বৈঠকে সমাধান খুঁজছে বিপিএল

আপডেট : ১৬ মে ২০১৩, ২১:৫৫
আয়োজক কর্তৃপক্ষ, ফ্রাঞ্চাইজি পক্ষ এবং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে ত্রিমুখী টানাপোড়েনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বন্ধ হয়ে যাওয়ার মতো গুঞ্জনও শোনা যাচ্ছিল। সমস্যার যে কোনো সমাধান হয়েছে, তা নয়। তবে সমাধানের চেষ্টায় আছে অন্তত বিপিএল গভর্নিং কাউন্সিল। সেই লক্ষ্যেই গতকাল তারা বৈঠক করেছেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান গেম অনের সাথে। বৈঠক শেষে দুপক্ষই সৌজন্য করে বললেন, আলোচনা সফল। দুপক্ষই পরস্পরের দাবি ও অভিযোগ বুঝতে পেরেছেন বলেও বললেন। কিন্তু মুশকিলটা হল, যার যার দাবিতে দুপক্ষই প্রায় অনড় অবস্থানে আছে। আর ভেতরের খবর বলছে, অবস্থান না বদলালে গেম অন ও বিপিএলের সম্পর্ক এই বৈঠকের পরও শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। চুক্তি মোতাবেক প্রথম আসর থেকে গেম অন বিসিবিকে টাকা পরিশোধ করলেও সর্বশেষ দ্বিতীয় আসরের কোনো টাকা পরিশোধ করেনি। এর কারণ হিসেবে তারা বলছে, বিসিবি ও বিপিএল কমিটির কারণেই তাদের ১৯ কোটি টাকা লোকসান হয়েছে। ফলে তাদের টাকা দেয়ার প্রশ্নটা উল্টে যাচ্ছে। গতকাল সভায় নিজেদের এই লোকসানের কথা তুলে ধরেছে গেম অন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এনায়েতুর রহমান বাপ্পী বললেন, ‘বিপিএল পরিচালনা করা দিন দিন খুবই কঠিন হয়ে পড়েছে। এবার দ্বিতীয় আসরে আমাদের প্রায় ২০ কোটি টাকার উপর লোকসান হয়েছে। বিশেষ করে পাকিস্তানি ক্রিকেটার না আসায় আমাদের লোকসানের অংকটা অনেক বেড়েছে। আমাদের সঙ্গে জিও ও আলজাজিরা টিভির চুক্তি ছিল। তাও তারা বাতিল হয়েছে পাকিস্তানি ক্রিকেটার না আসায়। তবুও আমরা বিপিএল আয়োজনে কোন ত্রুটি রাখিনি।’ তবে এই বৈঠকের পর একটু সন্তুষ্টই মনে হল বাপ্পীকে। তিনি বলছেন, ‘আলোচনা খুবই ভালো হয়েছে। বিসিবি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছে।’ একই সুরে কথা বলছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। তিনিও বললেন, আলোচনা খুব ভালো হয়েছে, ‘আমরা আজ (গতকাল) গেম অনের সঙ্গে বসেছিলাম। তাদের কাছে পাওনা পরিশোধের বিষয়ে কথা হয়েছে। তবে তারা আমাদেরকে জানিয়েছে তাদের অনেক টাকা লোকসান হয়েছে। আমরা তাদের বলেছি যে তারা যেন একটি লিখিত ভাবে সেই হিসাবটা আমাদের দেন। আর তা দিলে আমরা বোর্ডে জমা দিব। সেই ক্ষেত্রে এই বিষয়ে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’ তবে এরকম সুন্দর কথাই শেষ কথা নয় বলে মনে হচ্ছে। অন্য কিছু সূত্র বলছে, এতো কিছুর পরও গেম অন হয়তো বিপিএলের সঙ্গে থাকবে না।