বাসের ধাক্কায় আহত ও পরিবহন শ্রমিকদের হাতে শিক্ষার্থীদের লাঞ্ছিত হবার প্রতিবাদে বনানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অভিযুক্ত বাস চালক ও হেলপারকে গ্রেফতারের দাবিতে বুধবার শিক্ষার্থীরা বনানীর কাকলী মোড়ে সড়ক অবরোধ করে। ফলে দুপুর ১টা-২টা পর্যন্ত ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে। আশপাশ এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। পুলিশ কর্মকর্তাদের আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। পরে শিক্ষার্থীরা পরিবহন শ্রমিকদের গ্রেফতারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পুলিশ জানায়, ১৩ মে বনানীর রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুয়েল ও রেজা আহত হন। এসময় তাদের কয়েকজন সহপাঠী বাসে উঠে প্রতিবাদ করলে ঐ বাসের চালক ও হেলপার তাদেরকে লাঠি দিয়ে প্রহার করে নিচে ফেলে দেয়।
