ইউরোপাও জিতে ইতিহাস গড়লো চেলসি

আপডেট : ১৬ মে ২০১৩, ২১:৫৪
ব্রানিসলাভ ইভানোভিচ সাময়িক নিষিদ্ধ ছিলেন বলে গেল মৌসুমে চেলসির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয় দেখতে হয়েছিল বেঞ্চে বসে। এবার আর সেরকম কিছু তো হয়ইনি, বরং অতিরিক্ত সময়ে তার দর্শনীয় হেডের গোলটিতেই গত বুধবার বেনফিকাকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিলো চেলসি। চেলসি এ নিয়ে দুটি ইউরোপীয়ান শিরোপার গর্বিত অধিকারী হলো। অন্তত ২৫ মে বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটির আগ পর্যন্ত। জুয়ান মাতার কর্ণার কিক থেকে ভেসে আসা বলটি হেড করে ৯৩ মিনিটে বেনফিকার জালে বল জড়িয়ে দেন ইভানোভিচ। সার্বিয়ান এই ডিফেন্ডার নেদারল্যান্ডসের আমস্টারডামে ইউরোপা লিগের ফাইনাল শেষে বলেন, ‘আপনি যখন একবার জিতবেন, এরপর আরো একটি জিততে চাইবেন। এটা কখনোই থামবে না। এটা এমন একটা ব্যাপার যা খেলাধুলায় আপনাকে সামনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে।’ ইভানোভিচ আরো বলেন, ‘ইউরোপিয়ান ফাইনালে গোল করাটা আমার ক্যারিয়ারে অন্যতম স্বপ্ন ছিল। প্রতিটি খেলোয়াড় এই স্বপ্ন দেখে।’ চেলসির মতো একই সাথে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগের শিরোপাধারী হওয়ার কৃতিত্ব আগে কখনো কোন ক্লাব দেখাতে পারেনি। চেলসি এই প্রথম ইউরোপা লিগ জিতলো। ফলে এই জয়ের মধ্য দিয়ে তারা বায়ার্ন মিউনিখ,জুভেন্তাস এবং আয়াক্সের পর চতুর্থ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও অধুনা বিলুপ্ত কাপ উইনার্স কাপ জয়ের অনন্য কৃতিত্ব দেখালো। চেলসি কাপ উইনার্স কাপ জয় করেছিল ১৯৭১ এবং ১৯৯৮ সালে। চেলসির অন্তর্বর্তীকালীন কোচ রাফায়েল বেনিতেজ জানান, তিনি সাবেক বেনফিকা খেলোয়াড় ডেভিড লুইজকে নিয়ে অনুশীলন মাঠে গোলটির জন্য কাজ করেছেন। স্প্যানিশ এই কোচ বলেন, ‘দ্বিতীয় গোলটি ছিল এমন একটা কিছু যা আমরা অনুশীলন করেছিলাম। আমরা জানতাম তারা কিভাবে কর্ণার রুখে দেয় এবং ডেভিড লুইজ জানিয়েছিল কর্নার রুখতে তাদের সমস্যা কোথায়।’ গত নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ রর্বাতো ডি ম্যাত্তিও চাকরি হারালে দায়িত্ব পেয়েছিলেন বেনিতেজ। সেই থেকে অনেক সমালোচনার মুখে পড়েন তিনি। এই জয় প্রিমিয়ার লিগের ব্যর্থতার ক্ষতেও প্রলেপ দেবে কিছুটা। স্পেনের তারকা খেলোয়াড় ফার্নান্দো তোরেসের গোলে ৫৯ মিনিটে এগিয়ে যায় চেলসি। গোলটি করেই তিনি জ্যামাইকার অলিম্পিক রেকর্ডধারী গতিমানব উসেইন বোল্টের মত ভঙ্গিতে উদযাপন করেন। ৬৮ মিনিটে বেনফিকা অস্কার কারডোজোর পেনাল্টি গোলে সমতা ফেরায়। কিন্ু্ত ইভানোভিচের ক্ষিপ্রতার হেডে আরো একবার কপাল পোড়ে পর্তুগালের দলটির। বেনিতেজের অধীনে ২০০৪ সালে ভ্যালেন্সিয়া ইউরোপা লিগ জিতেছিল। পরের বছরেই লিভারপুলে এসে অল রেডসদের চ্যাম্পিয়ন্স লিগ জেতান তিনি। বেনিতেজ এবার চেলসিকে এই শিরোপা এনে দিতে সহায়তা করলেন। দুটি ভিন্ন দেশের ক্লাবে থেকে ইউরোপা লিগ শিরোপা জয়ী দ্বিতীয় কোচ হলেন বেনিতেজ। এর আগে এমন কৃতিত্ব দেখিয়েছিলেন তিনবারের চ্যাম্পিয়ন কোচ জিওভান্নি ট্রাপাতোন্নি। ইউরোপা লিগ যুগে বেনফিকা কখনো এই শিরোপা জিততে পারেনি। এ নিয়ে সাতবার পর্তুগীজ দলটি ইউরোপীয় ফাইনালে উঠেও খালি হাতে ফিরলো। বেনফিকার কোচ জর্জ জেসাস যারপরনাই হতাশ। তিনি বলেন, ‘৯৩ মিনিটের মধ্যে অধিকাংশ সময় চেলসির চাইতে ভাল খেলেছে বেনফিকা। বিশ্বকে বেনফিকা দেখিয়ে দিয়েছে তারাও চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য।’