আবাসিক গ্রাহকদের নতুন গ্যাস সংযোগ দেয়ার বিষয়ে জ্বালানি বিভাগ এবং পেট্রোবাংলা শুরুতেই সমন্বয়হীন হয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে। পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর নির্দেশনা মত সিদ্ধান্ত নিয়ে গ্যাস সংযোগ বিষয়ে কাজ শুরু করেছে। অন্যদিকে জ্বালানি বিভাগের কমিটি এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে আজ বৃহস্পতিবার বৈঠক ডেকেছে।
পেট্রোবাংলা তার অধিনস্ত বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে এবং মঙ্গলবার থেকেই আবেদন নেয়া শুরু করেছে। আর জ্বালানি বিভাগের কমিটি আজ বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপকদের সঙ্গে বৈঠক করবে।
সোমবার গ্যাস সংযোগের বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুরের সভাপতিত্বে বৈঠকে আগামী ৩০ মে’র মধ্যে সব অবৈধ সংযোগ বৈধ করা এবং গত মঙ্গলবার থেকে নতুন আবেদন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে পেট্রোবাংলার সব পরিচালক এবং পাঁচ বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।
জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব মোস্তফা কামালকে আহবায়ক করে জ্বালানি বিভাগ থেকে গত সপ্তাহে গ্যাস সংযোগ বিষয়ে একটি কমিটি করা হয়। এই কমিটিই আজ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সভাকক্ষে বৈঠক আহবান করেছে। পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন), পাঁচ বিতরণ কোম্পানি মহাব্যবস্থাপক (প্রশাসন) এই কমিটির সদস্য। বৈঠকের বিষয়ে চিঠিও দেয়া হয়েছে সকল সদস্যের কাছে। যদিও সেই চিঠির অনুলিপি ঐ সদস্যদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে দেয়া হয়নি। এমনকি এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান এবং বিতরণ কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কিছুই জানানো হয়নি।
