বিশ্ব ফুটবলে এমন ঘটনা বিরল যেখানে অ্যাতলেটিকো মাদ্রিদের মতো কোনো বড় দল তাদের নগর প্রতিদ্বন্দ্বীকে অনেক বছর ধরে হারাতে পারেনি। কাজেই আজ শুক্রবার সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা ডেল রের ফাইনালে দেখার বিষয় থাকবে রিয়াল মাদ্রিদকে তারা হারাতে পারে কিনা।
অ্যাতলেটিকো ১৯৯৯ সালের পর আর রিয়ালকে হারাতে পারেনি। এল ডার্বি হিসেবে পরিচিত লড়াইয়ে রিয়ালের বিপক্ষে অ্যাতলেটিকোর সাকুল্য অর্জন কেবল পাঁচটি ড্র। আজ অবশ্য আরেকটি সুযোগ আসছে রিয়ালকে হারানোর।
তিন সপ্তাহ আগে অ্যাতলেটিকো লা লিগায় দারুণ সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদকে হারানোর। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডের সাথে লড়াই করার আগে কোচ হোসে মরিনহো কম শক্তির একটি দলকে নামিয়েছিলেন অ্যাতলেটিকোর মাঠে। সেই খেলায় কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও খেলার শুরুতে গোল এনে দিলেও অ্যাতলেটিকো ২-১ গোলে হেরে যায়।
কোপা ডেল রের অন্যতম সফল দল রিয়াল মাদ্রিদ। ১৮টি শিরোপা রয়েছে তাদের; কিন্তু অন্যতম সফল দল হয়েও নিজেদের মাঠ বার্নাব্যুতে আট ফাইনালের মধ্যে ছয়টিতেই হেরেছে সাদা জার্সিধারীরা। সর্বশেষ হারটি ছিল ২০০২ সালে ডিপোর্টিভো লা করুনার বিপক্ষে। তাছাড়া অ্যাতলেটিকোর সাথে বার্নাব্যুতে অনুষ্ঠিত ১৯৬০, ১৯৬১ এবং ১৯৯২ সালের ফাইনাল তিনটিতেও হেরেছে রিয়াল।
সত্যি বলতে কি— দুই দলের কেউই এবার বার্নাব্যুতে খেলা হোক চায়নি। অ্যাতলেটিকো সভাপতি এনরিকে চেরেজো জানিয়েছেন, এবার ফাইনাল আয়োজনের দায়িত্ব ছিল তাদের। অপরদিকে নিজেদের মাঠ পয়মন্ত নয় বলে রিয়াল চেয়েছিল বার্সেলোনা, ভ্যালেন্সিয়া কিংবা সেভিয়ার মাঠে হোক খেলা। এসব তথ্যের মধ্যেই বার্নাব্যুতে হাজির থাকবে ৩৫ হাজার অ্যাতলেটিকো সমর্থক।
কোপা ডেল রের আগের বছরের চ্যাম্পিয়ন বার্সেলোনা ইতোমধ্যে লা লিগার শিরোপা জিতেছে। এবার লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চাইতে নয় পয়েন্টে পিছিয়ে অ্যাতলেটিকো রয়েছে তৃতীয় স্থানে। রিয়ালের হয়ে ক্যারিয়ার শুরু করা অ্যাতলেটিকোর রাইট ব্যাক জুয়ানফ্রান গত মঙ্গলবার বলেন, ‘আমরা জয়ের জন্যই যাচ্ছি। সেই সাথে আমরা জানি শুক্রবার কি করতে হবে। আমাদের কোচ (দিয়েগো সিমোনে) সত্যিই জানে, ফাইনালের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে। গত মৌসুমে আমরা দুইটি জিতেছি (ইউরোপা লিগ ফাইনাল এবং উয়েফা সুপার কাপ)। তিনি সত্যিকারের বিশেষজ্ঞ।’
রিয়াল দুই সপ্তাহ ধরে খেলার বাইরে থাকা রক্ষণভাগের খেলোয়াড় সার্জিও র্যামোসের ফিটনেস ফেরানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এছাড়াও তাদের খেলতে হবে তরুণ তারকা ইনজুরির কবলে পড়া রাফায়েল ভারানেকে ছাড়া।
কোচ হোসে মরিনহোর জন্য যৌক্তিক হতো যদি তিনি পর্তুগাল ডিফেন্ডার পেপেকে খেলাতেন; কিন্তু গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে নিয়ে করা তার মন্তব্যের জন্য মরিনহো এখনো ক্রুদ্ধ পেপের উপর। ক্যাসিয়াসের সাথে মরিনহোর দীর্ঘ সময়ের বিবাদের কারণে বার্নাব্যুর পরিবেশ ভাল নয়। সেটা বোঝা যায়, মঙ্গলবার খেলোয়াড়রা ফাইনাল পূর্ব মধ্যাহ্ন ভোজে মিলিত হলেও তাতে আমন্ত্রণ জানানো হয়নি মরিনহো ও তার অনেক সহকারীকে।
রিয়াল মাদ্রিদ-অ্যাতলেটিকো মাদ্রিদ
সরাসরি রাত ১:৩০ মিনিট (টেন অ্যাকশন)
