইক্যুয়িপমেন্ট নিয়ে ঢাকায় ফিরতে পারছেন না একের পর এক ডাকা হরতালের কারণে। এ প্রসঙ্গে চাষী নজরুল ইসলাম বলেন, ‘এ সবকিছুরই একটি সিস্টেম থাকা উচিত। আমি মনে করি শুটিং ইউনিটের গাড়িও হরতালের আওতামুক্ত করা উচিত। কারণ একদিন আটকে থাকলে বা শুটিং বাতিল হলে লাখ লাখ টাকা লোকসান হয়ে যায়।’