“অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় এমন প্রতিষ্ঠানসমূূহের উপকার ও ভবিষ্যত্ উন্নতির জন্যই অর্থনৈতিক শুমারি-২০১৩ পরিচালিত হচ্ছে। শুমারিতে প্রাপ্ত তথ্য অত্যন্ত গোপনীয়তার সাথে সংরক্ষণ করা হবে। করারোপ সংক্রান্ত কোনো কাজে শুমারির তথ্য ব্যবহার করা হবে না।
দেশব্যাপী অনুষ্ঠিত কৃষি বহির্ভূত অর্থনৈতিক শুমারি-২০১৩ এর দ্বিতীয় পর্বের গণনা কাজ শুরুর প্রাক্কালে আগারগাঁওয়ের পরিসংখ্যান ব্যুরো আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) এ কে খন্দকার বীর উত্তম এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ আজ এক শক্তিশালী অর্থনৈতিক ভিতের উপর প্রতিষ্ঠিত। গার্মেন্টস, ওষুধ ও জাহাজ শিল্পে আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। আমাদের লেদার গুডস্ আজ বিশ্বময় ছড়িয়ে পড়েছে। কৃষি বহির্ভূত এসব খাতের কাঠামোগত পরিবর্তন এবং অর্থনীতিতে অবদান নিরূপণই অর্থনৈতিক শুমারির মূল উদ্দেশ্য। তিনি গণনাকারীদের নির্দিষ্ট সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।
উল্লেখ্য, অর্থনৈতিক শুমারির ২য় পর্বের গণনা ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত রাজধানীসহ দেশের ২৭টি জেলায় চলবে। প্রথম পর্বে ৩৭টি জেলার গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে। সংবাদ সম্মেলনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমান, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল ও অর্থনৈতিক শুমারি-২০১৩-এর প্রকল্প পরিচালক দিলদার হোসেন বক্তৃতা করেন। শুমারির ফলাফল এ বছরের শেষ নাগাদ প্রকাশ করা হবে বলে এ সময় জানানো হয়।
