বিপর্যয় একেবারে ঘাড়ের উপর আসিয়া না পড়িলে যে আমাদের বোধোদয় হয় না তাহার উদাহরণ ভূরি ভূরি। আর ইহার পরিণাম কতোখানি মর্মান্তিক হইতে পারে—সাভারে রানা প্লাজা নামক নয়তলা ভবনটি ধসিয়া পড়ার ঘটনায় তাহা আবারও স্পষ্ট হইয়া গিয়াছে। পাহাড় ধসের অভিজ্ঞতাও ভিন্ন নহে। চট্টগ্রামে ২০০৭ সালে পাহাড় ধসিয়া এক রাত্রেই ১২৭ জন মানুষ প্রাণ হারাইয়াছিল। আহত হইয়াছিল অনেকেই। তখন যথারীতি সরকার ও প্রশাসনের নিদ্রাভঙ্গ হইয়াছিল। শুরু হইয়াছিল ব্যাপক দৌড়ঝাঁপ। গঠিত হইয়াছিল একাধিক কমিটি। দেওয়া হইয়াছিল অনেক প্রতিশ্রুতি। তন্মধ্যে সবচাইতে বড়ো প্রতিশ্রুতিটি ছিল—অনুরূপ অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে অবিলম্বে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস বন্ধ করা হইবে। পাহাড়ে বসবাসকারী দরিদ্র ও অসহায় পরিবারগুলিকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হইবে নগরীর বিভিন্ন সুবিধাজনক স্থানে। সেই দুর্ঘটনার পর প্রায় অর্ধযুগ অতিবাহিত হইয়া গিয়াছে। এই সময়ে প্রায় প্রতিবত্সরই পাহাড় ধসের ঘটনা ঘটিয়াছে চট্টগ্রাম মহানগর ছাড়াও কক্সবাজার ও বান্দরবানসহ বৃহত্তর চট্টগ্রামের একাধিক জেলায়। সেইসব দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারাইতে হইয়াছে আরও প্রায় দুইশত মানুষকে। কিন্তু পাহাড়ের সেই ভয়ঙ্কর মৃত্যুকূপগুলি অপসারণের কার্যকর কোনো উদ্যোগ গৃহীত হয় নাই অদ্যাবধি। এখনও শুধু চট্টগ্রাম মহানগরের ১৩টি পাহাড়ে চরম ঝুঁকির মধ্যে বসবাস করিতেছে প্রায় এক হাজার পরিবার।
অথচ জনগণের নিরাপত্তা দেখভালকারী কর্তৃপক্ষের কোনো অভাব নাই। জেলা প্রশাসন আছে, সিটি কর্পোরেশন আছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আছে, আছে পরিবেশ অধিদপ্তরসহ আরও নানা প্রতিষ্ঠান। সর্বোপরি, ২০০৭ সালের মর্মন্তুদ দুর্ঘটনার পর সকল সংস্থার সমন্বয়ে গঠিত পাহাড় ব্যবস্থাপনা কমিটি তো আছেই। তবে অপ্রিয় সত্যটি হইল, ঝড়-বৃষ্টির মৌসুম আসিলেই কেবল তাহারা নড়িয়া-চড়িয়া বসেন। এইবারও ঠিক তাহাই ঘটিয়াছে। গত সপ্তাহে চট্টগ্রামে টানা বৃষ্টি শুরু হওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ হইতে তড়িঘড়ি করিয়া পাহাড়ের বাসিন্দাদের সরিয়া যাওয়ার নির্দেশ দেওয়া হইয়াছে। কিন্তু সেই নির্দেশ পালিত হয় নাই। ভুক্তভোগীদের বক্তব্য হইল, এই দুর্যোগের মধ্যে পরিবার-পরিজন লইয়া তাহারা যাইবেনই বা কোথায়? প্রশাসনের পক্ষ হইতে তাহাদের অস্থায়ী পুনর্বাসনের জন্য তাঁবু খাটানোর সিদ্ধান্ত নেওয়া হইলেও তাহাতে খুব একটা সাড়া মিলিতেছে না। প্রশ্ন হইল, সময়ের কাজ সময়ে না করিলে সাড়া মিলিবেই বা কেন? পাহাড়ের অধিকাংশ বসতিই যে অবৈধভাবে নির্মিত তাহা ২০০৭ সালের দুর্ঘটনার পরই জানা গিয়াছিল। সেইখানে বিপজ্জনকভাবে ব্যবহূত বেশিরভাগ পানি, বিদ্যুত্ এবং গ্যাসসংযোগও বৈধ নহে। প্রশাসন সবই জানে এবং একেকটি দুর্ঘটনার পর সবিস্তারে তাহা দেশবাসীকে ঢাকডোল পিটাইয়া অবহিতও করিয়া থাকে। ইহার পরও প্রাণঘাতী এইসব অবৈধ বসতি এবং পানি-বিদ্যুত্-গ্যাসের সংযোগ বত্সরের পর বত্সর ধরিয়া বহাল থাকে কিভাবে—সরকারের নীতিনির্ধারক মহলই তাহা ভালো বলিতে পারিবেন।
বলা বাহুল্য, পাহাড়ের শীর্ষে কিংবা পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বৃহদংশই হইল হতদরিদ্র মানুষ। বংশানুক্রমিকভাবে বসবাসরত কিছু সচ্ছল বাসিন্দাও অবশ্য আছেন। পাহাড়ের সকল বসতিই যে সমান ঝুঁকিপূর্ণ তাহাও নহে। ইতঃপূর্বে গৃহীত পরিকল্পনা অনুযায়ী ঝুঁকিপূর্ণ পরিবারগুলিকে পর্যায়ক্রমে অন্যত্র সরাইয়া নেওয়া ছাড়া গত্যন্তর নাই। ইহা সময়সাপেক্ষ ব্যাপার। কারণ ইহার সাথে বিপুলসংখ্যক পরিবারের পুনর্বাসনের প্রশ্ন জড়িত। তবে এই মুহূর্তের বাস্তবতা একেবারেই ভিন্ন। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে মহাসেনের ছোবলে পাহাড়গুলি আরও ঝুঁকিপূর্ণ হইয়া উঠিয়াছে। যে কোনো মুহূর্তে ঘটিয়া যাইতে পারে বড়ো ধরনের দুর্ঘটনা। অতএব, শত শত মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্ন যেখানে জড়িত, সেখানে কালক্ষেপণের কোনো অবকাশ নাই। প্রশাসনের আশু কর্তব্য হইল, জরুরিভিত্তিতে ঝুঁকির মধ্যে বসবাসকারী প্রতিটি পরিবারকে অন্যত্র সরাইয়া নেওয়া। ইহার জন্য শুধু ‘লোক দেখানো’ নির্দেশ প্রদানই যথেষ্ট নহে, জননিরাপত্তার স্বার্থে প্রশাসনকে প্রয়োজনে অবশ্যই কঠোর হইতে হইবে। নিশ্চিত করিতে হইবে প্রদত্ত নির্দেশের যথাযথ বাস্তবায়নও।
