আলোকপাত

দেশে ক্ষমতা পরিবর্তনের সংস্কৃতি

আপডেট : ১৬ মে ২০১৩, ২০:৫৫
১৯৭১ সাল থেকে আজ অবধি এই দেশে ক্ষমতার জন্য বারবার যে রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে তা সংলাপের মাধ্যমে কখনো সমাধান হয়নি। প্রতিবার জনগণকে পথে নামতে হয়েছে। অগণিত প্রাণের আত্মাহুতি দিতে হয়েছে। কোনভাবেই কোন শাসক বা রাজনৈতিক দল ক্ষমতা ধরে রাখতে পারেনি। চারদিকে শুধু মানুষের মৃত্যুর দামামা বেজেছে, উদাহরণ দেবার প্রয়োজন নেই। অবশেষে মানুষের প্রত্যাশাই পূরণ হয়েছে। ক্ষমতা পরিবর্তনের এই ধারা আমাদের দেশে অব্যাহত থাকলেও উন্নত দেশগুলো এ অন্ধত্ব থেকে মুক্তি পেয়েছে অনেক আগেই। জনমানুষের মৃত্যু, দুর্ভোগ আর হাহাকার কখনই জনমানুষের মাঝে সীমাবদ্ধ থাকেনি, থাকবেও না—তা ক্ষমতাবান এবং ক্ষমতাহীন সবাইকেই গ্রাস করেছে। এটা শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর ইতিহাসে প্রমাণিত—তা রোম সাম্রাজ্যই হোক বা ইরাকের সাদ্দাম হোসেনের পতনই হোক। কিন্তু আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারিনি। এমনকি আমরা নিজেদের দেশের ইতিহাস থেকেও শিক্ষা নিতে পারিনি। বারবার একই ভুল করছি, দেশকে একটি কঠিন সময়ের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি। দেশের এই ক্রান্তিকালের অবসান হবেই, অতীতেও হয়েছে—তা সরল বা বাঁকা পথ যেভাবেই হোক। আমরা যদি এভাবেই এগিয়ে যাই তবে পরিস্থিতি যে আরো ভয়াবহ ও জটিল রূপ ধারণ করবে এ বিষয়ে কারো সন্দেহ থাকার কারণ নেই। ঘরে ঘরে, প্রতি পরিবারে প্রাণহানির আশংকা উড়িয়ে দেয়া যায় না। যারা ক্ষমতাবান বা অর্থবান, তাদের এটা ভাবার কোন কারণ নেই যে, এই ভয়াবহতা তাদের স্পর্শ করবে না। কোন দল বা নির্দিষ্ট মতাবলম্বী গোত্রকে খাটো করে দেখার অবকাশ নেই। প্রতিটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া থাকবেই। এই বোধ পশ্চিমাদের অনেক আগেই হয়েছে। ক্ষমতা পরিবর্তনের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতার কারণেই পশ্চিমা দেশগুলো এই ধরনের ক্রান্তিকালকে উত্তরণ করতে সক্ষম হয়েছে। নির্বাচনের পরে পরাজিত দল বিজয়ী দলকে শুভেচ্ছা ও অভিবাদন জানানোর সংস্কৃতি তৈরি হয়েছে। এতে উভয় দলই জয়ী। জনগণের আত্মাহুতি নেই। রাজনৈতিক নেতাদের জেল-জুলুম আর হত্যার মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তন করতে হয় না। ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে জেল- জুলুম আর হত্যার শিকার হতে হয় না। তারা জানে ক্ষমতা কোন দলেরই চিরস্থায়ী নয়। আজ পশ্চিমা দেশগুলোর রাজনীতি তাই নাগরিকের সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য। দেশে ক্ষমতা পরিবর্তনের এই সংস্কৃতির পরিবর্তন অতি প্রয়োজন। আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে কোন অর্জন নেই বললেই চলে। আমরা যদি ক্ষমতা পরিবর্তনের একটি সুস্থ ও স্থায়ী নীতি এবং সংস্কৃতি তৈরি করতে পারি, তবে তা হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তদানকারী নেতৃবৃন্দের সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই এই অর্জন লাভের একমাত্র উপায় বলে আমি মনে করি। লেখক :অস্ট্রেলিয়া প্রবাসী ই-মেইল :faruk.perth¦gmail.com