তিন ক্রিকেটার ও বাজিকরদের ধরার এই দীর্ঘমেয়াদী অপারেশনে পদাধিকারবলে দায়িত্বে ছিলেন দিল্লী পুলিশের কমিশনার নিরাজ কুমার। গতকাল বিকেলে সারাদিনের কৌতূহল মেটাতে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হন এই কমিশনার। সেখানে তিনি বর্ণনা করেছেন তিন ক্রিকেটারের চাঞ্চল্যকর স্পট ফিক্সিং পদ্ধতির এবং নানা রকম রোমাঞ্চকর প্রশ্নের উত্তর দিয়েছেন। নিরাজ বলেছেন, তাদের ‘রাডার’-এ আরও অনেক খ্যাতনামা ক্রিকেটার আছেন, যারা দ্রুতই হয়তো ধরা পড়বেন!
কমিশনার নিরাজ কুমারের সংবাদ সম্মেলনের উল্লেখযোগ্য অংশ—
আসলে এই তিন ক্রিকেটারের বিপক্ষে আপনাদের অভিযোগটা কী? কিভাবে তারা স্পট ফিক্সিং করেছে?
অভিযোগ অবশ্যই প্রতারণা, স্পট ফিক্সিংয়ে অংশ নেয়া। এই ক্রিকেটারদের সঙ্গে বাজিকরদের চুক্তিটা ছিল এ রকম যে, তারা নির্দিষ্ট খেলার একটি নির্দিষ্ট ওভারে কমপক্ষে নির্দিষ্ট সংখ্যার রান দেবেন। রানটা শুধু দিলেই শর্তপূরণ হয় না। বাজিকররা এই ক্রিকেটারদের পরিষ্কার নির্দেশনা দিয়েছিল। খেলোয়াড়দের সেই নির্দিষ্ট ওভারের আগে কিছু একটা আগে ঠিক করা ইশারা দিতে হতো। সেটা হতে পারে ঘড়িটা ঘুরিয়ে পরা বা কোমরে তোয়ালে গুঁজে নেয়া বা ফিল্ডিং সাজাতে একটু বেশি সময় ব্যয় করা। এতে বাজিকর বুঝতে পারবে, বোলার প্রস্তুত।
মাঠে এ রকম ঘটনা প্রথম কবে ঘটল?
আমাদের এই তিন ক্রিকেটার জড়িত এমন ঘটনা প্রথম ঘটেছে গত ৬ মে পুনে ওয়ারিয়র্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে। চান্দিলা আগেই ফোনে হওয়া চুক্তিমতো ১৪ রান দিয়েছিল তার দ্বিতীয় ওভারে। কিন্তু ঘটনাচক্রে বেচারা ওভারের আগে সিগন্যাল দিতে ভুলে গিয়েছিল। ফলে বাজিকররা ওই ওভারটা নিয়ে বাজি ধরতে পারেনি; তাই চান্দিলাকে অ্যাডভান্স নেয়া ২০ লাখ টাকা ফেরতও দিতে হয়েছিল।
শ্রীশান্থের ঘটনাটা কী ছিল?
ওই ম্যাচে (৯ মে, কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান) সিদ্ধান্ত হয়েছিল, শ্রীশান্থ তার ওভারটার আগে ট্রাউজারে একটা তোয়ালে গুঁজে নেবে; যাতে বাজিকররা বড় অংকের বাজি ধরার যথেষ্ট সময় পায়। ঠিক কথামতো শ্রীশান্থ দ্বিতীয় ওভারটা করার আগে একটু বেশি সময় ধরে ওয়ার্মআপ করে নেয় এবং কোমরে তোয়ালে গোঁজে। পরে ১৩ রান দেয় এই ওভারে।
আর মুম্বাইয়ের ম্যাচে চাবানের ঘটনাটা...
এটা ছিল আমাদের এই অপারেশনের তৃতীয় ঘটনা। এখানে চান্দিলা মাঠে খেলেনি; কিন্তু সেই আসলে চাবান ও বাজিকরের মধ্যে যোগাযোগ রাখছিল। সে সারাদিন বসে চাবানকে রাজি করিয়েছে। চাবান অনেকবার আপত্তি করেছে। বলেছে, এতো রান দেয়া ঠিক হবে না। চাবানের সঙ্গে কথা ছিল, নিজের দ্বিতীয় ওভারে কমপক্ষে ১৩ রান দিতে হবে। এ জন্য চান্দিলা ৬০ লাখ রূপী নিয়ে এসেছিল। এই ওভারের পরে চান্দিলা বাজিকর মানানকে ফোন করে জিজ্ঞেস করে, ‘কী এখন খুশি?’
ঠিক এই মুম্বাইয়ের বিপক্ষে রাজস্থানের ম্যাচের পরই গ্রেপ্তারটা করলেন কেন?
প্রতিটা ম্যাচে আমাদের টিমের সদস্যরা মাঠে ছিলেন। তারা প্রতিটা ব্যাপার খেয়াল করেছেন। আর আমরা অপেক্ষা করেছি, সঠিক সময়ের জন্য। আমাদের কাছে সোর্স থেকে আসা খবর ছিল, মুম্বাই আন্ডারওয়ার্ল্ড এ বছর আইপিএলে স্পট ফিক্সিংয়ে অনেক টাকা বিনিয়োগ করছে এবং কিছু ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করছে; পুরো ব্যাপারটায় অপরাধজগতের হাত আছে। আমরা সে সব ক্রিকেটারকে শুরু থেকে নজরে রেখেছি। আসলে আমরা এই শেষ ঘটনাটা ঘটার অপেক্ষায় ছিলাম।
দলের মালিকরা কেউ জড়িত এ ব্যাপারে?
নাহ। অন্তত আমরা তেমন কোনো প্রমাণ পাইনি।
আন্ডারওয়ার্ল্ডের কথা বললেন? ঠিক কোন্ চক্রটা জড়িত বলবেন?
না। আমরা সেটা পুরো বলবো না। তবে এটুকু বলতে পারি, যে চক্রটার সঙ্গে বিদেশি সম্পর্ক আছে। এ কথার পক্ষে প্রমাণ আছে আমাদের হাতে।
বিদেশি বলতে দুবাই? মানে ডি-কোম্পানির দিকে ইঙ্গিত করছেন?
আমি তো এ রকম কিছু বলিনি। আমি শুধু বলেছি বিদেশি সম্পর্ক আছে। বাকি কিছু বলবো না। আসলে আমরা কোনো অনুমান করতে বসিনি। দাউদ ইব্রাহিম বা ডি কোম্পানির নাম বলার মতো প্রমাণ আমাদের হাতে নেই।
আরও গ্রেপ্তার হবে? বিদেশি খেলোয়াড়রা কেউ নজরে আছে?
না, আর গ্রেপ্তার আপাতত হবে না। বিদেশিরা নিশ্চিন্তে থাকতে পারে। তারা কেউ জড়িত না।
এই ঘটনাগুলোয় প্রতিপক্ষের ব্যাটসম্যানরা একদমই জড়িত ছিল না?
না। অবশ্যই আমরা এটা খতিয়ে দেখেছি। কোনো ব্যাটসম্যান কোনোভাবে জড়িত ছিল না।
আপনাদের কাছে তাহলে নিরেট প্রমাণটা কী?
আমাদের হাতে কয়েক শত ফোন কলের রেকর্ডিং আছে।
আইপিএলে স্পট ফিক্সিং? আমি মোটেও অবাক হইনি। এটা চলছেই
—মাইকেল ভন, সাবেক ইংলিশ অধিনায়ক
কতোগুলো ব্যক্তিমালিকানাধীন দল লাভের জন্য, টাকার জন্য এই আইপিএলে খেলে। আপনি এখান থেকে ক্রিকেট, সততা এসব আশা করলে নিজেই নিজের সঙ্গে তামাশা করছেন। আইপিএল টিআরপি বাড়ানোর একটা বিনোদন ইভেন্ট ছাড়া আর কিছু না।
—চেতন ভগত, বিখ্যাত ভারতীয় সাহিত্যিক
আমি খুবই হতাশ ও ক্ষুব্ধ। তাদের (পুলিশকে) এই অভিযোগ প্রমাণ করতে হবে। যদি খেলোয়াড়রা দোষী প্রমাণিত হয়, তাহলে তাদের আজীবন নিষিদ্ধ করতে হবে।
—সৌরভ গাঙ্গুলি, সাবেক ভারতীয় অধিনায়ক
আমি ভয়াবহ ধাক্কা খেয়েছি। আইপিএল থেকে খেলোয়াড়রা এমনিতেই অনেক টাকা পায়; অনেকে প্রাপ্যর চেয়েও বেশি পায়। এরপরও কেউ টাকার জন্য এই পথ বেছে নিতে পারে, এটা কল্পনাই করতে পারি না।
—সুনীল গাভাস্কার, সাবেক ব্যাটিং কিংবদন্তী
বিসিসিআই এরকম ঘটনা আগে ঘটলেও কখনো কঠোর পদক্ষেপ নেয়নি। তারই ফল এটা। পাকিস্তান যে কঠোর পদক্ষেপ নিয়ে দৃষ্টান্ত তৈরি করেছে, সেটাই আমাদের আগে করা উচিত ছিল। এবার পুলিশই সামলাবে ব্যাপারটা।
—কীর্তি আজাদ, সাবেক ভারতীয় ক্রিকেটার
ভারতীয় ক্রিকেটের কালো দিন। এরা নিজেদের সঙ্গে, ক্রিকেটের সঙ্গে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে। কোনোভাবেই এটা সহ্য করা যায় না।
—সৈয়দ কিরমানী, সাবেক ভারতীয় উইকেটরক্ষক
শ্রীশান্ত সবসময় বাজে কোনো কারণে সংবাদে আসে
—অ্যালবি মরকেল, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার
